Mamata Banerjee Drone Allegation: ‘হেলিকপ্টারটা ধ্বংস হয়ে যেত, আমাকে প্রাণে মেরে ফেলার টার্গেট?’, বিস্ফোরক মমতা
কয়েকদিন আগে বাংলায় সভা করতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার 'ভিকটিম কার্ড' খেলার চেষ্টা করেন। শাহ বলেন, "এই ভিকটিম কার্ডের রাজনীতি বাংলার মানুষ ভালো ভাবে বুঝে গিয়েছে। এভাবে কমিশনের বিরুদ্ধ গালিগালাজ করা বাংলার সংস্কৃতি নয়।"

কালনা: ভোটের মুখে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল! এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে মালদহে সভা করতে গিয়ে মাথার উপর একটি ড্রোন দেখতে পান তিনি। ঠিক হেলিকপ্টারে ওঠার আগের মুহূর্তে দেখতে পান সামনেই ড্রোনটি উড়ছে। তখনই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আর আজ, সোমবার বর্ধমানের একটি সভা থেকে বড় অভিযোগ তোলেন মমতা।
মুখ্যমন্ত্রীর দাবি, তাঁকে প্রাণে মেরে ফেলতেই ওই ড্রোন ওড়ানো হয়েছিল। পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ের সভায় দাঁড়িয়ে মমতা বলেন, “আমি যখন মিটিং করে আসছিলাম মালদহ থেকে। আমার হেলিকপ্টারের সামনে ড্রোন ঘুরে বেড়াচ্ছিল। ধাক্কা খেলে হেলিকপ্টারটা ধ্বংস হত। কারা ওড়াচ্ছিল? বিহারের তিনজন ধরা পড়েছে। টার্গেটটা কী? আমার জীবন কাড়ার জন্য? কেড়ে নিন, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু যতক্ষণ বেঁচে থাকব, আপনাদের বিরুদ্ধে গলা ফাটাব। আমার মুখ বন্ধ করা যবে না।”
মালতীপুরের সভায় যাওয়ার সময় ওই ড্রোন তাঁর হেলিকপ্টারের সামনে চলে এসেছিল। তৎক্ষণাৎ পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মমতা। আর এবার নাম না করে ওই ঘটনার জন্য কার্যত বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে বাংলায় সভা করতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ‘ভিকটিম কার্ড’ খেলার চেষ্টা করেন। শাহ বলেন, “এই ভিকটিম কার্ডের রাজনীতি বাংলার মানুষ ভালো ভাবে বুঝে গিয়েছে। এভাবে কমিশনের বিরুদ্ধ গালিগালাজ করা বাংলার সংস্কৃতি নয়।”
