Beldanga: টাকার লোভে অন্ধ! দাদু-দিদার বাড়িতে এসে বোনের সঙ্গে যা করল দাদা…
Beldanga Minor Murder: শনিবার বিকালে বেলডাঙার হালালপুর গ্রামের বাড়িতে ১৬ বছরের কিশোরী করবি দে-র দেহ উদ্ধার হয়। সে তার দাদু-দিদার কাছে থাকত। দাদু-দিদা ঘটনার সময় ব্যাঙ্কের কাজে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগেই চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে গৌরব।

বেলডাঙা: মুর্শিদাবাদের বেলডাঙায় নাবালিকা খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের তদন্তে। গৃহস্থালিতে চুরি করতে এসে নাবালিকাকে খুন করার অভিযোগে মাসতুতো দাদা-সহ দুজনকে গ্রেফতার করেছে বেলডাঙা থানার পুলিশ। অভিযুক্তদের নাম গৌরব নন্দী, মৃতার দাদা ও নীলাদ্রি দাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকালে বেলডাঙার হালালপুর গ্রামের বাড়িতে ১৬ বছরের কিশোরী করবি দে-র দেহ উদ্ধার হয়। সে তার দাদু-দিদার কাছে থাকত। দাদু-দিদা ঘটনার সময় ব্যাঙ্কের কাজে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগেই চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে গৌরব। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়িতে ঢুকে গৌরবকে দেখে ফেলায় করবিকে বাধা দিতে গিয়ে খুনের শিকার হতে হয়। দেওয়ালে মাথা ঠুকে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার আগের রাতে গৌরব তার বন্ধু নীলাদ্রি দাস ও অন্য এক বন্ধুর সঙ্গে ছিল।
শনিবার রাতেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। রবিবার তাদের বহরমপুর জেলা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। খুনের প্রকৃত কারণ ও এর নেপথ্যে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, রবিবার দুপুরে মৃত নাবালিকার পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সচিন মক্কার, বেলডাঙার বিধায়ক ভরত ঝাওর ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মৃতের বাড়িতে গিয়ে পরিবারের হাতে সরকারি আর্থিক সাহায্যের চার লক্ষ টাকার চেক তুলে দেন।
