Bangladesh PM Oath Taking: তারেকের শপথ গ্রহণে আমন্ত্রণ প্রধানমন্ত্রী মোদীকে, আর কে কে ডাক পেলেন?
India-Bangladesh Relation: আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ তারেক রহমানের। ওই দিনই শপথ নেবে নতুন মন্ত্রিসভা। ইতিমধ্যেই আমন্ত্রণ পাঠানোও শুরু হয়েছে। তারেক রহমানের শপথ গ্রহণে আমন্ত্রণ এল ভারতের কাছেও। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসই এই আমন্ত্রণ জানিয়েছেন।

ঢাকা: ধানের শীষ চালাবে দেশ। বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় বিএনপি। আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ তারেক রহমানের। ওই দিনই শপথ নেবে নতুন মন্ত্রিসভা। ইতিমধ্যেই আমন্ত্রণ পাঠানোও শুরু হয়েছে। তারেক রহমানের শপথ গ্রহণে আমন্ত্রণ এল ভারতের কাছেও। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসই এই আমন্ত্রণ জানিয়েছেন।
জানা গিয়েছে, ভারতের পাশাপাশি বাকি দুই প্রতিবেশী চিন ও পাকিস্তানকেও আমন্ত্রণ জানিয়েছেন মহম্মদ ইউনূস। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে জয়ের পর বিএনপির নেতৃত্বের সঙ্গে কথা বলেন ইউনূস। তারপরই ১৩ দেশের প্রধানকে তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারা কারা আমন্ত্রিত?
কূটনৈতিক সূত্রে খবর, এখন পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে ভারত, চিন, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তাঁদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
প্রধানমন্ত্রী মোদী কি যাবেন?
কেন্দ্রীয় সরকারের তরফে এখনও এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতও উপস্থিত থাকতে পারে। আগেই শোনা গিয়েছিল যে দেশের প্রতিনিধি হিসাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে যেতে পারেন। এর আগে বিএনপি প্রধান তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের পরও তাঁর শেষকৃত্যে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী।
