‘আর্টিস্টস’ ফোরাম ঘুরে দাঁড়াবে’, আশা করছেন অনামিকা সাহা
টলিপাড়ায় দু' দিন আগেই ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস' ফোরামের সাধারণ সভা ও নির্বাচন হয়ে গেল। এই নির্বাচনের একটা তাৎপর্য রয়েছে। এই ফোরামের কার্যকরী সভাপতির পদে ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ফোরামের সবথেকে পুরোনো সদস্য অভিনেত্রী অনামিকা সাহা। তিনি খুব আশাবাদী এই বছরের আর্টিস্ট ফোরামের নির্বাচন নিয়ে।

টলিপাড়ায় দু’ দিন আগেই ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস’ ফোরামের সাধারণ সভা ও নির্বাচন হয়ে গেল। এই নির্বাচনের একটা তাৎপর্য রয়েছে। এই ফোরামের কার্যকরী সভাপতির পদে ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ফোরামের সবথেকে পুরোনো সদস্য অভিনেত্রী অনামিকা সাহা। তিনি খুব আশাবাদী এই বছরের আর্টিস্ট ফোরামের নির্বাচন নিয়ে। TV9 বাংলার সঙ্গে কথা বলতে গিয়েও তিনি বললেন, “প্রায় ছাব্বিশ বছর হয়ে গেল আর্টিস্টস’ ফোরামের। প্রথম প্রসেনজিৎ আমায় বলল, শুটিংয়ের পর থাকতে হবে একটা কাজ আছে। তারপর দেখলাম রঞ্জিত মল্লিকবাবুর বাড়ির ছাদে আমাকে নিয়ে গেল। সেখানে আমি, রঞ্জিতবাবু, বিপ্লব চট্টোপাধ্যায়, দুলাল লাহিড়ি, রুপা গঙ্গোপাধ্যায় সহ দশজন মিলে একটি সংস্থা তৈরি হলো, আর্টিস্টস’ ফোরাম। আমার সদস্য সংখ্যা ৯। আমাদের নানা সমস্যা নিয়ে কথা বলার একটা জায়গা হলো।”
এই মুহূর্তে ফেডারেশনের সঙ্গে দুই অভিনেতা ঋদ্ধি সেন ও অনির্বাণ ভট্টাচার্যর মনোমালিন্য থেকে দু’ জনের উপর অঘোষিত ব্যান রয়েছে। এই বিষয়ে কি এবার কোনও পদক্ষেপ করা হবে? এই প্রশ্নের উত্তরে অনামিকা বললেন, “আমাদের সময় এত কেউ আসত না সিনেমাতে। পরে দেখা গেল নতুন প্রজন্ম অভিনয়ে আসতে চাইছে। তখন এতসব ঝামেলা ছিল না। ফেডারেশনের সঙ্গেও কোনও সমস্যা হয়নি। তবে এত সমস্যার কারণেই আবার সহ সভাপতি পদে প্রসেনজিৎকে আনা হয়েছে, চিরঞ্জিত চক্রবর্তী, রুপা গঙ্গোপাধ্যায় সকলে এসেছেন। আশা করছি এবার আমাদের সমস্যাগুলো নিয়ে আবার আলোচনা শুরু হবে। আর্টিস্টস’ ফোরাম ঘুরে দাঁড়াবে।” প্রসঙ্গত, বহু হিট ছবিতে অভিনয় করে বাঙালি দর্শকদের কাছে নিজের পরিচয় তৈরি করেছেন অনামিকা সাহা। সম্প্রতি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল ‘-এ অভিনয় করে প্রশংসিত হয়েছেন। আগামীতে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতেও তাঁর চরিত্রে চমক থাকবে।
এখন দেখার বিষয় আর্টিস্টস’ ফোরামের নতুন নির্বাচিত সদস্যরা মিলে ঋদ্ধি সেন, অনির্বাণ ভট্টাচার্যদের ব্যান থেকে শুরু করে অভিনেতাদের নানা সমস্যার সমাধান কতটা তাড়াতাড়ি করতে পারেv।
