Bangladesh: ‘তিতুমীরের বাংলায় ঠাঁই নেই’, ফের রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপে দেওয়া হল বাংলাদেশে
Rabindranath Tagore Image: প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের আগে সিটি করপোরেশন এই শিল্পকর্মের উদ্যোগ নিয়েছিল। দেওয়ালে ফকির লালন শাহ, চিত্রশিল্পী এস এম সুলতান, কাজী নজরুল ইসলাম, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতি রয়েছে।

বাংলাদেশ: ফের বিকৃত করা হল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এবার বাংলাদেশের খুলনায়। একটি দেওয়াল চিত্র কালো কালি দিয়ে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ। পাশে লাগানো পোস্টারে তাঁর মুসলমান বিরোধিতা ও পূর্ব বাংলার বিরোধিতা করার অভিযোগ তোলা হয়েছে। শুক্রবার সকালে এই বিষয়টি প্রকাশ্য়ে আসার পর পুলিশ তদন্ত শুরু করেছে।
খুলনা রেল স্টেশনের প্রাচীরে বিশিষ্ট সাহিত্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতির পাশে এটি আঁকা হয়েছিল। অন্যান্য প্রতিকৃতিগুলো অক্ষত রাখা হয়, কিন্তু রবীন্দ্রনাথের ছবিতে কালি ছিটিয়ে দেওয়া হয়।
একটি পোস্টারে লেখা ছিল, “যিনি মুসলমান ও পূর্ব বাংলার প্রতি শত্রুভাবাপন্ন ছিলেন, সেই রবীন্দ্রনাথের ঠাঁই তিতুমীরের বাংলায় নেই।” খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, পুলিশ শুক্রবার বিকেলে এই ঘটনার কথা জানতে পারে। তিনি বলেন, “শুক্রবার রাস্তার ওপারে সমস্ত দোকান বন্ধ থাকায় কে বা কারা কখন ম্যুরালটি বিকৃত করেছে তা বোঝা যাচ্ছে না।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের আগে সিটি করপোরেশন এই শিল্পকর্মের উদ্যোগ নিয়েছিল। দেওয়ালে ফকির লালন শাহ, চিত্রশিল্পী এস এম সুলতান, কাজী নজরুল ইসলাম, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতি রয়েছে।
ঘটনার নিন্দা জানিয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিশু ও কিশোরদের মধ্যে মুক্তচিন্তার প্রসার করার জন্যই প্রতিকৃতিগুলো তৈরি করা হয়েছিল। তিনি বলেন, “প্রতিকৃতিটি বিকৃত করার মাধ্যমে তারা তাদের সংকীর্ণ মানসিকতা ও অসুস্থ মানসিকতার পরিচয় দিয়েছে।”
