AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhuri Dixit: পাশে শাহরুখ-সলমন, অথচ চিনতেই পারেননি মাধুরীর স্বামী! কেন জানেন?

Bollywood News: বিয়ের রিসেপশনে হাজির বলিউডের বাঘা বাঘা তারকারা। অথচ শাহরুখ বা সলমন কাউকেই চিনতে পারেননি মাধুরীর স্বামী ডঃ শ্রীরাম নেনে! কেন এমনটা হল? কাকে চিনতে পারেন তিনি? জানুন মজার এই গল্প।

Madhuri Dixit: পাশে শাহরুখ-সলমন, অথচ চিনতেই পারেননি মাধুরীর স্বামী! কেন জানেন?
ঠিক কী ঘটেছিল?
| Updated on: Oct 13, 2026 | 8:42 AM
Share

বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতকে চেনে না, এমন মানুষ ভারতে খুঁজে পাওয়া মুশকিল। নব্বইয়ের দশকে তাঁর হাসিতে মেতে উঠত আট থেকে আশি। আর শাহরুখ খান (Shah Rukh Khan) বা সলমন খান, এঁরা তো বলিউডের জান! যাঁদের এক ঝলক দেখার জন্য ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকে। কিন্তু যদি শোনেন, খোদ মাধুরীর বিয়ের আসরে এই সুপারস্টাররা কোনও পাত্তাই পাননি? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মাধুরী দীক্ষিতের স্বামী ডঃ শ্রীরাম নেনে নিজের বিয়ের রিসেপশনে বলিউডের তাবড় তারকাদের দেখেও ঘুণাক্ষরেও চিনতে পারেননি!

কী ঘটেছিল?

সম্প্রতি ফারহা খানের একটি ভ্লগে এসে নিজেদের প্রেম ও বিয়ের অজানা গল্প শেয়ার করেছেন মাধুরী এবং তাঁর স্বামী। সেখানেই ডঃ নেনে জানান, বিয়ের আগে মাধুরীর আকাশছোঁয়া জনপ্রিয়তা সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না। এর মূল কারণ হল তাঁর বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই তিনি স্টিভেন স্পিলবার্গ, জর্জ লুকাস আর ‘স্টার ওয়ার্স’ দেখেই বড় হয়েছেন। হিন্দি সিনেমা তিনি প্রায় দেখতেনই না। তাই মাধুরী যে এত বড় স্টার, সেটা তিনি জানতেন না। মাত্র তিন মাস প্রেম করার পরেই মাধুরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

রিসেপশনের সেই মজার ঘটনা

বিয়ের পর ভারতে একটি বড় রিসেপশনের আয়োজন করা হয়। সেখানে বসেছিল চাঁদের হাট। কিন্তু ডঃ নেনে তো বলিউড তারকাদের কাউকেই চিনতেন না! শাহরুখ বা সলমন কাউকেই তিনি চিনতে পারেননি। তাঁর কথায়, “আমার অবস্থা তখন অনেকটা স্কুলের নতুন ছাত্রের মতো। শুধু সবার দিকে তাকিয়ে হাত নাড়ছিলাম। কে কে এসেছেন, কিছুই বুঝিনি।”

তিনি আরও জানান, গোটা অনুষ্ঠানে তিনি শুধু একজনকেই চিনতে পেরেছিলেন। তিনি হলেন অমিতাভ বচ্চন। কারণ ছোটবেলায় তিনি ‘অমর আকবর অ্যান্টনি’ সিনেমাটি দেখেছিলেন।

বিয়ের পর স্বামীর সঙ্গে আমেরিকায় সংসার পাতেন মাধুরী। ডেনভারে তাঁদের বেশ শান্তিতেই দিন কাটছিল। সেখানকার প্রতিবেশীরা জানতেনই না যে মাধুরী আসলে ভারতের কত বড় একজন সুপারস্টার। তিনি আর পাঁচজন সাধারণ মায়ের মতোই নিজের দুই ছেলে অরিন ও রায়ানকে রোজ স্কুলে ছাড়তে যেতেন।

কিন্তু একদিন একটি ঘটনায় সব বদলে যায়। মাধুরী জানান, তাঁদের বাড়ির চারপাশে একটি গাড়ি বারবার ঘুরপাক খাচ্ছিল। এতে ভয় পেয়ে এক প্রতিবেশী পুলিশ ডাকতে চান। তখন মাধুরী বাধ্য হয়ে জানান যে, তিনি একজন সেলিব্রিটি এবং ওই গাড়ির লোকেরা আসলে তাঁকে একবার দেখার জন্যই ওভাবে ঘুরছে!

অবশেষে ২০১১ সালে সপরিবারে পাকাপাকিভাবে ভারতে ফিরে আসেন তাঁরা। সময়ের সঙ্গে সঙ্গে বলিউডের অন্দরমহলের সঙ্গে ডঃ নেনেরও বেশ ভালো পরিচয় তৈরি হয়। এখন তিনি প্রায় সব তারকাকেই চেনেন। তবে শুরুর দিকের এই মজার গল্পগুলো শুনলে বোঝা যায়, তাঁদের সম্পর্কটা কোনও স্টারডম বা খ্যাতির ওপর দাঁড়িয়ে ছিল না, বরং তৈরি হয়েছিল আদ্যোপান্ত সহজ সরল ভালোবাসার ওপর। আর ঠিক সেই কারণেই তাঁদের জুটি আজও সুপারহিট!

Follow Us