Lakshadweep vs Maldives: মলদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বড় বার্তা দিলেন বিদেশমন্ত্রী
S Jaishankar: সোশ্যাল মিডিয়ায় যখন মলদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ নিয়ে তুমুল বিতর্ক চলছে, ঠিক সেই সময় মলদ্বীপের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। বৃহস্পতিবার উগান্ডার রাজধানী কাম্পালায় এক দ্বিপাক্ষিক আলোচনায় বসেন এস জয়শংকর ও মলদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জ়ামির।

নয়া দিল্লি ও কাম্পালা: মলদ্বীপ নাকি লাক্ষাদ্বীপ? সোশ্যাল মিডিয়ায় তুমুল লড়াই চলছে এই নিয়ে। মলদ্বীপের কয়েকজন মন্ত্রীর সাম্প্রতিক কিছু মন্তব্যের তীব্র ধিক্কার জানিয়েছেন ভারতীয় নেটিজেনরা। টাকা খরচ করে মলদ্বীপ না গিয়ে ভারতের সুন্দর নীল সমুদ্র, সাদা বালির লাক্ষাদ্বীপকেই পছন্দ করছেন নেটাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় যখন মলদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ নিয়ে তুমুল বিতর্ক চলছে, ঠিক সেই সময় মলদ্বীপের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। বৃহস্পতিবার উগান্ডার রাজধানী কাম্পালায় এক দ্বিপাক্ষিক আলোচনায় বসেন এস জয়শংকর ও মলদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জ়ামির।
সাম্প্রতিক ঘটনা পরম্পরার নিরিখে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। আর বৈঠক বেশ ফলপ্রসুও হয়েছে। মলদ্বীপের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এস জয়শংকর এক্স হ্যান্ডেলে লিখেছেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ‘খোলামেলা আলোচনা’ হয়েছে তাঁদের মধ্যে। নন-অ্যালাইনড মুভমেন্ট (NAM) সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে সদর্থক আলোচনা হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন এস জয়শংকর।
Met Maldives FM @MoosaZameer today in Kampala.
A frank conversation on 🇮🇳-🇲🇻 ties. Also discussed NAM related issues. pic.twitter.com/P7ResFlCaK
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 18, 2024
শুক্রবার থেকেই উগান্ডার রাজধানী কাম্পালায় শুরু হচ্ছে NAM অন্তর্ভুক্ত দেশগুলির সম্মেলন। দু’দিন ধরে চলবে এই সম্মেলন। NAM সম্মেলনে যোগ দিতেই কাম্পালায় গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। মলদ্বীপের কয়েকজন মন্ত্রীর বিতর্কিত মন্তব্য এবং তারপ মলদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ সোশ্যাল মিডিয়ার লড়াই… এমন পরিস্থিতি ভারত ও মলদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর ছিল গোটা বিশ্বের কূটনৈতিক মহলে। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুই দেশের বিদেশমন্ত্রীর এই সদর্থক খোলামেলা আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
