LPG Price Hike: রাজ্য চাইলেই বাংলায় গ্যাসের দাম বেশ কিছুটা কমতে পারে! কীভাবে বুঝিয়ে দিলেন অধীর
Adhir Chowdhury On LPG Price Hike: অধীর বলেন, "রাজ্যের কাছে আবেদন করব, গ্যাসের যে দামটা বাড়ছে, রাজ্য ক্ষতিপূরণের মতো যাতে মানুষের স্বার্থে সাবসিডি (ভর্তুকি) দেয়। সর্বত্র অনুদান দেওয়া হচ্ছে, তাহলে গ্যাসের ক্ষেত্রেও দেওয়া হোক। আপনি যদি লক্ষ্মীর ভান্ডারে মা বোনেদের জন্য পয়সা দিতে পারেন, তাহলে গ্যাসের জন্যও পয়সা দিন। কারণ গ্যাসটা তো ব্যবহার করেন মা-বোনেরাই। যাতে তাঁদের রান্নায় কোনও সঙ্কট তৈরি না হয়। আমি এটা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করব।"

মুর্শিদাবাদ: পশ্চিম এশিয়ায় সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি। আর তার জেরে মধ্যবিত্তের হেঁসেলে আগুন। এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বেড়ে গেল অনেকটা। বাংলায় গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ৬০ টাকা, তার জেরে এখন এক-একটা সিলিন্ডারের দাম হয়েছে ৯৩৯টাকা। নিম্ন মধ্যবিত্ত তো বটেই, মধ্যবিত্তদের কপালে এখন চিন্তার ভাঁজ। শনিবার থেকে এই দাম কার্যকরী হয়েছে। দাম বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের। এক লাফে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৪ টাকা বেড়েছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কালো শাড়িতে হাতা-খুন্তি হাতে রাস্তায় নামার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বক্তব্য, মুখ্যমন্ত্রী চাইলেই রাজ্যে গ্যাসের দাম বেশ খানিকটা কমতে পারে। কিছুটা হলেও স্বস্তি দিতে পারেন রাজ্যের বাসিন্দাদের। কীভাবে?
সাংবাদিক বৈঠকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “দিদি যদি মনে করেন, গ্যাসের দাম কিছুটা কমাতে পারেন। দিদি যদি ভাবেন, গ্যাসে যতটা দাম বাড়ল, ততটা যদি সাবসিডি দিই, তাহলে মানুষ সস্তার গ্যাস পাবে। এটা রাজ্য যদি মনে করে, রাজ্য পারবে।” তিনি বলেন, “রাজ্যের কাছে আবেদন করব, গ্যাসের যে দামটা বাড়ছে, রাজ্য ক্ষতিপূরণের মতো যাতে মানুষের স্বার্থে সাবসিডি (ভর্তুকি) দেয়। সর্বত্র অনুদান দেওয়া হচ্ছে, তাহলে গ্যাসের ক্ষেত্রেও দেওয়া হোক। আপনি যদি লক্ষ্মীর ভান্ডারে মা বোনেদের জন্য পয়সা দিতে পারেন, তাহলে গ্যাসের জন্যও পয়সা দিন। কারণ গ্যাসটা তো ব্যবহার করেন মা-বোনেরাই। যাতে তাঁদের রান্নায় কোনও সঙ্কট তৈরি না হয়। আমি এটা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করব।”
কত টাকা বেড়েছে
-
ঘরোয়া LPG সিলিন্ডার (১৪.২ কেজি): প্রায় ₹৬০ টাকা বৃদ্ধি
-
বাণিজ্যিক সিলিন্ডার (১৯ কেজি): প্রায় ₹১১৪–₹১১৫ টাকা বৃদ্ধি
নতুন দাম (প্রধান শহরগুলোতে)
-
কলকাতা: প্রায় ₹৯৩৯
-
দিল্লি: প্রায় ₹৯১৩
-
মুম্বই: প্রায় ₹৯১২.৫০
-
চেন্নাই: প্রায় ₹৯২৮.৫০
কেন দাম বাড়ল
মূল কারণ
-
পশ্চিম এশিয়ায় সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি
-
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি
-
LPG-এর বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় (ভারতে প্রায় ৮৫–৯০% আমদানি)
