AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2026: মাটির নয়, ফেলে দেওয়া জঞ্জালেই তৈরি হচ্ছে দুর্গা

শুধু দুর্গা প্রতিমাই নয়, ফেলে দেওয়া উপকরণ দিয়ে তৈরি করেছেন একাধিক থিমনির্ভর শিল্পকর্মও। আর এই কাজে রাজুর পাশে দাঁড়িয়েছেন এলাকার একঝাঁক তরুণ। পড়াশোনার পাশাপাশি শিল্পীর কাছ থেকে কাজ শিখে হাতখরচ জোগাড়ের পাশাপাশি স্বনির্ভর হওয়ার স্বপ্নও দেখছেন তাঁরা।

Durga Puja 2026: মাটির নয়, ফেলে দেওয়া জঞ্জালেই তৈরি হচ্ছে দুর্গা
দুর্গা পুজোImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 08, 2026 | 9:47 AM
Share

পূর্বস্থলী: নাট-বল্টু থেকে লোহার মরচে ধরা পেরেক, জিআই তার থেকে কাঠের টুকরো, এমনকী ব্লেড আর লোহার জালিও। সাধারণ মানুষের চোখে এগুলি নিছকই জঞ্জাল। কিন্তু শিল্পীর হাতের ছোঁয়ায় সেই জঞ্জালই হয়ে উঠেছে দেবী দুর্গা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শিল্পী রাজু বাগের হাত ধরে তৈরি হয়েছে এই অভিনব দুর্গা প্রতিমা। তবে মাটি, খড় কিংবা চট নয়—প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে শুধুই ফেলে দেওয়া এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণ।

পূর্বস্থলী-১ নম্বর ব্লকের বড়কোবলা এলাকার শিল্পী রাজুর ভাবনাটা ছিল একটু অন্যরকম। জঞ্জালকে নতুন করে কাজে লাগিয়ে শিল্প সৃষ্টির পাশাপাশি সমাজকে দিতে চেয়েছেন পরিবেশবান্ধব বার্তা। নাট-বল্টু, জিআই তার, মরচে ধরা পেরেক, কাঠের টুকরো, ব্লেড, লোহার জালি—রকমারি পরিত্যক্ত সামগ্রী জুড়ে জুড়েই তৈরি হয়েছে দেবী দুর্গার অবয়ব। আকারে ছোট হলেও অভিনবত্বে নজর কাড়ছে এই প্রতিমা।

শুধু দুর্গা প্রতিমাই নয়, ফেলে দেওয়া উপকরণ দিয়ে তৈরি করেছেন একাধিক থিমনির্ভর শিল্পকর্মও। আর এই কাজে রাজুর পাশে দাঁড়িয়েছেন এলাকার একঝাঁক তরুণ। পড়াশোনার পাশাপাশি শিল্পীর কাছ থেকে কাজ শিখে হাতখরচ জোগাড়ের পাশাপাশি স্বনির্ভর হওয়ার স্বপ্নও দেখছেন তাঁরা। এবার রাজুর তৈরি ছোট আকারের প্রায় ১০০টি দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে কলকাতা, হায়দরাবাদ এবং ঝাড়খণ্ডে।

শিল্পী রাজু বাগের কথায়, পুনর্ব্যবহারযোগ্য জঞ্জালকেও যদি নতুন চোখে দেখা যায়, তাহলে সেখান থেকেও তৈরি হতে পারে অনন্য শিল্প। তাঁর এই উদ্যোগের মূল লক্ষ্যই পরিবেশবান্ধব সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া। ফেলে দেওয়া জঞ্জাল আজ শুধু নোংরা নয়—পরিবেশের জন্যও বড় চ্যালেঞ্জ। আর সেই জঞ্জালকেই শিল্পের ভাষায় নতুন জীবন দিয়ে কার্যত অন্য পথ দেখাচ্ছেন পূর্ব বর্ধমানের এই শিল্পী।

Follow Us