Adra Firing: ঠিকাদারি সংক্রান্ত গোলমাল? আদ্রার রেল ইয়ার্ডে গুলিচালনায় আহত দুই শ্রমিক
Firing at Adra: ঠিকাদারের বরাত সংক্রান্ত গণ্ডগোলের জেরেই এই গুলি চালনার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশ জানিয়েছে, নাইন এমএম পিস্তল থেকে মোট ৯ রাউন্ড গুলি ছুড়েছে দুষ্কৃতীরা।

আদ্রা: ব্যারাকপুরের পর পুরুলিয়ার আদ্রা। সোমবার দুপুরে পর পর গুলিচালনার ঘটনা ঘটল রাজ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে আদ্রার রেল ইয়ার্ডে মালগাড়ির কামরা কাটার কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। তখনই সেখানে আসে চার দুষ্কৃতী। কাজের বরাত নিয়ে কিছু কথা তাঁরা জিজ্ঞাসা করেন কর্মরত শ্রমিকদের। তার পরই এলোপাথারি গুলি চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীদের ছোড়া গুলি লেগে আহত হয়েছেন সেখানে কর্মরত দুই শ্রমিক। চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, তাঁদের থেকে মোবাইল ও টাকা পয়সা কেড়ে নিয়েছে দুষ্কৃতীরা। গুলি চালনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে গিয়েছিলেন রেল পুলিশের কর্তারাও।
ঠিকাদারের বরাত সংক্রান্ত গণ্ডগোলের জেরেই এই গুলি চালনার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশ জানিয়েছে, নাইন এমএম পিস্তল থেকে মোট ৯ রাউন্ড গুলি ছুড়েছে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনা নিয়ে তদন্তও শুরু করা হয়েছে।
বোকারো থেকে আদ্রায় কাজ করতে আসা এক শ্রমিক বলেছেন, “মুখ ঢেকে এসেছিল দুষ্কৃতীরা। কাজ নিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে তারা। তার পর ফোন করতে গেলে আমাদের ফোন, টাকা পয়সা কেড়ে নেয়। এর পর হঠাৎই গুলি চালাতে চালাতে পালিয়ে যায়।” গুলিবিদ্ধ এক শ্রমিক বলেছেন, “বহু বছর এখানে কাজ করতে আসি. কোনও দিন এ রকম ঘটনা ঘটেনি। খুব অবাক হয়েছি। কয়েক জন এসে কিছু কথা জিজ্ঞাসার পরই গুলি চালিয়ে দিল।” তিনি জানিয়েছেন, গুলি চালানোর আগে একটি চিঠিও দিয়ে যায় দুষ্কৃতীরা। ঠিকাদারের উদ্দেশেই ওই চিঠি দেওয়া হয়েছে। চিঠি বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভা মুরকুগান বলেছেন, বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত কয়েক মাসে রাজ্যে একের পর এক গুলি চালনার ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সোমবার দুপুরেই ব্যারাকপুরের একটি জনপ্রিয় বিরিয়ানির দোকান লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সে ঘটনায় ওই দোকানের ২ জন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
