Jensen Huang: টয়লেট পরিষ্কার করতে হত ছোটবেলায়, ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia তৈরি করেও সব হারালেন বিবাহ বহির্ভূত সম্পর্কে! কে এই জেনসেন হুয়াং?
Nvidia: ১৯৯৩ সালে দুই বন্ধুর সঙ্গে সিলিকন ভ্যালি (Silicon Valley)-র একটি রেস্তোরাঁয় বসেই এনভিডিয়া (Nvidia) প্রতিষ্ঠা করেন। খন তাঁদের হাতে ছিল প্রায় ৪০ হাজার ডলার। তাঁদের লক্ষ্য ছিল এমন প্রযুক্তি তৈরি করা, যা সাধারণ কম্পিউটারের পক্ষে করা কঠিন কাজও করতে পারে।

নিউ ইয়র্ক: একসময় ইংরেজি বলতে পারতেন না, স্কুলে সহপাঠীদের হাতে নিগ্রহের শিকার হতেন। এমনকী শৌচাগারও পরিষ্কার করতে হয়েছে তাঁকে! সেই ছেলেই পরবর্তীতে তৈরি করলেন বিশ্বের অন্যতম শক্তিশালী প্রযুক্তি সংস্থা এনভিডিয়া (Nvidia)। ৩৩ বছর ধরে সংস্থাটির নেতৃত্ব দিয়েছেন জেনসেন হুয়াং। ৩৩ বছর ধরে এনভিডিয়া-র সঙ্গে প্রায় সমার্থক হয়ে ছিলেন জেনসেন হুয়াং (Jensen Huang)। তিনি এই সংস্থার সহ-প্রতিষ্ঠাতাও বটে। তবে ব্যক্তিগত সম্পর্ক ওলট-পালট করে দিল সব। বৃহস্পতিবার, ১২ নভেম্বর এনভিডিয়া (Nvidia)-র সিইও (CEO) পদ থেকে ইস্তফা দেন জেনসেন হুয়াং। কোম্পানির বোর্ডও ছেড়েছেন তিনি।
জেনসেনের বেড়ে ওঠা-
১৯৬৩ সালে তাইপেইয়ে জন্ম জেনসেন হুয়াংয়ের। তাঁর আসল নাম ছিল জেন সুন (Jen-Hsun)। ছোটবেলায় পরিবারের সঙ্গে থাইল্যান্ডে বড় হন। পরে তাঁর বাবা-মা তাঁকে ও তাঁর ভাইকে আমেরিকার কেনটাকির একটি বোর্ডিং স্কুলে পাঠান। বাবা-মা ভেবেছিলেন, সেটি আমেরিকার কোনও নামী স্কুল। পরে জানা যায়, স্কুলটি মূলত সমস্যাগ্রস্ত কিশোরদের জন্য ছিল।
মা-বাবার এই সিদ্ধান্তের কারণে এবং বয়সে ছোট হওয়ায়, জেনসেনকে বেশ কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। তাঁর ইংরেজিও খুব ভালো ছিল না। সহপাঠীদের নিগ্রহ বা বুলিংয়ের শিকার হতেন তিনি। তাঁকে বাধ্য করা হত টয়লেট পরিষ্কার করার জন্য। কিন্তু জীবনের সেই কঠিন অভিজ্ঞতাকেই পরে নিজের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে দেখেছিলেন জেনসেন।
পরবর্তী সময়ে জেনসেনের পরিবার ওরেগনে চলে আসেন পাকাপাকিভাবে। কিশোর বয়সে তিনি ডেনিস (Denny’s) রেস্তরাঁয় ওয়েটারের কাজ করতেন। হাইস্কুলের কম্পিউটার ক্লাবে যোগ দেন। স্কুল পাশ করে ওরেগন স্টেট ইউনিভার্সিটি (Oregon State University)-তে ইঞ্জিনিয়ারিং পড়েন। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় তাঁর স্ত্রী লোরির। মাত্র ২০ বছর বয়সে স্নাতক হন জেনসেন।
এনভিডিয়ার প্রতিষ্ঠা ও উত্থান-
AMD এবং LSI Logic-এ চিপ ডিজাইনের কাজ করেন জেনসেন। ১৯৯৩ সালে দুই বন্ধুর সঙ্গে সিলিকন ভ্যালি (Silicon Valley)-র ডেনিস (Denny’s) রেস্তরাঁয় বসেই এনভিডিয়া (Nvidia) প্রতিষ্ঠা করেন। খন তাঁদের হাতে ছিল প্রায় ৪০ হাজার ডলার। তাঁদের লক্ষ্য ছিল এমন প্রযুক্তি তৈরি করা, যা সাধারণ কম্পিউটারের পক্ষে করা কঠিন কাজও করতে পারে।
এনভিডিয়া-র তৈরি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (Graphics Processing Unit) প্রথমে মূলত ভিডিয়ো গেমের গ্রাফিক্স উন্নত করার কাজে ব্যবহৃত হত। কিন্তু পরবর্তীতে এই একই প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর বিপুল পরিমাণ হিসাব-নিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চ্যাটজিপিটি (ChatGPT)-র মতো জেনারেটিভ এআই (AI) প্রযুক্তির উত্থানের সঙ্গে এনভিডিয়া-র চিপের চাহিদা হু হু করে বাড়ে।
আজ এনভিডিয়া (Nvidia)-র বাজারমূল্য প্রায় ৪.৫ ট্রিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ৪২৪ লক্ষ কোটি টাকা। জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় ১৬০ বিলিয়ন ডলার। ২০২০ সালের আগেও খুব একটা পরিচিত ছিলেন না জেনসেন। পরে তাঁর পরিচিতি হয়ে ওঠে কালো টি-শার্ট ও লেদার জ্যাকেট। তাঁর হাতে Nvidia-র লোগোর ট্যাটুও রয়েছে।
সাফল্যের সঙ্গে আসে বিতর্কও-
দীর্ঘ ৩৩ বছরের এনভিডিয়ার যাত্রাপথে তাঁর সাফল্যের গল্পের পাশাপাশি বিতর্কও তৈরি হয়েছে। চিনে উন্নত এনভিডিয়া চিপ বিক্রি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে তাঁর সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সম্প্রতি তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিতর্ক তৈরি হয়। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, অ্যালিস হুয়াং নামক যে চিনা নাগরিকের সঙ্গে জেনসেন সম্পর্কে ছিলেন, সেই অ্যালিস চিনা গোয়েন্দাদের হয়ে কাজ করতেন। সিঙ্গাপুরের ডেটা সেন্টার সংস্থা মেগাস্পিড (Megaspeed)-এর প্রাক্তন আধিকারিক অ্যালিস। যদিও চিন এই অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছে।
মেগাস্পিড সংস্থা এনভিডিয়ার কাছ থেকে অত্যাধুনিক চিপ কিনত। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, দুই বছরে সংস্থাটি ৪.৮ বিলিয়ন ডলারের বেশি এনভিডিয়া চিপ কিনেছিল। মার্কিন বাণিজ্য দফতর ইতিমধ্যেই তদন্ত করেছে যে এই চিপগুলি কোনওভাবে চিনা সংস্থার কাছে মার্কিন রফতানি-নিয়ম ভেঙে পৌঁছেছিল কি না।
২০২৫ সালের অক্টোবর থেকেই হুয়াং ও অ্যালিসের সম্পর্ক নিয়ে মার্কিন প্রশাসনের নজরদারি শুরু হয়েছিল বলে রিপোর্টে দাবি করা হয়। এমনকি মার্কিন গোয়েন্দারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বিষয়টি জানিয়েছিলেন বলে খবর।
এই বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার ৬৩ বছর বয়সে এনভিডিয়ার সিইও পদ থেকে ইস্তফা দেন জেনসেন হুয়াং। তাঁর জায়গায় অন্তর্বর্তী সিইও হিসাবে দায়িত্ব পেয়েছেন কোম্পানির সিএফও কোলেট ক্রেস।
ব্যক্তিগত সম্পর্কের স্বীকারোক্তি
গত ৮ নভেম্বর কর্মীদের উদ্দেশে চিঠি লিখে হুয়াং স্বীকার করেন যে তিনি স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি বলেন যে তাঁর এই কাজের কোনও অজুহাত নেই এবং তিনি গভীরভাবে দুঃখিত। একই দিনে এনভিডিয়া, যে সংস্থাকে তিনি তৈরি করেছিলেন, সেই সংস্থাই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। ১১ নভেম্বর আরও একটি রিপোর্টে দাবি করা হয়, জেনসেন হুয়াং-এর সঙ্গে এনভিডিয়া-র এক অধস্তন মহিলা কর্মীরও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
