
কলকাতা: সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামেরা। সেই তালিকার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য মুখ হলেন কালীগঞ্জ বিধানসভা আসনের সিপিএম প্রার্থী তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। এবার তাঁর বিরুদ্ধে লড়াই করবেন তৃণমূলের সেই আলিফা আহমেদ। অভিযোগ, এই আলিফার বিজয় মিছিল থেকেই বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল। যার আঘাতে প্রাণ যায় চতুর্থ শ্রেণির তামান্না খাতুনের।
রাজ্যের বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি হাইভোল্টেজ কেন্দ্র রয়েছে। তার মধ্যে অন্যতম হল এবার নদিয়ার কালীগঞ্জ। এই কালীগঞ্জে মৃত্যু হয়েছিল তামান্না খাতুনের। গতবছর অর্থাৎ ২০২৫ এর ২৩ জানুয়ারি উপ-নির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী আলিফা খাতুন। অভিযোগ ওঠে সেই বিজয় মিছিল থেকে ছোড়া হয় বোমা। সেই সময় মা সাবিনা ইয়াসমিনের হাত ধরে বাড়ি ফিরছিল ছোট্ট তামান্না। বোমার আঘাতে ছিটকে পড়ে সে। মৃত্যু হয় তার।
এরপর থেকে বিচারের আশায় টানা লড়াই চালিয়ে গিয়েছেন তামান্নার পরিবার। নাবালিকার মৃত্যুর পর সাবিনার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন ডেবরার বিদায়ী বিধায়ক হুমায়ুন কবীর। কিন্তু ক্ষতিপূরণের সেই টাকা ফিরিয়ে দিয়েছিলেন সাবিনা। এবার সেই সাবিনাকে প্রার্থী করে চমকে দিয়েছে সিপিএম অপরদিকে,আলিফাকে আবারও টিকিট দিয়েছে তৃণমূল। ফলত, এই কেন্দ্র থাকবে এবার নজরে।