Md Shami: টেস্ট থেকে অবসর শামির, হতাশ বঙ্গ কোচ লক্ষ্মীরতন শুক্লা
Test Cricket: ২০১৩ সালের ৬ নভেম্বর টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। কলকাতাতে সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৫ - দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট এসেছিল তাঁর ঝুলিতে। এরপর থেকেই ভারতের এক নির্ভরযোগ্য বোলার হয়ে ওঠেন তিনি।

কলকাতা: গতকালই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহম্মদ শামি। তাঁর এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চমকে উঠেছেন সবাই। রঞ্জিতে ধারাবাহিক ভাল পারফরম্যান্স, ডোমেস্টিক ক্রিকেটেও ভাল পারফরম্যান্স করেও তাঁকে বারবার অবজ্ঞা করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটে। ক্রমাগত ভাল খেলেও তিনি ভারতীয় দলের হয়ে সুযোগ পাননি। সেই আক্ষেপ থেকেই লাল বলকে বিদায় জানালেন শামি, মনে করছেন অনেকেই। এই একই আক্ষেপ শোনা গেল বাংলা রঞ্জি দলের কোচ লক্ষ্মীরতন শুক্লার কথায়ও।
শামির অবসর নিয়ে প্রচন্ড হতাশ লক্ষ্মী। সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি বললেন, “শামি একজন দুর্দান্ত বোলার, ভাল মানুষ। আমি জাতীয় দলের হয়ে সফল একজন ফাস্ট বোলারকে ডোমেস্টিক ক্রিকেটের জন্য এত খাটতে কখনও দেখিনি। এত উইকেট, তাও ২ বছর ধরে রঞ্জি, মুস্তাক আলি – সবেতেই সফল বোলার শামি।” এরপরেই তিনি বলেন, “আমরা সবাই চেয়েছিলাম, জাতীয় দলের হয়ে তুমি আবার একবার খেলো। কিন্তু উপরওয়ালা হয়ত সেই দিন হতে দিতে চাননি।” অতীতের স্মৃতিচারণ করতেও ভোলেননি বঙ্গ কোচ। তাঁর কথায়, “আমাদের মনে আছে, যখন তুমি অনুর্ধ্ব ২০-র ট্রায়ালে এসেছিলে। এরপর সেখান থেকেই তুমি রঞ্জি দলের একটি অংশ হয়ে উঠেছিল। তখন আমি ক্যাপ্টেন ছিলাম, এখন আমি কোচ। ফলে, তোমার টেস্ট কেরিয়ারের শুরু ও শেষ – দুইই আমাদের সঙ্গে হল। তুমি সকলের কাছেই এক অনুপ্রেরণা হয়ে থাকবে। “
২০১৩ সালের ৬ নভেম্বর টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। কলকাতাতে সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৫ – দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট এসেছিল তাঁর ঝুলিতে। এরপর থেকেই ভারতের এক নির্ভরযোগ্য বোলার হয়ে ওঠেন তিনি। একই সঙ্গে বাংলার হয়ে খেলতে থাকেন রঞ্জিও। ৬৪ টেস্ট ম্যাচে ২২৯টি উইকেটও রয়েছে তাঁর। কিন্তু ২০২৩ এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর থেকেই আর দলে জায়গা পাচ্ছিলেন না। অনেকেই অনুমান করছেন, এই ‘বঞ্চনা’র সঙ্গে যুঝতে না পেরেই অবসর গ্রহণ করলেন তিনি।
