TMC, Canning Hospital: শওকত ঘনিষ্ঠ TMC নেতার সম্পত্তি হাসপাতালে? ওটি থেকে উদ্ধার গয়না
ঘটনার খবর পেয়েই জীবনতলা থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছয়। উদ্ধার হওয়া ব্যাগ ও সামগ্রী পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তৃণমূলের পক্ষ থেকে হোসেন গাজীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে

ক্যানিং: সোমবার নির্বাচনের ফল বেরিয়েছে। বিপুল ভোটে হেরেছে তৃণমূল (TMC)। আর মঙ্গলবার অর্থাৎ ঠিক তার পরের দিনই এক তৃণমূল নেতার (TMC Leader) বাড়ি থেকে বেআইনি গয়না উদ্ধার। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা (Jibantala) গ্রামীণ হাসপাতালের ভিতরে বিপুল পরিমাণ নগদ টাকা,সোনার গহনা এবং স্থাবর সম্পত্তির দলিল উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। উদ্ধার হওয়া এই বিপুল সম্পত্তি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla) ঘনিষ্ঠ তৃণমূল নেতা হোসেন গাজীর বলে দাবি করেছে বিজেপি (BJP)।
এ প্রসঙ্গে হাসপাতালের চিকিৎসক ডাঃ শাহরুখ হোসেন বলেন, “স্থানীয় তৃণমূল বুথ সভাপতির সঙ্গে তাঁর সুসম্পর্ক থাকার সুবাদে সভাপতির ছেলেই এই ব্যাগটি আমার কাছে রেখে গিয়েছিলেন।” গেরুয়া শিবিরের দাবি,ডাক্তার শাহরুখ হোসেন এলাকায় তৃণমূল আশ্রিত অত্যন্ত প্রভাবশালী চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি হাসপাতালের প্রশাসনিক কাজের চেয়ে তৃণমূল নেতাদের নির্দেশ পালনেই বেশি ব্যস্ত থাকেন।
ঘটনার খবর পেয়েই জীবনতলা থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছয়। উদ্ধার হওয়া ব্যাগ ও সামগ্রী পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তৃণমূলের পক্ষ থেকে হোসেন গাজীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারের মতো স্পর্শকাতর জায়গায় কীভাবে ব্যক্তিগত সম্পত্তি লুকানো হল, তা নিয়ে জেলা স্বাস্থ্য দফতরে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই চিকিৎসকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
