SIR: ফের অসুস্থ বিএলও, নিয়ে যেতে হল হাসপাতালে! ‘কাজের চাপ’ নিয়ে সরব পরিবার
SIR in Bengal: গত কয়েকদিন ধরেই SIR সংক্রান্ত নথিপত্র যাচাই, বাড়ি-বাড়ি গিয়ে সমীক্ষা এবং ডিজিটাইজেশনের কাজ করছিলেন তিনি। পরিবারের সদস্যরা বলছেন, বিগত কয়েকদিনে কাজের চাপ অনেকটাই বেড়ে গিয়েছিল। তার মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়াতেই বাড়ছে উদ্বেগ।

জঙ্গিপুর: পূর্ব বর্ধমান, জলপাইগুড়ি, নদিয়া, বিগত কয়েকদিনে একের পর এক জেলা থেকে এসেছে বিএলও-দের মৃত্যুর খবর। কাজের চাপ নিয়ে চলছে চাপানউতোর। অন্যদিকে জেলায় জেলায় লাগাতার বিক্ষোভেও সরব হয়েছেন বিএলও-রা। এরইমধ্যে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি জঙ্গিপুরের এক বিএলও। এ ক্ষেত্রেও জুড়ে গেল অতিরিক্ত কাজের চাপের প্রসঙ্গ। জঙ্গিপুর বিধানসভার ১৩৭ নম্বর বুথে বরোজ এলাকায় বুথ লেভেল অফিসার হিসাবে কাজ করছিলেন BLO কৌশিক ঘোষ। বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
পরিবারের লোকজনের অভিযোগ, বিগত কয়েকদিন ধরেই খুবই কাজের চাপ যাচ্ছিল কৌশিকবাবুর উপরে। এদিন কাজের মধ্যেই জ্ঞান হারানোর পর্যায়ে চলে গেলে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই HDU বিভাগে চিকিৎসাধীন ওই বিএলও।
গত কয়েকদিন ধরেই SIR সংক্রান্ত নথিপত্র যাচাই, বাড়ি-বাড়ি গিয়ে সমীক্ষা এবং ডিজিটাইজেশনের কাজ করছিলেন তিনি। পরিবারের সদস্যরা বলছেন, বিগত কয়েকদিনে কাজের চাপ অনেকটাই বেড়ে গিয়েছিল। সঙ্গে তো ডেডলাইনের চাপ রয়েইছে।
এদিকে কয়েকদিন আগেই ডিজিটাইজেশনের ট্রেনিংয়ে গিয়ে কাটোয়া কেঁদে ভাসিয়েছিলেন একাধিক বিডিও। তা নিয়েও প্রশাসনিক মহলেও চাপানউতোর তৈরি হয়েছিল। কাজের চাপ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন সতীর্থরা। এক বিএলও অসুস্থ হয়ে যাওয়ায় তাঁকে হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল। যদিও কমিশনের তরফে যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানকার প্রশিক্ষকরা বলেন সব কাজই বিধি মেনেই হচ্ছে। উপর থেকে তাঁদের কাছে যে নির্দেশ এসেছে সেই অনুযায়ী কাজ করছেব। এবার যেন একই ঘটনার প্রতিচ্ছবি দেখা গেল মুর্শিদাবাদেও।
