Strait of Hormuz Shipping Limit: দিনে ১৫টির বেশি জাহাজ যাবে না, হরমুজ প্রণালী দিয়ে যেতে কী কী শর্ত মানতে হবে, বলে দিলেন খামেনেই পুত্র
Global Oil Route News: আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হলেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনও অত্যন্ত সীমিত রয়েছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, লেবাননে নতুন করে সংঘাত শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

তেহরান: যুদ্ধে সাময়িক ইতি। অবশেষে জাহাজ চলাচলের জন্য খুলেছে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। তব এখন থেকেই নানা শর্ত, নতুন নতুন নিয়ম চাপাচ্ছে ইরান (Iran)। হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সম্প্রচারিত এক বিবৃতিতে খামেনেই ঘোষণা করেছেন যে, ইরান হরমুজ প্রণালী পরিচালনার একটি ‘নতুন ধাপে’ প্রবেশ করছে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে যারা ইরানকে আক্রমণ করেছে, তারা কোনওভাবেই বিনা শাস্তিতে পার পাবে না।
খামেনেই পুত্র বলেছেন যে, তেহরান যুদ্ধের ফলে হওয়া সমস্ত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায়ের পরিকল্পনা করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ ব্যবস্থাপনায় ‘যুগান্তকারী নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। মোজতবা খামেনেই বলেন, “এই যুদ্ধে প্রতিটি ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, শহিদদের রক্তের মূল্য এবং আহতদের ক্ষতিপূরণ আমরা অবশ্যই দাবি করব।”
গত ২৮ ফেব্রুয়ারি, যুদ্ধ শুরুর প্রথম দিনেই আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের। বাবার মৃত্যুর ‘প্রতিশোধ’ নিতে অবিচল পুত্র। গতকাল তিনি স্পষ্ট বলে দেন, “ইরান যুদ্ধ চায় না, তবে নিজের অধিকার থেকেও এক চুল বিচ্যুত হবে না।”
দৈনিক ১৫টি জাহাজ, প্রয়োজন হবে আইআরজিসি-র অনুমতি-
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হলেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনও অত্যন্ত সীমিত রয়েছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, লেবাননে নতুন করে সংঘাত শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
রুশ সংবাদ সংস্থা ‘তাস’ (TASS)-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ইরানের এক শীর্ষ সূত্র জানিয়েছেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান প্রতিদিন ১৫টির বেশি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করতে দেবে না। প্রতিটি জাহাজ চলাচলের জন্য ইরানের আগাম অনুমতি এবং নির্দিষ্ট প্রোটোকল মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।
সূত্রের খবর,বর্তমানে যুদ্ধবিরতির অধীনে ইরান হরমুজ প্রণালী দিয়ে দিনে ১৫টি জাহাজকে যাতায়াতের অনুমতি দিয়েছে। এই চলাচল সম্পূর্ণভাবে ইরানের অনুমোদন এবং আইআরজিসি-র (IRGC) সরাসরি তত্ত্বাবধানে থাকা একটি নির্দিষ্ট প্রোটোকলের ওপর নির্ভরশীল।
উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেল আমদানি-রফতানির প্রায় এক-পঞ্চমাংশই এই হরমুজ প্রণালী দিয়ে হয়। ইরানের এই নতুন অবস্থান বিশ্ব বাজারে তেলের সরবরাহ এবং ভূ-রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
