Asansol BJP: পদ্ম প্রতীকের পাশে বসবে কার নাম? জল্পনার মাঝেই মন্দিরে মন্দিরে পুজো দিয়ে বেড়াচ্ছেন জিতেন্দ্র
Jitendra Tiwari: প্রার্থী তালিকা প্রকাশ হতেই পবন সিংয়ের নামে দেওয়াল লিখনও হয়ে গিয়েছিল। সেখান থেকে আবার প্রার্থীর নাম মুছতে হয় বিজেপিকে। এখন দেওয়ালে দেওয়ালে শুধুই পদ্ম প্রতীক। প্রার্থীর নাম নেই। পবন সিং নিজেকে সরিয়ে নেওয়ার পর থেকে এখনও ঘোষণা হয় আসানসোলের নতুন পদ্ম প্রার্থীর নাম। আর এসবের মধ্যেই মন্দিরে মন্দিরে পুজো দিতে বেড়াচ্ছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। গত কয়েকদিন ধরে এটাই ছবি।

আসানসোল: আসানসোল থেকে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছিল। ভোজপুরি গায়ক পবন সিংয়ে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের ১৪ ঘণ্টা কাটতে না কাটতেই পবন সিং নিজেই সেই নাম প্রত্যাহার করে নেন। প্রার্থী তালিকা প্রকাশ হতেই পবন সিংয়ের নামে দেওয়াল লিখনও হয়ে গিয়েছিল। সেখান থেকে আবার প্রার্থীর নাম মুছতে হয় বিজেপিকে। এখন দেওয়ালে দেওয়ালে শুধুই পদ্ম প্রতীক। প্রার্থীর নাম নেই। পবন সিং নিজেকে সরিয়ে নেওয়ার পর থেকে এখনও ঘোষণা হয় আসানসোলের নতুন পদ্ম প্রার্থীর নাম। আর এসবের মধ্যেই মন্দিরে মন্দিরে পুজো দিতে বেড়াচ্ছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। গত কয়েকদিন ধরে এটাই ছবি।
শুরুটা হয়েছিল কলকাতায় কালীঘাট মন্দিরে পুজো দেওয়া থেকে। তারপর পাণ্ডবেশ্বর, জামুরিয়া, রানিগঞ্জ… বিভিন্ন জায়গায় পুজো দিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এবার ফের তাঁকে দেখা গেল মন্দিরে। সোমবার আসানসোলের গোধূলি মোড় এলাকায় পুজো দিলেন বিজেপি নেতা। একদিকে যখন আসানসোলে বিজেপির নতুন প্রার্থী কে হবেন, তৃণমূলের শত্রুঘ্নকে পরাস্ত করতে কার উপর বাজি রাখবে বিজেপি, সেই নিয়ে তুমুল চর্চা চলছে… তখন জিতেন্দ্রের এই মন্দিরে মন্দিরে ঘুরে পুজো দেওয়া বেশ নজর কেড়েছে রাজনৈতিক মহলের।
সোমবার পুজো দেওয়ার পর অবশ্য জিতেন্দ্রর বক্তব্য, ‘আমরা মাঝে মাঝেই বিভিন্ন মন্দিরে পুজো দিই। আজও দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পুজো দিতে এসেছিলাম।’ মুখ খোলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে নিয়েও। বলেন, ‘শত্রুঘ্ন সিনহা সুস্থ থাকুন। এখন যেমন হাসছেন, দু’মাস পর এভাবেই হাসতে হাসতে এখান থেকে বিদায় নেবেন তিনি।’ তবে আসানসোলে বিজেপি প্রার্থী কে হতে চলেছেন, তা স্পষ্ট করেননি জিতেন্দ্র।
উল্লেখ্য, সোমবারই সুকান্ত-শুভেন্দু দিল্লির বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন। আগামী কয়েক দিনের মধ্যেই বাংলার বাকি আসনগুলিতে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বলে শোনা যাচ্ছে। পদ্ম প্রতীকে কে প্রার্থী হবেন আসানসোলে? তা নিয়েও জেলা বিজেপির অন্দরমহলে বিভিন্ন চর্চা চলছে। একদিকে যেমন শোনা যাচ্ছে কোনও সেলেব্রিটিকে প্রার্থী করার সম্ভাবনার তত্ত্ব। আবার অন্যদিকে চর্চায় রয়েছে আসানসোলের ভূমিপুত্র তত্ত্বও। আনুষ্ঠানিকভাবে বিজেপি এখনও আসানসোলের প্রার্থী তালিকা ঘোষণা করেনি বটে, তবে যদি ভূমিপুত্রের দিকেই মত যায় বিজেপির, সেক্ষেত্রে কি জিতেন্দ্র তিওয়ারিকে বেছে নেওয়া হতে পারে? সেদিকেই আপাতত তাকিয়ে জেলার রাজনৈতিক মহল।
