LPG Cylinder Surrender: ছাড়তে হবে LPG সিলিন্ডার কানেকশন, কাদের কাদের বাড়িতে নোটিস পাঠাবে সরকার?
LPG Cylinder Surrender Rules: রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ওয়েল মার্কেটিং কোম্পানিগুলির প্রতি এলপিজি সিলিন্ডার পিছু ৬৯০ টাকা ক্ষতি হচ্ছে। বার্ষিক ১ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। এর উপরে কেন্দ্রের তরফে যেহেতু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়, তাই ক্ষতির অঙ্ক বেড়ে ১৯ হাজার কোটি টাকায় পৌঁছেছে।

নয়া দিল্লি: ইরানের যুদ্ধ তেল ও জ্বালানি সঙ্কটে ফেলেছে গোটা বিশ্বকে। ভারতও ছাড় পায়নি। জ্বালানি সঙ্কটের সঙ্গে লড়াই করতে হচ্ছে দেশকেও। এই সঙ্কট থেকে শিক্ষা নিয়েই এবার কেন্দ্রের বড় পদক্ষেপের পরিকল্পনা। এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) ছেড়ে পাইপড ন্যাচরাল গ্যাস বা পিএনজি (PNG) ব্যবহারের উপরে জোর দেওয়া হচ্ছে। এবার এলপিজি সিলিন্ডার নিয়ে বাড়ি বাড়ি আসতে পারে নোটিস। নোটিসে কী বার্তা দিচ্ছে সরকার?
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সেক্রেটারি নীরজ মিত্তল যে চিঠি দিয়েছেন, তাতে বলা হয়েছে হরমুজ প্রণালী ঘিরে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা মাথায় রেখে বর্তমানে এলপিজির উপরে নির্ভরশীলতা কমানো প্রয়োজনীয় হয়ে উঠেছে। তাছাড়া এলপিজিতে যে বিপুল হারে সাবসিডি বা ভর্তুকি দেওয়া হয়, তার কারণেও সরকারকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, বর্তমানে অয়েল মার্কেটিং কোম্পানিগুলির প্রতি এলপিজি সিলিন্ডার পিছু ৬৯০ টাকা ক্ষতি হচ্ছে। বার্ষিক ১ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। এর উপরে কেন্দ্রের তরফে যেহেতু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়, তাই ক্ষতির অঙ্ক বেড়ে ১৯ হাজার কোটি টাকায় পৌঁছেছে।
কাদের কাছে নোটিস যাবে?
জাগরন ডট কমের রিপোর্ট অনুযায়ী, সমস্ত অয়েল মার্কেটিং কোম্পানি ও সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থাকে নির্দিষ্ট কিছু গ্রাহকদের নোটিস দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
- যে গ্রাহকদের কাছে ডুয়েল কানেকশন আছে অর্থাৎ এলপিজি ও পিএনজি- উভয় কানেকশনই আছে, তাদের এলপিজি সিলিন্ডার সারেন্ডার করার জন্য নোটিস দেওয়া হবে। এলপিজি সিলিন্ডারে ব্ল্যাক মার্কেটিং ও যথেচ্ছ ব্যবহার রুখতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
- যেখানে পিএনজি পাইপলাইন রয়েছে, তাদের এলপিজি কানেকশন ছেড়ে পিএনজি সংযোগ নিতে বলা হয়েছে।
- কেন্দ্রের নতুন নিয়মে যাদের কাছে এলপিজি ও পিএনজি- উভয় কানেকশনই আছে, তাদের পিএনজি সংযোগ পাওয়ার ৩০ দিনের মধ্যে এলপিজি সিলিন্ডার সারেন্ডার করতে হবে।
- গ্রাহকরা চাইলে ট্রান্সফার ভাউচারও নিতে পারেন। যেখানে পিএনজি কানেকশন নেই, সেখানে এলপিজি সংযোগ পেতে এই ভাউচার ব্যবহার করা যেতে পারে।
