Digha: পর্যটকদের জন্য বড় খবর, নিরাপত্তার জন্য আজ থেকে বন্ধ দিঘার প্রধান আকর্ষণ
Digha Gate Renovation: গেটের মূল সংস্কারের পাশাপাশি আগেই এর চূড়া থেকে ‘বিশ্ববাংলা’ লোগো সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। এবার সরাসরি মূল সংস্কারের কাজ শুরু হচ্ছে।

পূর্ব মেদিনীপুর: সমুদ্রনগরী দিঘার অন্যতম প্রধান আকর্ষণ তার আইকনিক প্রবেশদ্বার। এবার সেই গেটের রূপবদলের উদ্যোগ নেওয়া হলো। সোম ও মঙ্গলবার—পরপর দু’দিন দিঘা গেটের সংস্কারকাজ চলবে। অত্যন্ত ব্যস্ততম ১১৬-বি জাতীয় সড়কের ওপর গেটটি অবস্থিত হওয়ায়, পর্যটক ও সাধারণ যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই দু’দিন যান চলাচলে বিশেষ কড়াকড়ি জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, গেটের মূল সংস্কারের পাশাপাশি আগেই এর চূড়া থেকে ‘বিশ্ববাংলা’ লোগো সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। এবার সরাসরি মূল সংস্কারের কাজ শুরু হচ্ছে। উঁচুতে কাজ চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে, তার জন্য গভীর রাতে যান চলাচলে বিধিনিষেধ থাকবে।
অতিরিক্ত জেলা শাসক তথা দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের administrator প্রতীক অশোক ধুমাল জানান, দুর্ঘটনা এড়াতে গভীর রাতে—রাত ১২টা থেকে ৩টে পর্যন্ত গেটের নিচ দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ বা আংশিক নিয়ন্ত্রণ করা হবে। তিনি বলেন, “গভীর রাতে জাতীয় সড়কে গাড়ি চলাচল অনেকটাই কম থাকে। ফলে সাধারণ মানুষের অসুবিধা এড়িয়ে কাজ এগিয়ে নেওয়া সহজ হবে। যাত্রী ও চালকদের নিরাপত্তার কথা ভেবেই এই অল্প সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত।”
