Mamata TMC: দিদির কথাতেই মতবদল,মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েও ইউ-টার্ন রেজিনগরের প্রার্থী রবিউলের
Rejinagar Bypoll: সকালেই মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন রেজিনগরের মমতা তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। কিন্তু তার মধ্যেই নয়া টুইস্ট। কয়েক ঘণ্টার মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে জানালেন তিনি মনোনয়ন প্রত্যাহার করছেন না। টিভি৯ বাংলাকে জানিয়েছেন, দিদির কথাতেই মতবদল করেছেন তিনি।

মুর্শিদাবাদ: নন্দীগ্রামের পর রেজিনগর উপনির্বাচন নিয়েও টানটান উত্তেজনা। সকালেই মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন রেজিনগরের মমতা তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। কিন্তু, বেলা বাড়তেই নয়া টুইস্ট। কয়েক ঘণ্টার মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে জানালেন তিনি মনোনয়ন প্রত্যাহার করছেন না। টিভি৯ বাংলাকে জানিয়েছেন, দিদির কথাতেই মতবদল করেছেন । এমনকী আজ থেকেই প্রচারে নামার কথা জানিয়েছেন রেজিনগরের প্রার্থী।
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল নতুন প্রতীক ও নাম পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মনোনয়ন প্রত্যাহার করেছিলেন নন্দীগ্রামের (Nandirgam) প্রার্থী সঞ্চিতা দে প্রধান। এরপর জল্পনা তৈরি হয়েছিল রেজিনগরের প্রার্থী রবিউলকে ঘিরে। পরে নিজেও জানিয়েছিলেন, মনোনয়ন প্রত্যাহারের চিন্তা-ভাবনা করছেন। সকাল ৯টা নাগাদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রবিউল ইসলাম বলেছিলেন, “আশা করছি আজ প্রার্থীপদ প্রত্যাহার করে নেব। সেই পথে যাওয়ারই চিন্তা-ভাবনা করছি। নাম ও প্রতীক নেই। দ্বিতীয় কথা হল কর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। কর্মীরা সব পালিয়ে যাচ্ছে। ভোটটা কাকে দিয়ে করাব। কর্মীরাই যদি না থাকে, তাহলে আমি কি একা একা ঘুরলে কি লোক হবে? সেই কারণেই মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত।”
এরপর বেলা সাড়ে ১২টা। নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরলেন রেজিনগরের প্রার্থী। তিনি জানিয়ে দিলেন, প্রার্থীপদ প্রত্যাহার করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই মতবদল করেছেন তিনি। রবিউল ইসলাম বলেন, “আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আমি যে প্রার্থী পদ প্রত্যাহারের চিন্তা-ভাবনা নিয়েছিলাম, তা থেকে সরে দাঁড়ালাম।” তিনি আরও বলেন, “দিদি আমাদের বললেন। আমরা যখন দিদির দল করি, তার সব ভালো-মন্দ সবটা বিচার-বিবেচনা করার দরকার আমাদের। সুতরাং দিদির বাইরে তো আমরা কিছু করতে পারব না। দিদির কথামতো আমি প্রার্থীপদ বহাল রাখছি।” প্রচার নিয়ে রবিউল বলেন, “আজ থেকেই প্রচারে নামব। দিদি আসতে পারেন।”
