TMC MP Abhishek: দৌড়…দৌড়…৫০ মিনিটে ১২ কিমি দৌড়ে অভিষেকের কাছে তৃণমূল প্রার্থী

Abhishek Banerjee: পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী বিধানসভাটি এসটি বিধানসভা। এই বিধানসভায় দু'টি ব্লককে নিয়ে কেশিয়াড়ি ও দাঁতন। গত দু'বারের নির্বাচনে এই বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন বিধায়ক হিসেবে পরেশ মুর্মু। তবে এবার দল তাঁকে প্রার্থী করেনি। এই বিধানসভার এবারের প্রার্থী নতুন মুখ রামজীবন মান্ডী। মেদিনীপুরের শালবনী এলাকার বাসিন্দা তিনি।

TMC MP Abhishek: দৌড়...দৌড়...৫০ মিনিটে ১২ কিমি দৌড়ে অভিষেকের কাছে তৃণমূল প্রার্থী
তৃণমূল প্রার্থী দৌড়ে পৌঁছলেন Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 25, 2026 | 1:46 PM

দাঁতন: কেউ ঘুঁটে দিচ্ছেন। কেউ জনগণের চুল কেটে দিচ্ছেন, কেউ আবার সটান রান্নাঘরে ঢুকে রুটি বানিয়ে দিচ্ছেন। রাজনৈতিক নেতারা একে অপরকে টেক্কা দেওয়ার জন্য যা যা করছেন তাতে ভোটের প্রচার তো হচ্ছে ঠিকই,কিন্তু ভিরমি খাওয়ার জোগাড় হচ্ছে সাধারণ মানুষের। এবার বারো কিলোমিটার ম্যারাথন দৌড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে পৌঁছলেন তৃণমূল প্রার্থী।

আজ দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের ঘোলাই ময়দানে বিধানসভার নির্বাচনের জন্য জনসভা করবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই তাঁর জনসভায় যোগ দিতে এমন নতুন পথ বেছে নিলেন তৃণমূল প্রার্থী রামজীবন।

পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী বিধানসভাটি এসটি বিধানসভা। এই বিধানসভায় দু’টি ব্লককে নিয়ে কেশিয়াড়ি ও দাঁতন। গত দু’বারের নির্বাচনে এই বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন বিধায়ক হিসেবে পরেশ মুর্মু। তবে এবার দল তাঁকে প্রার্থী করেনি। এই বিধানসভার এবারের প্রার্থী নতুন মুখ রামজীবন মান্ডী। মেদিনীপুরের শালবনী এলাকার বাসিন্দা তিনি। পেশায় শিক্ষক তিনি। রামজীবন প্রার্থী হিসেবে শুধু শিক্ষক নন, ছোটোবেলা থেকে খেলাধুলাতে বেশ পারদর্শী। পড়াশোনা চলাকালীন ফুটবল খেলে বাংলা ও পার্শ্ববর্তী রাজ্যে দাপিয়ে বেড়িয়েছেন। তবে শিক্ষকতার চাকরি পাওয়ার পর সেই সময় না হয়ে ওঠায় অ্যাথলেটিক হিসেবে ম্যারাথন দৌড় শুরু করেন। রাজ্য ছাড়াও রাজ্যের বাইরে ৪২,২১,১০ কিমি ম্যারাথন প্রতিযোগিতাগুলিতে অংশ নিয়ে কুড়িয়েছেন একাধিক সম্মান।

আজ সেই তৃণমূলের প্রার্থী রামজীবন ৫০ মিনিটে ১২ কিমি দৌড়ে দাঁতনের ঘোলাই মোড় এলাকায় আয়োজিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় পৌঁছোলেন। দৌড়তে দৌড়তে রাস্তায় জনসংযোগও সারলেন প্রার্থী।

 

 

Follow Us