Malda Crime: কাশবনে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসনালি কেটে খুনের অভিযোগ, ভয়ঙ্কর ঘটনা মালদহে
Malda Crime News: হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতনগর গ্রামের দুই মহিলা বাংলা-বিহার সীমান্ত লাগোয়া বিহারের আমেদাবাদ থানার গোবিন্দপুর এলাকায় ঘাস কাটতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই এক অজ্ঞাতপরিচয় যুবক তাঁদের পথ আটকায়। এক মহিলাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অপর মহিলা বাধা দেন।

মালদহ: কাশবনে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসনালি কেটে খুনের অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত আরও এক মহিলা। তাঁকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়েছে বলে অভিযোগ। মালদহের দৌলতনগরে ভয়ঙ্কর ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতনগর গ্রামের দুই মহিলা বাংলা-বিহার সীমান্ত লাগোয়া বিহারের আমেদাবাদ থানার গোবিন্দপুর এলাকায় ঘাস কাটতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই এক অজ্ঞাতপরিচয় যুবক তাঁদের পথ আটকায়। এক মহিলাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অপর মহিলা বাধা দেন।
অভিযোগ, তখনই ওই মহিলার ওপর হাঁসয়া নিয়ে হামলা চালায় অভিযুক্ত। রাস্তায় ফেলে তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়। এরপর অন্য মহিলাকে কাশবনের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করা হয় বলে অভিযোগ। আহত মহিলা কোনও রকমে গ্রামে ফিরে এসে ঘটনার কথা জানান। খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে ওই মহিলার দেহ দেখতে পান। পরে হরিশ্চন্দ্রপুর ও আমেদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার তদন্ত করছে দুই থানার পুলিশ।
