Greater Cooch Behar Leaders: মোদীর সভায় এক মঞ্চে গ্রেটার কোচবিহারের দুই প্রধান? ভোটের আগে উত্তরের রাজনীতিতে নতুন সমীকরণ?
PM Narendra Modi in Cooch Behar: এই ডামাডোলের মাঝেই মোদীর কোচবিহার জনসভার আগে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। অমিত শাহের ঘনিষ্ঠ দুই কেন্দ্রীয় মন্ত্রী রাজেন্দ্র সিংহ শেখায়াত ও ভূপেন্দ্র প্রসাদ সশরীরে অনন্ত রায়ের বাড়িতে যান। তাঁকে মোদীর সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান বলে খবর।

কোচবিহার: রাত পোহালেই ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর কোচবিহারের সভাকে ঘিরে তুঙ্গে উঠেছে রাজনীতির পারদ। রাজবংশীদের দুটি গোষ্ঠীর দুই প্রভাবশালী নেতা অনন্ত মহারাজ ও বংশীবদন বর্মণ,এই প্রথম তাঁদের একই মঞ্চে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। যা উত্তরবঙ্গের রাজনীতিতে অত্যন্ত বিরল ঘটনা বলেই মত রাজনীতির কারবারিদের। তাহলে কী এবার উত্তরের রাজনীতিতে নতুন সমীকরণ?
একটা সময় অনন্ত রায় যখন বিজেপির ঘনিষ্ঠ ছিলেন, বংশীবদন বর্মণ তখন ছিলেন তৃণমূলের ছাতার নিচে। তবে সময়ের সঙ্গে বদলেছে উত্তরের রাজনীতির অঙ্ক। বিজেপির সাংসদ হলেও রাজ্য সরকার তাঁকে দিয়েছে ‘বঙ্গবিভূষণ’ সম্মান। সসম্মানে তা গ্রহণ করেছেন অনন্ত রায়। অন্যদিকে, ঠিক ১৮০ ডিগ্রি ঘুরে বংশীবদন আবার তৃণমূল ত্যাগ করে ভিড়েছেন বিজেপির শিবিরে।
এই ডামাডোলের মাঝেই মোদীর কোচবিহার জনসভার আগে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। অমিত শাহের ঘনিষ্ঠ দুই কেন্দ্রীয় মন্ত্রী রাজেন্দ্র সিংহ শেখায়াত ও ভূপেন্দ্র প্রসাদ সশরীরে অনন্ত রায়ের বাড়িতে যান। তাঁকে মোদীর সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান বলে খবর। অনন্ত সেই আমন্ত্রণ গ্রহণ করে সভায় যাওয়ার কথাও জানিয়েছেন। অন্যদিকে সেই একই সভায় বংশীবদন বর্মণেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
উত্তরবঙ্গের রাজনীতিতে রাজবংশী সম্প্রদায়ের এই দুই নেতার বিরোধ সর্বজনবিদিত। ‘গ্রেটার কোচবিহার’-এর এই দুই প্রধান নেতাকে এর আগে কখনও একসঙ্গে দেখা যায়নি। কিন্তু এবার সেই ছবি বদলাতে চলেছে বলেই মনে করা হচ্ছে। যদি তাঁদের মোদীর সভায় একমঞ্চে দেখা যায় তবে ভোটের আগে তা উত্তরবঙ্গের রাজনীতিতে বিজেপির এক বড়সড় ‘মাস্টার স্ট্রোক’ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, রবিবার আনুমানিক দুপুর ৩টে ১০ নাগাদ দিল্লি থেকে সরাসরি হাসিমারা এয়ারবেসে নামবে মোদীর বিশেষ বায়ুসেনার বিমান। হাসিমারা থেকে হেলিকাপ্টারে আসবেন কোচবিহারে। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি পৌঁছাবেন রাসমেলা ময়দানে। বিকালে সেখানেই বক্তব্য রাখবেন তিনি।
