Sheikh Hasina: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা!
Sheikh Hasina: দুদিনে তিনটি - মামলায় মামলায় জর্জরিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগেই এক মুদি দোকানিকে হত্যা এবং এক এক অপহরণের মামলা দায়ের করা হয়েছিল তাঁর বিরুদ্ধে। এবার মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে শেখ হাসিনা-সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

ঢাকা: দেশে ফিরবেন কী, মামলায় মামলায় জর্জরিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনে মোট তিনটি মামলা দায়ের হল তাঁর বিরুদ্ধে! মঙ্গলবার, এক মুদি দোকানির হত্যার দায়ে মামলা করা হয়েছিল তাঁর বিরুদ্ধে। বুধবার (১৪ অগস্ট) সকালে তাঁর বিরুদ্ধে এক অপহরণের মামলা দায়ের করা হয়। এবার মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে শেখ হাসিনা-সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসঙ্গত, ক্ষমতায় থাকাকালীন, ২০০৯ সালে একাত্তরের যুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনা। রাজাকার বাহিনীর একের পর এক সদস্যকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন। এবার একই অভিযোগে সেই ট্রাইব্যুনালেই তাঁকেও বিচারের মুখোমুখি হতে হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপ-পরিচালক, আতাউর রহমান জানিয়েছেন, এদিন সুপ্রিম কোর্টের আইনজীবী, গাজী এমএইচ তানিম এই সংক্রান্ত অভিযোগ রুজু করেছেন। গত ৫ অগস্ট, হাসিনার দেশত্যাগের দিন, ঢাকার সাভার উপজেলায় গুলিবিদ্ধ হন নবম শ্রেণির শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম। ৭ অগস্ট চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সিয়ামের বাবা, বুলবুল কবিরের পক্ষে এই অভিযোগ রুজু করেছেন আইনজীবী গাজী এমএইচ তানিম। মামলার হাসিনা ছাড়া আসামি হিসেবে নাম রয়েছে প্রাক্তন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাক্তন তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, প্রাক্তন তথ্যমন্ত্রী এমএ আরাফাত, প্রাক্তন আইজিপি চৌধুরি আব্দুল্লাহ আল মামুন, প্রাক্তন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও প্রাক্তন ডিবিপ্রধান হারুন অর রশিদের। আওয়ামি লিগ এবং যুবলিগ ও ছাত্রলিগ-সহ তাদের অন্যান্য শাখা সংগঠনগুলির বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হককে। বুধবার (১৪ অগস্ট) সন্ধ্যায় তাঁদের আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্ত ও ক্ষমতাচ্যুত সরকারের গোপন তথ্য বের করার স্বার্থে তাদের ১০ দিনের জন্য হেফাজতে চায় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মামুনুর রশিদ পুলিশের আবেদন মঞ্জুর করেন। মঙ্গলবার রাতে ঢাকার সদরঘাট থেকে পুলিশ তাঁদের গ্রেফতার করেছিল। জলপথে তাঁরা ভারতে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার, মাইনুল হাসান জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন, গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক ছাত্র এবং এক হকারের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা করা হয়েছিল। এই দুই হত্যার ঘটনায় ইন্ধন দেওয়ার দায়ে ক্ষমতাচ্যুত সরকারের এই দুই কর্তাব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হাসিনার বিদায়ের পর এতদিন তাঁরা আত্মগোপন করে ছিলেন।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
