Overtime Rules: অফিসে ওভারটাইম করলেই এবার পাবেন ডবল টাকা! এই নতুন নিয়ম জানেন তো?
New Labour Rules: নতুন শ্রম আইনে চাকরিজীবীদের কথা মাথায় রেখে একাধিক নিয়মে বদল আনা হয়েছে। বদলেছে গ্রাজুয়িটির নিয়ম। কর্মীদের ছুটি বিক্রির টাকা দেওয়া থেকে শুরু করে চাকরি ছাড়ার দুইদিনের মধ্যে সম্পূর্ণ সেটেলমেন্টের নিয়ম তৈরি করা হয়েছে।

নয়া দিল্লি: অফিসে ঢোকার নির্দিষ্ট সময় আছে, কিন্তু বেরনোর সময় নেই! এটাই বাস্তব চিত্র অনেক অফিসের। ওভারটাইমেই অভ্যস্ত হয়ে উঠেছেন কর্মীরা। তবে এই ওভারটাইমের জন্য কোনও অতিরিক্ত পারিশ্রমিক মেলে না। তবে এবার সেই প্রথায় ইতি পড়বে। নতুন শ্রম আইনে (New Labour Law) বলা হয়েছে, ওভারটাইম করলেই দিতে হবে দ্বিগুণ পারিশ্রমিক (Double Wages)। কতক্ষণ কাজ করলে এই ওভারটাইমের টাকা পাবেন? নিয়মে আর কী কী বলা হয়েছে, জেনে নিন-
নতুন শ্রম আইনে চাকরিজীবীদের কথা মাথায় রেখে একাধিক নিয়মে বদল আনা হয়েছে। বদলেছে গ্রাজুয়িটির নিয়ম। কর্মীদের ছুটি বিক্রির টাকা দেওয়া থেকে শুরু করে চাকরি ছাড়ার দুইদিনের মধ্যে সম্পূর্ণ সেটেলমেন্টের নিয়ম তৈরি করা হয়েছে।
কী বলছে নতুন আইন?
নতুন শ্রম আইনেই ওভারটাইম নিয়েও বেশ কিছু বিধান দেওয়া আছে। নির্দিষ্টভাবে বলতে গেলে, ফ্যাক্টরিজ অ্যাক্ট ১৯৪৮ (Factories Act 1948) এবং শপস অ্যান্ড এসট্যাবলিশমেন্টস অ্যাক্টের (Shops and Establishments Act) অধীনে বলা হয়েছে যে কোনও কর্মী ওভারটাইম করলে, তাকে নির্দিষ্ট পারিশ্রমিকের দ্বিগুণ দিতে হবে।
কখন ওভারটাইমের টাকা পাওয়া যাবে?
শ্রম আইনের নিয়ম অনুযায়ী, যদি কোনও কর্মী দৈনিক ৯ ঘণ্টার বেশি কাজ করেন বা সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কাজ করেন, তাহলে তিনি ওভারটাইমের জন্য টাকা পাবেন। দৈনিক সর্বাধিক ৪ ঘণ্টা ওভারটাইম করানো যেতে পারে কোনও কর্মীকে দিয়ে, তার বেশি নয়। ওভারটাইম মিলিয়ে সপ্তাহে ৬০ ঘণ্টার বেশি কাজ করানো যায় না। ১২৫ ঘণ্টার বেশি ওভারটাইম করানো যায় না একটি কোয়ার্টারে।
ওভারটাইমের হিসাব-
নিয়মে বলা হয়েছে, ওভারটাইম করলে সাধারণ পারিশ্রমিকের দ্বিগুণ দিতে হবে। অর্থাৎ যদি কেউ এক ঘণ্টা ওভারটাইম করেন, তাহলে ওই এক ঘণ্টার জন্য দ্বিগুণ টাকা পাবেন পারিশ্রমিক হিসাবে। বেসিক পে-র উপরে ওভারটাইমের টাকা হিসাব করা হবে। অর্থাৎ ধরা যাক কোনও কর্মীর দৈনিক বেসিক পে বা বেতন হল ১৫০০ টাকা। তিনি যদি এক ঘণ্টা অতিরিক্ত কাজ করেন, তাহলে ওই দিনের বেসিক পে-র পাশাপাশি দ্বিগুণ হিসাবে অতিরিক্ত ৩০০০ টাকা পাবেন। ২ ঘণ্টা অতিরিক্ত কাজ করলে, ৬ হাজার টাকা পাবেন।
কেন্দ্রের নিয়ম অনুযায়ী, কোনও কোম্পানি জোর করে অতিরিক্ত কাজ করাতে পারে না। কেউ ওভারটাইম করলে, তাকে পারিশ্রমিক দিতেও অস্বীকার করতে পারে না।
