AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Live: টাকা নয়, মেধার ভিত্তিতেই কলেজে ভর্তি! কড়া নির্দেশ সরকারের

| Edited By: | Updated on: May 14, 2026 | 11:24 PM
Share

Live West Bengal NEWS: আজ অর্থাৎ বৃহস্পতিবার মোট ১১টি জেলার বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। শপথ নেবেন ১৫০ বিধায়ক। বিধানসভায় থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে, আজই বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নবান্নেই এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

West Bengal News Live: টাকা নয়, মেধার ভিত্তিতেই কলেজে ভর্তি! কড়া নির্দেশ সরকারের
প্রতীকী ছবি Image Credit: Social Media

কলকাতা : আজও বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে বিধায়কদের। বুধবারও বিধানসভায় বেশ কয়েজন বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান হয়েছে। আজ শপথগ্রহণের দ্বিতীয় দিন। জানা গিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার মোট ১১টি জেলার বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। শপথ নেবেন ১৫০ বিধায়ক। বিধানসভায় থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে, আজই বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নবান্নেই এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে, আজ উচ্চ-মাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করবে বোর্ড। সেদিকেও নজর থাকবে। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 14 May 2026 11:24 PM (IST)

    রাজ্যের আইনশৃঙ্খলা, শব্দ দূষণ ও জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কড়া অবস্থান শুভেন্দুর

    আগেই রাজ্য সরকারের তরফ আইনশৃঙ্খলা থেকে শুরু করে বেশ কিছু ক্ষেত্রের জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল । আজ ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইনশৃঙ্খলা, শব্দ দূষণ ও জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কড়া অবস্থান নিলেন। বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে সব জেলার পুলিশ সুপার, কমিশনারেটের কমিশনার-সহ শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনও ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানে নিয়ম ভেঙে মাইক বাজানো যাবে না। শব্দ বিধি কঠোরভাবে কার্যকর করতে হবে।

  • 14 May 2026 08:11 PM (IST)

    মেধার ভিত্তিতেই কলেজে ভর্তি, কড়া নির্দেশিকা সরকারের

    রাজ‍্যের কলেজে ভর্তি নিয়ে অভিযোগের শেষ নেই! টাকা নিয়ে কলেজে ভর্তি রীতিমতো প্রথা হয়ে উঠেছিল। গত বছর  কেন্দ্রীয় পোর্টালে ভর্তি হওয়ায় দালালদের বাড়বাড়ন্ত কিছুটা কমেছিল। তবু চোরাগোপ্তা টাকার বিনিময়ে ভর্তি হয়েছে বলে অভিযোগ। এবার নতুন সরকার এসে জারি করল সেন্ট্রালাইজড কলেজে ভর্তির ক্ষেত্রে কড়া নির্দেশিকা। শুধুমাত্র মেধার ভিত্তিতেই ভর্তি, সাফ বার্তা বিজ্ঞপ্তিতে। কলেজে ভর্তির জন‍্য পড়ুয়াদের শারীরিকভাবে উপস্থিতির কোনও প্রয়োজন নেই, সাফ জানাল শিক্ষা দফতর।

  • 14 May 2026 08:09 PM (IST)

    পালাবদলের পর ঘোষণা হল WBCS পরীক্ষার দিন

    ২০২৪ সালের অগস্ট মাসে বিজ্ঞপ্তি হলেও আটকে ছিল পরীক্ষার দিন ঘোষণা। পালাবদলের পর ঘোষণা হল WBCS পরীক্ষার দিন। ২ বছরের সমস‍্যা কাটল এক সপ্তাহে। ১৪ জুন পরীক্ষা হবে ২৩ জেলার ২৫ জেলা সেন্টারে। ৪ জুন থেকে ডাউনলোড করা যাবে অ‍্যাডমিট কার্ড।

  • 14 May 2026 05:57 PM (IST)

    Jamuria Mine Accident: খনির ভিতর এয়ার ব্লাস্ট, জামুরিয়ায় মৃত এক শ্রমিক

    • জামুরিয়ার পরাসিয়া খনিতে ধস। একজনের মৃত্যু। ১০ জন চাপা পড়ার আশঙ্কা। দুজনকে আহতকে অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।
    • ইসিএল (ECL)-এর কুনুস্টোরিয়া এরিয়ার পরাসিয়া কোলিয়ারিতে ভয়াবহ খনি দুর্ঘটনা ঘটেছে। মৃত শ্রমিকের নাম দেবায়ন মুন্ডা।
    • কোলিয়ারির ভূগর্ভস্থ খনির ২৭ নম্বর সেকশনে ফার্স্ট শিফটে কাজ করছিলেন একদল খনি কর্মী। প্রথমে খনির চাল ধসে। চাল ধসার ফলে সেই সময় আচমকাই খনির একটি স্তর থেকে তীব্র গতিতে ‘এয়ার ব্লাস্ট’ হয়। বাতাসের এই প্রচণ্ড চাপে খনির ভেতরে থাকা শ্রমিকরা চারদিকে ছিটকে পড়েন। আহতদের মধ্যে বেশ কয়েকজন ঠিকাকর্মীও রয়েছেন বলে খবর। ​
  • 14 May 2026 05:41 PM (IST)

    ভেঙে দেওয়া হল সব স্কুলের পরিচালন কমিটি

    কলেজের গভর্নিং বডির পর এবার ভেঙে দেওয়া হল সব স্কুলের পরিচালন কমিটি। এখন থেকে কোনও স্কুলে আর পরিচালন কমিটি রইল না। পরিবর্তে প্রত্যেক স্কুলে ডিডিও বসানোর সিদ্ধান্ত। ডিডিও হবেন স্কুলের দায়িত্বে থাকা কোনও অফিসার। তিনিই এখন থেকে স্কুল পরিচালনার দায়িত্বে। বিদ‍্যালয়েক প্রধান শিক্ষক ও ডিডিও স্কুল চালাবেন।

  • 14 May 2026 05:40 PM (IST)

    স্কুলে স্কুলে এবার বাধ্যতামূলক বন্দে মাতরম, জারি নির্দেশিকা

    পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দফতরের অধীন সমস্ত স্কুলে, ক্লাস শুরুর আগে প্রার্থনা পর্বে ‘বন্দে মাতরম’ গাওয়া অবিলম্বে বাধ্যতামূলক করা হল। এতদিনের সমস্ত পূর্ববর্তী নির্দেশ ও প্রচলিত প্রথাকে বাতিল করে এই নির্দেশ জারি করা হয়েছে।

  • 14 May 2026 04:28 PM (IST)

    উচ্চ মাধ্যমিকে কৃতীদের সঙ্গে কথা বললেন শুভেন্দু

    উচ্চমাধ্যমিকের (Higher Secondary Result 2026) কৃতীদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। ভিডিয়ো কলে প্রথম স্থানাধিকারী আদৃত পালের (Adrit Pal) সঙ্গে কথা বলেছেন তিনি। কথা হয়েছে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম ও পঞ্চম স্থানাধিকারী মেঘা মজুমদারের সঙ্গেও। পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য দু’জনকেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কথা বলেন কৃতিদের বাবা-মায়ের সঙ্গেও। উচ্চ-মাধ্যমিকে প্রথম আদৃত পালের বাবা শুভেন্দু অধিকারীর কাছে রাজ্যে শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোরও অনুরোধ করেছেন।

  • 14 May 2026 01:52 PM (IST)

    Suvendu on Mamata: ‘অযথা বিষয় নিয়ে আমি ভাবিত নই’, মমতার কথা শুনে বললেন শুভেন্দু

    • একদিকে যখন কলকাতা হাইকোর্টের এজলাসে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সওয়াল করছেন, তখনই বিধানসভায় পৌঁছে যান শুভেন্দু। তবে, মমতার আদালতে উপস্থিতির কথা শুনে কার্যত উত্তর দিতেই চাইলেন না তিনি। বললেন, ‘আমার হাতে অনেক কাজ আছে।’
    • শুভেন্দু স্পষ্ট বলেন, “আমার হাতে অনেক কাজ আছে। অযথা বিষয় নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অযথা বিষয় নিয়ে আমি ভাবিত নই।”
  • 14 May 2026 01:23 PM (IST)

    মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘চোর চোর’ স্লোগান

    ভোট পরবর্তী পরিস্থিতি, বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে হাইকোর্টে মামলা। বৃহস্পতিবার সেই মামলায় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চে সওয়াল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে মমতাকে দেখেই ‘চোর চোর’ স্লোগান। মমতাকে দেখে আইনজীবীদেরই একাংশ স্লোগান দিতে থাকেন, ‘পিসি চোর, ভাইপো চোর।’

  • 14 May 2026 12:13 PM (IST)

    তৃণমূল বিধায়কের বাড়িতে হানা পুলিশের

    দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। তাঁর একটি ভিডিয়োকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। সেই ইস্যুতেই ওই বিধায়কের পৈলানের বাড়িতে হানা দিয়েছেন পুলিশ।

  • 14 May 2026 12:10 PM (IST)

    কলকাতা হাইকোর্টে মমতা

    নতুন সরকার গঠনের পরই বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বেআইনি দোকানপাট-নির্মাণ। এবার এই  বুলডোজার নিয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা । হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল  ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। এই মামলায় সওয়াল করেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে মামলার একগুচ্ছ কাগজ। এজলাসে তখন তিল ধারণের জায়গা নেই।

  • 14 May 2026 10:21 AM (IST)

    তিলজলার ঘটনায় সাসপেন্ড প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ওসি

    তিলজলায় (Tiljala) একটি গুদামে আগুন ধরে গিয়ে মৃত্যু হয়েছিল দু’জনের। আহত হয়েছিলেন একাধিক। সেই ঘটনায় পদক্ষেপ করা হবে তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার সেই ঘটনায় বড় পদক্ষেপ। সূত্রের খবর, প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ওসি তথা স্টেশন অফিসার গৌতম দাসকে (Gautam Das) সাসপেন্ড করা হয়েছে। ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে দমকল দফতর।

  • 14 May 2026 10:20 AM (IST)

    মাদার ডেয়ারির দাম বাড়বে, জানালেন দিলীপ ঘোষ

    দিলীপ ঘোষ বলেন, “দাম বাড়বে। আনুষঙ্গিক পণ্যের দাম বাড়ছে। সেই সঙ্গে দুধের কোয়ালিটি যাচাই করতে হবে। মাঝে একবার কোয়ালিটি পরীক্ষা হয়েছিল। অনেকগুলো প্রোডাক্ট পাস করতে পারেনি। দুধ স্বাস্থ্যের জন্য খাওয়া হয়। নানারকম কেমিক্যাল মেশানো হচ্ছে। এগুলো কতটা ক্ষতিকারক সেটাও যাচাই হবে। যথাসম্ভব কম মূল্যবৃদ্ধি করে গুণমানে নজর দেব। আগের সরকারের উদ্দেশ্য জনহিত ছিল না। আমরা সেটাও চেষ্টা করব।”

  • 14 May 2026 09:29 AM (IST)

    হেলমেট না পরায় ২ হাজারের বেশি মামলা পুলিশের

    নিয়মের বাইরে যে কাজ হবে, তার বিরুদ্ধে জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক সিদ্ধান্তে সেটা পরিষ্কার করে দিলেন  শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হেলমেট পরা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।হেলমেট না পরার অভিযোগে সোম ও মঙ্গল মিলিয়ে ২ হাজার ৬৬১ টি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। নতুন সরকারের সোজা কথা, আইন মানো সুখে থাকো।

  • 14 May 2026 09:23 AM (IST)

    কীভাবে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন, জানালেন অগ্নিমিত্রা

    কীভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করবেন, জানিয়ে দিলেন অগ্নিমিত্রা পল। তিনি বলেন, “আমি শুনছিলাম এত দিন লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকারের মাধ্যমে হয়েছে। তবে  অন্নপূর্ণা ভান্ডার পুরোটাই অনলাইনে করতে হবে। সমস্ত মানুষ যাতে অনলাইনেই আবেদন করতে পারেন সেটা দেখা হবে। যিনি ক্লাস ওয়ান পাস কিংবা ক্লাস পাস করেছেন বা হয়ত শিক্ষার আলোই দেখেননি তাঁদেরও কোনও অসুবিধা হবে না। এতটাই সহজ ভাবে অনলাইনে আবেদনের পদ্ধতি করা হবে।”

  • 14 May 2026 09:19 AM (IST)

    আজ উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ

    আজ উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল সাড়ে দশটা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হবে। এরপর ১১টা থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে।

  • 14 May 2026 09:16 AM (IST)

    আজ বিধানসভায় শপথ ১৫০ বিধায়কের

    আজ বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানের দ্বিতীয় দিন। এদিন, ১৫০ জন শপথ নেবেন বিধায়করা। বিধানসভায় উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী।

Published On - May 14,2026 9:08 AM

Follow Us