IRCTC New Website: প্রতি মিনিটে দেড় লাখ টিকিট, বুকিংয়ের আগেই যাত্রীরা বাছতে পারবেন সিট! IRCTC-র নতুন সাইটে বিরাট চমক
Indian Railways: প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমেও বড়সড় আপগ্রেড হতে চলেছে। বর্তমানে যে সিস্টেম রয়েছে, তাতে প্রতি মিনিটে ৪ লাখ এনকোয়ারি বা প্রশ্নের উত্তর দেওয়া হয়। সেই সিস্টেমে আপগ্রেড করে এবার নতুন পরিকাঠামোয় প্রতি মিনিটে ৪০ লাখ প্রশ্নের উত্তর দেওয়া হবে।

নয়া দিল্লি: এতদিন ট্রেনে সফর করতে গিয়ে যা অভিজ্ঞতা হয়েছে, তা এবার আমূল পরিবর্তন হতে চলেছে। ট্রেনের টিকিট বুকিংয়ে আসছে বিরাট পরিবর্তন। আজ, ১৫ জুলাই নতুন ওয়েবসাইট লঞ্চ করতে চলেছে আইআরসিটিসি (IRCTC)।
আইআরসিটিসি-র নতুন প্ল্যাটফর্ম আরও ভালো পারফরমেন্স করবে বলেই জানানো হয়েছে। বাড়ছে বুকিংয়ের ক্ষমতা বা ক্যাপাসিটি। অনলাইনে যাত্রীদের টিকিট কাটার জন্য থাকছে একাধিক নতুন ফিচার। বিশেষ করে তৎকাল বুকিংয়ের প্রক্রিয়া আরও সহজ ও নির্ঝঞ্চাট হতে চলেছে।
গত জুন মাসেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বলেছিলেন যে আগামী ১৫ জুলাই আইআরসিটিসি (IRCTC) নতুন ও আরও উন্নত ওয়েবসাইট আসতে চলেছে। তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আজ আইআরসিটিসি-র ওয়েবসাইট না-ও লঞ্চ হতে পারে। আগামী মাসে, স্বাধীনতা দিবসের সময় এই ওয়েবসাইট লঞ্চ হতে পারে।
কী কী ফিচার্স থাকবে নতুন ওয়েবসাইটে?
দ্রুত বুকিং-
ওয়েবসাইটে সবথেকে বড় আপগ্রেড হচ্ছে দ্রুত বুকিং। নতুন ওয়েবসাইটে প্রতি মিনিটে দেড় লাখ টিকিট বুকিং সম্ভব হবে। বর্তমানে প্রতি মিনিটে প্রায় ৩২ হাজার টিকিট বুক সম্ভব। অর্থাৎ ওয়েবসাইটের ক্ষমতা পাঁচ গুণ বাড়তে চলেছে।
প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমেও বড়সড় আপগ্রেড হতে চলেছে। বর্তমানে যে সিস্টেম রয়েছে, তাতে প্রতি মিনিটে ৪ লাখ এনকোয়ারি বা প্রশ্নের উত্তর দেওয়া হয়। সেই সিস্টেমে আপগ্রেড করে এবার নতুন পরিকাঠামোয় প্রতি মিনিটে ৪০ লাখ প্রশ্নের উত্তর দেওয়া হবে। ওয়েবসাইট ধীরে বা স্লো হয়ে যাওয়া, পেমেন্ট ফেলিওর বা বুকিংয়ের সময় ‘এরর’ বা সমস্যা দূর করা হবে।
যাত্রীদের জন্য নতুন কী থাকবে?
সিট সিলেকশন-
নতুন ওয়েবসাইটে যাত্রীরা টিকিট বুকিংয়ের সময় নিজেদের পছন্দ মতো সিট বেছে নিতে পারবেন। বর্তমানে টিকিট বুকিংয়ের সময় এই সুবিধা পাওয়া যায় না। কেবলমাত্র লোয়ার বার্থের অপশনে টিক দেওয়া যায়। তাতেও এই সিট পাওয়ার ১০০ শতাংশ গ্যারান্টি দেওয়া যায় না। তবে নতুন সিস্টেমে নিজেদের পছন্দের বার্থ বা সিট বাছাই করতে পারবেন।
ফেয়ার ক্যালেন্ডার-
টিকিট কাটার আগে যাত্রীরা বিভিন্ন দিনে ট্রেনের ভাড়া কত দেখাচ্ছে, তা দেখে নিতে পারবেন, ঠিক যেমনটা বিমানের টিকিট কাটার ক্ষেত্রে দেখা যায়।
সিট ফাঁকা-
কোন কামরায় ক’টা সিট ফাঁকা আছে, তাও এবার এক জায়গাতেই দেখতে পাবেন যাত্রীরা। এসি ৩ টায়ার, ২ টায়ার, স্লিপারের মধ্যে বারবার ট্যাব বদল করতে হবে না। একটি স্ক্রিনেই সব তথ্য দেখা যাবে।
কমবে ক্যাপচা-
অনেক যাত্রীরই অভিযোগ ছিল, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ক্যাপচা দিতে দিতেই অনেকটা সময় চলে যায়। নতুন ইন্টারফেসে অহেতুক পপ-আপ, ব্যানার থাকবে না। বারবার ক্যাপচা কোডও দিতে হবে না বুকিংয়ের জন্য। এই নতুন ফিচারে তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে।
একাধিক ভাষার সুযোগ-
আইআরসিটিসি-র নতুন ওয়েবসাইটে একাধিক ভাষার সাপোর্ট থাকবে। ফলে গ্রাহকদের টিকিট কাটতে সুবিধা হবে। পড়ুয়া, বিশেষভাবে সক্ষম ও রোগীদের ক্ষেত্রে যে ছাড় পাওয়া যায়, সেই বুকিং-ও এই প্ল্যাটফর্মেই হবে।
