এসআইআরে বড় বিভ্রাট! অফিসারের ভুলেই বাদ যেতে পারে সাড়ে ৮ হাজার ভোটারের নাম
SIR in West Bengal: এসআইআর-এ প্রমাণ হিসেবে যে ১৩টি নথি জমা দেওয়ার কথা, তার মধ্যেই নথি জমা দেওয়া হয়েছে বলে দাবি ভোটারদের। ১ থেকে ৯৫ নম্বর বুথের ভোটারদের ক্ষেত্রে নথি আপলোড হয়নি বলে অভিযোগ।

কলকাতা: পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পথে। অথচ জটিলতা এখনও বাড়ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। নথি দেওয়ার পরও এখনও ভোটাররা অন্ধকারে। লক্ষাধিক নথি আপলোড হয়নি, এমন তথ্য আগেই সামনে এসেছে। এবার অভিযোগ উঠল, কেবল একটি এলাকা থেকেই অন্তত সাড়ে ৮ হাজার নাম বাদ পড়তে পারে।
মুর্শিদাবাদের সুতির লক্ষ্মীপুরে প্রায় সাড়ে ৮ হাজার ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা। খবর পেয়েছে কলকাতায় ছুটে এসেছেন ওই এলাকার অনেক ভোটার। তাঁদের দাবি, প্রয়োজনীয় সব নথি জমা দেওয়া সত্ত্বেও সেগুলি আপলোড করেননি এইআরও। অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানাচ্ছেন তাঁরা।
এসআইআর-এ প্রমাণ হিসেবে যে ১৩টি নথি জমা দেওয়ার কথা, তার মধ্যেই নথি জমা দেওয়া হয়েছে বলে দাবি ভোটারদের। ১ থেকে ৯৫ নম্বর বুথের ভোটারদের ক্ষেত্রে নথি আপলোড হয়নি বলে অভিযোগ।
অভিযোগকারী ভোটারদের দাবি, ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে তাঁরা জানতে পেরেছেন তথ্য আপলোড হয়নি, তাই ছুটে এসেছেন কমিশনে। হাতে আর বেশি সময় নেই। কী হবে, কিছুই বুঝতে পারছেন না তাঁরা।
আগেই অভিযোগ উঠেছে, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভুলে বাদ যেতে পারে লক্ষাধিক বৈধ ভোটারের নাম। ইআরও (ERO) ও এইআরও (AERO)-দের ভুলের জন্য লক্ষাধিক ডকুমেন্ট আপলোড হয়নি বলেই অভিযোগ। ফলে সেই সব নাম চূড়ান্ত তালিকায় থাকবে না বলেই কমিশন সূত্রে খবর। এরকম অন্তত ১ লক্ষ ১৪ হাজার ভোটারের ডকুমেন্টস জমা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ডিইও-রা এমনটাই দাবি করেছেন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
