Pabitra Kar TMC Candidate: ‘আমি নন্দীগ্রামে রাম পুজো শুরু করেছিলাম’, প্রচারে গিয়ে বললেন তৃণমূলের পবিত্র
Nandigram: তারপরই পবিত্র করের দাবি, মানুষের নাম দেখলেই তো ধর্ম বোঝা যায়। তিনি বলেন, "সুফিয়ানদা আছেন...এইটুকু নাম হলেই যথেষ্ট। উনি কে এবং কোন ধর্ম পালন করেন, এর জন্য নতুন করে মঞ্চে দাঁড়িয়ে আমাকে জোর গলায় বলতে হয় না আমি হিন্দু, হিন্দু, হিন্দু...। আমি সনাতনের সেবক, সেবক, সেবক সনাতনের রক্ষাকর্তা।" তাঁর দাবি, একটা সময় রামপূজা নন্দীগ্রামে শুরু করেছিলেন তিনি।

নন্দীগ্রাম: ২০২৬-এর বিধানসভা ভোটের অন্যতম আলোচিত প্রার্থীর নাম পবিত্র কর (Pabitra Kar)। কারণ, নন্দীগ্রাম বিধানসভার এই তৃণমূল প্রার্থী নাকি এক সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের সহযোগী ছিলেন বলেই রাজনীতির অলিগলিতে আলোচনা হয়। এবার সেই পবিত্র কর আক্রমণ শানালেন শুভেন্দুকে।
গতকাল প্রচারে বেরিয়েছিলেন পবিত্র। তাঁর সমর্থনে পৌঁছে যান তৃণমূল সাংসদ জুন মালিয়া। সেখান থেকেই নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে বেলাগাম আক্রমণ শানান তিনি। অভিযোগ তোলেন, ধর্মীয় বিদ্বেষের। তিনি বলেন, “উনি কোনও ধর্মকে সম্মান করতে জানেন না। কেবল মাত্র অশান্তির পরিবেশ তৈরি করেন। এর শেষের সমাপ্তির প্রয়োজন আছে।” তাঁর সংযোজন, “উনি নিজেকে অভিভাবক বলেন। তাহলে তো নন্দীগ্রামবাসীর ভাল-মন্দ দেখার দায়িত্ব ওঁর।”
তারপরই পবিত্র করের দাবি, মানুষের নাম দেখলেই তো ধর্ম বোঝা যায়। তিনি বলেন, “সুফিয়ানদা আছেন…এইটুকু নাম হলেই যথেষ্ট। উনি কে এবং কোন ধর্ম পালন করেন, এর জন্য নতুন করে মঞ্চে দাঁড়িয়ে আমাকে জোর গলায় বলতে হয় না আমি হিন্দু, হিন্দু, হিন্দু…। আমি সনাতনের সেবক, সেবক, সেবক সনাতনের রক্ষাকর্তা।” তাঁর দাবি, একটা সময় রামপূজা নন্দীগ্রামে শুরু করেছিলেন তিনি। তিনি বলেন, “আজকেও বলছি রামপূজার আমি সেবক। রামের সেবক। আমি পুজো শুরু করেছিলাম, সেই পুজো করার অপরাধে আমাকে তিন মাস দল থেকে বহিষ্কার করেছিল। আমাকে হিন্দুত্ব শেখাতে আসবেন না।”
