AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan: পেট্রোল ভরতে যাচ্ছিলেন, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের

Burdwan Accident: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ওই তিনজন একটি মোটরসাইকেলে চেপে মিরেপোতার একটি পেট্রোল পাম্পে তেল ভরতে যাচ্ছিলেন। রাস্তা পার হয়ে পাম্পে ঢোকার মুখে বর্ধমানমুখী একটি দ্রুতগামী লরি তাঁদের বাইকটিতে সজোরে ধাক্কা মারে। লরির ধাক্কায় রাস্তায় ছিট পড়ে তিনজনই গুরুতর জখম হন।

Burdwan: পেট্রোল ভরতে যাচ্ছিলেন, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের
এলাকায় স্থানীয় বাসিন্দাদের ভিড়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 21, 2026 | 6:11 PM
Share

বর্ধমান: দুর্গাপুজোর আনন্দের আবহে বিজয়া দশমীর সকালে মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন একই গ্রামের তিন বাসিন্দা। বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের মিরেপোতা জহুরী পুকুর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে লরির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন কামাখ্যা রায় (৬১), নাড়ুগোপাল রায় (৪৫) এবং শ্রীকান্ত রায় (৪১)। তিনজনেরই বাড়ি পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গ্রামে। উৎসবের সকালে এমন ত্রিবিয়োগে বাজিতপুরসহ পার্শ্ববর্তী এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ওই তিনজন একটি মোটরসাইকেলে চেপে মিরেপোতার একটি পেট্রোল পাম্পে তেল ভরতে যাচ্ছিলেন। রাস্তা পার হয়ে পাম্পে ঢোকার মুখে বর্ধমানমুখী একটি দ্রুতগামী লরি তাঁদের বাইকটিতে সজোরে ধাক্কা মারে। লরির ধাক্কায় রাস্তায় ছিট পড়ে তিনজনই গুরুতর জখম হন।

দুর্ঘটনার খবর পেয়ে রায়না থানার সেহারাবাজার ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পরই ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ। বিজয়া দশমীর আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে বদলে যাওয়ায় বাজিতপুর ছাড়াও বেঁন্দুয়া, বুজরুকদিঘী, বোদেহার ও মিরেপোতা এলাকায় শোকের মাতম চলছে।

Follow Us