Bijpur Assembly Election Result 2021 Live Update in Bengali: বীজপুরে পিছিয়ে মুকুল পুত্র, উড়ছে ঘাসফুল পতাকা, রইল লাইভ আপডেটস
Bijpur Assembly Election Result 2021 Live Update in Bengali: বীজপুরে তৃতীয়বার জিততে পারবেন মুকুলপুত্র?

উত্তর ২৪ পরগনা: বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সকাল থেকেই রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা তুঙ্গে। প্রথমবার দীর্ঘ আট দফায় ভোট হয়েছে বাংলায়। ২৯৪ বিধানসভা আসনের এই রাজ্যে কে ক্ষমতায় আসতে চলেছে তা আগামী কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। ২৯৪ টি আসনের মধ্যে বীজপুর বিধানসভা কেন্দ্র (Bijpur Assembly) থেকে সুবোধ অধিকারীকে প্রার্থী করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে বর্তমান বিধায়ক শুভ্রাংশু রায়কে নির্বাচনী ময়দানে নামানো হয়েছে। সিপিএমের পক্ষ থেকে লড়ছেন সুকান্ত রক্ষিত। মোট ৭ জন প্রার্থী নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছেন এই আসনে। প্রসঙ্গত, ২৯৪ আসনের মধ্যে সরকার গড়ার জন্য যে কোনও দলকে ১৪৮ আসনের ম্যাজিক ফিগার পেরোতে হবে।
একনজরে দেখে নিন বীজপুরের আপডেট
প্রায় আট রাউন্ডের ভোট গণনা শেষ। এখনও পর্যন্ত বীজপুরে মুকুল পুত্র শুভ্রাংশু রায় পিছিয়ে রয়েছেন। নির্বাচন কমিশনের কাছে থেকে পাওয়া শেষ তথ্য অনুযায়ী, বীজপুরে বেশ কিছুটা ব্যবধানে তিনি পিছিয়ে রয়েছেন। তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী এখনও পর্যন্ত ৯ হাজার ১১৬ টি ভোট পেয়েছেন। অন্যদিকে, শুভ্রাংশু পেয়েছেন ৬ হাজার ২৮৩ ভোট। এই তথ্য দুপু আড়াইটে পর্যন্ত।
২০১৬ বিধানসভা নির্বাচনের ফলাফল
উত্তর ২৪ পরগনার অন্তর্গত বীজপুর বিধানসভা ২০১১ থেকে তৃণমূল কংগ্রেসের দখলে। ২০১৬ সালে তৃণমূলের (TMC) শুভ্রাংশু এই আসনে দ্বিতীয়বার জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। বছরদুয়েক আগে বিজেপিতে (BJP) নাম লেখান তিনি। গতবার সিপিএমের (CPM) রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ৪৭ হাজার ৯৫৪ ভোটের ব্যবধানে হারান শুভ্রাংশু। তিনি এই আসনে ৭৬ হাজার ৮৪২ টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবীন্দ্রনাথ পান ২৮ হাজার ৮৮৮ টি ভোট। বিজেপি প্রায় ১৮ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল এখানে।
মোট ভোটার সংখ্যা
২০১৬ সালের ভোটার তালিকা অনুযায়ী এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৬০৮। যাদের মধ্যে ১ লক্ষ ২৪ হাজার ৪৩৭ জন ভোটদান করেন। গতবার এই বিধানসভা কেন্দ্রে ২০৪ টি বুথ তৈরি করা হয়েছিল এবং প্রায় ৬৯ শতাংশ ভোট পড়ে।
১৯৫২ সালে প্রথমবার বীজপুর বিধানসভা কেন্দ্রে (Bijpur Assembly) ভোট হয়। সেবার ভোটে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেন। পরবর্তী নির্বাচনগুলিতে লাগাতার এই বিধানসভায় টানা জয়লাভ করে বামেরা। ২০১১ সালে প্রথমবার জয়লাভ করে তৃণমূল।
গত বিধানসভা ভোটের পরিসংখ্যান
বিদায়ী বিধায়ক: শুভ্রাংশু রায় প্রাপ্ত ভোট: ৭৬ হাজার ৮৪২ মোট ভোটার: ১ লক্ষ ৭৯ হাজার ৬০৮ ভোটের হার: ৬৯. ৫১ শতাংশ মোট প্রার্থী: ৭
