India Unemployment Rate: দেশে কমেছে বেকারত্বের হার, ক্ষমতায়ন মহিলাদের
Women Employment in India: মহিলাদের কর্মসংস্থানের ক্ষেত্রেও মিলেছে ইতিবাচক ইঙ্গিত। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে মহিলাদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার বেড়ে হয়েছে ৩৪.৭ শতাংশ। এপ্রিল-জুন ত্রৈমাসিকে এই হার ছিল ৩৩.২ শতাংশ। আবার গ্রামীণ এলাকায় কৃষিক্ষেত্রে কর্মরত মানুষের অনুপাতও বেড়েছে।

কলকাতা: দেশের কর্মসংস্থান নিয়ে সুখবর। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) ভারতে বেকারত্বের হার কমে দাঁড়াল ৫.১ শতাংশে। আগের এপ্রিল-জুন ত্রৈমাসিকে এই হার ছিল ৫.৪ শতাংশ। মূলত গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের পরিস্থিতির উন্নতির জেরেই বেকারত্বের হার কমেছে। কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণও বৃদ্ধি পেয়েছে। তবে শহরাঞ্চলে বেকারত্বের হার সামান্য বেড়েছে।
গ্রামীণ এলাকায় কমেছে বেকারত্ব-
পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সাম্প্রতিক পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে (PLFS) রিপোর্ট অনুযায়ী, গ্রামীণ এলাকায় বেকারত্বের হার এপ্রিল-জুন ত্রৈমাসিকের ৪.৮ শতাংশ থেকে কমে জুলাই-সেপ্টেম্বরে হয়েছে ৪.৩ শতাংশ। অন্যদিকে, শহরাঞ্চলে পরিস্থিতি সামান্য উল্টো। সেখানে বেকারত্বের হার ৬.৭ শতাংশ থেকে বেড়ে ৬.৮ শতাংশ হয়েছে। অর্থাৎ, দেশের সামগ্রিক বেকারত্বের হার কমলেও শহরাঞ্চলে কর্মসংস্থানের সমস্যা এখনও উদ্বেগের কারণ।
কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি-
মহিলাদের কর্মসংস্থানের ক্ষেত্রেও মিলেছে ইতিবাচক ইঙ্গিত। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে মহিলাদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার বেড়ে হয়েছে ৩৪.৭ শতাংশ। এপ্রিল-জুন ত্রৈমাসিকে এই হার ছিল ৩৩.২ শতাংশ। এছাড়া, দেশে ১৫ বছর ও তার বেশি বয়সিদের কর্মসংস্থানের অনুপাত (Worker Population Ratio বা WPR) ৫১.৭ শতাংশ থেকে বেড়ে ৫২.৭ শতাংশ হয়েছে। অর্থাৎ, কর্মক্ষম বয়সের জনসংখ্যার মধ্যে কর্মরত মানুষের অনুপাতও বেড়েছে।
কৃষিক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি-
গ্রামীণ এলাকায় কৃষিক্ষেত্রে কর্মরত মানুষের অনুপাতও বেড়েছে। এপ্রিল-জুন ত্রৈমাসিকে এই হার ছিল ৫২.৯ শতাংশ। জুলাই-সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৫৬.৭ শতাংশ। একই সঙ্গে গ্রামীণ এলাকায় স্বনিযুক্ত বা স্বনির্ভর কর্মীর অনুপাত বেড়ে ৬২.৭ শতাংশ হয়েছে। অন্যদিকে, দৈনিক মজুরির ভিত্তিতে বা অস্থায়ীভাবে কাজ করা শ্রমিকদের অনুপাত কমেছে। গ্রামীণ এলাকায় এই হার ২২.৫ শতাংশ থেকে কমে ২১.৭ শতাংশ হয়েছে। শহরাঞ্চলে তা ১১.১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১০.৭ শতাংশে।
কাজ খুঁজছেন আরও বেশি মানুষ-
সমীক্ষা অনুযায়ী, ১৫ বছর ও তার বেশি বয়সিদের মধ্যে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার (LFPR) আগের ত্রৈমাসিকের ৫৪.৬ শতাংশ থেকে বেড়ে ৫৫.৫ শতাংশ হয়েছে। অর্থাৎ, আগের তুলনায় বেশি সংখ্যক মানুষ হয় কর্মরত, নয়তো কাজের সন্ধান করছেন। গ্রামীণ এলাকায় এই হার ৫৬.৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫৮.১ শতাংশ। শহরাঞ্চলেও সামান্য উন্নতি হয়েছে। সেখানে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৫০.২ শতাংশ থেকে বেড়ে ৫০.৪ শতাংশ হয়েছে। সব মিলিয়ে, দেশে বেকারত্বের হার কমা এবং কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি ইতিবাচক ইঙ্গিত। তবে শহরাঞ্চলে বেকারত্বের সমস্যা নিয়ে সামান্য উদ্বেগ রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন।
