Indian Army: যোধপুরে কর্মরত অবস্থায় মৃত্যু বাংলার সেনা জওয়ানের, ছেলে ছবি আঁকড়ে কান্না ভেঙে পড়লেন মা
Indian Army Died in Jodhpur: সূত্রের খবর, কর্মসস্থলেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সহকর্মীরাই তাঁকে উদ্ধার করে তাঁর কর্মস্থলের কাছাকাছি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন।

নদিয়া: যোধপুরে কর্মরত অবস্থায় মৃত্যু শান্তিপুরের ভারতীয় সেনা জওয়ান কানাই সরকারের। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যরা। শোকের ছায়া গোটা এলাকাতেই। সোমবার সকালে শান্তিপুর থানার অন্তর্গত ডোমকিরা নিমতলার বাসিন্দা কানাই সরকারের কফিনবন্দি দেহ আসবে বাড়িতে। চোখে জল নিয়ে অপেক্ষায় প্রতিবেশীরা।
কানাই সরকারের বয়স আনুমানিক ৪৫ বছর। বছর ২৬ আগে যোগ দিয়েছিলেন ভারতীয় সেনা বাহিনীতে। বর্তমানে কাজ করছিলেন রাজস্থানের যোধপুরে। দীর্ঘদিন ভারতীয় সেনাবাহিনীর অফিসার পদে দায়িত্ব সামলাচ্ছিলেন। শনিবার সকালে আচমকাই বাড়িতে তাঁর মৃত্যুর খবর আসে। জানানো হয় শারীরিক অসুস্থতার কারণেই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন। খবরটা শুনে প্রথমে নিজের কানকে বিশ্বাসই করতে পারেননি কানাইবাবু মা। ছেলের ছবি হাতে নিয়ে অবিরাম কেঁদে চলেছেন। বাড়িতে কানাইবাবুর স্ত্রী ও দুই কন্যা সন্তানও রয়েছে। তাঁরাও কান্নায় ভেঙে পড়েছেন। তাঁদের একটাই কথা, বরাবরের পরিশ্রমী মানুষটার এইভাবে চলে যাওয়া তাঁরা কোনওভাবেই মেনে নিতে পারছেন না।
সূত্রের খবর, কর্মসস্থলেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সহকর্মীরাই তাঁকে উদ্ধার করে তাঁর কর্মস্থলের কাছাকাছি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। সেনাবাহিনী পক্ষ থেকে পরিবারকে জানানো হয়েছে এই ঘটনায় শারীরিক অসুস্থতা ছাড়া অন্য কোনও কারণ নেই।
