AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nora Fatehi: বলিউড অভিনেত্রী নোরা ফতেহির সঙ্গে ছবি অরিন্দমের, ‘শিল নোড়া’ শব্দবন্ধে সোশাল মিডিয়ায় জোর চর্চা

Arindam Sil: কলকাতায় ঝটিকা সফরে এসেই ভক্তদের মন জিতে নিলেন বলিউডের ‘দিলবর গার্ল’ নোরা ফতেহি। তবে আসল চমকটা দিলেন পরিচালক অরিন্দম শীল! নোরার সঙ্গে ছবি পোস্ট করে এমন কী ক্যাপশন দিলেন তিনি, যা নিয়ে মুহূর্তে তোলপাড় শুরু হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়?

Nora Fatehi: বলিউড অভিনেত্রী নোরা ফতেহির সঙ্গে ছবি অরিন্দমের, ‘শিল নোড়া’ শব্দবন্ধে সোশাল মিডিয়ায় জোর চর্চা
ব্যাপারটা কী?
| Updated on: Nov 22, 2026 | 5:41 PM
Share

মেঘলা আকাশে হঠাৎই পারদ চড়ল কলকাতার! সৌজন্যে বলিউডের ‘দিলবর গার্ল’ নোরা ফতেহি (Nora Fatehi)। ঝটিকা সফরে তিলোত্তমায় পা রেখেছিলেন তিনি। আর তাঁকে ঘিরেই গতকাল দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে উপচে পড়ে ভিড়। তবে আসল চমকটা দিলেন টলিউড পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। নোরার সঙ্গে ছবি পোস্ট করে তিনি এমন এক ক্যাপশন দিলেন, যা নিয়ে নেটপাড়ায় শুরু হয়ে গিয়েছে জোর চর্চা!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আর টলিউডের প্রথম সারির পরিচালক, দু’জনে এক ফ্রেমে। সেই ছবিই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অরিন্দম শীল। আর ক্যাপশনে নিজের পদবি এবং নোরার নাম জুড়ে মজা করে লিখেছেন—‘শিল নোড়া’! পরিচালকের এই রসবোধ মুহূর্তেই নজর কেড়েছে সকলের। পোস্টটি সামনে আসতেই হাসাহাসি আর আলোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। জানা গিয়েছে, অনুষ্ঠানের ফাঁকে দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। তবে কী নিয়ে তাঁদের আড্ডা জমেছিল, তা অবশ্য এখনও জানা যায়নি। নোরার সঙ্গে এদিন হাজির ছিলেন অভিনেত্রী মধুমিতা গুপ্তও।

শহরের একটি নতুন বিপণির উদ্বোধনে এসেছিলেন নোরা। প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য যোধপুর পার্কের রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন ভক্তরা। গাড়ি থেকে নোরা নামতেই চিৎকারে ফেটে পড়ল চারদিক। সাজ ছিল একদম ছিমছাম, কিন্তু নজরকাড়া। পরনে নীল জিন্স, কালো ক্রপ টপ। আর কপালের ওপর আলতো করে ছুঁয়ে থাকা চুলের সামনের অংশ। এই লুকেই ফের ভক্তদের মন জিতে নিলেন অভিনেত্রী।

পর্দায় যাঁর নাচের ছন্দে মুগ্ধ আট থেকে আশি, তাঁকে চোখের সামনে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেল সবার মধ্যে। মোবাইলের ক্যামেরায় প্রিয় নায়িকাকে বন্দি করতে ব্যস্ত হয়ে পড়লেন সকলে। কেউ কেউ তো আবেগে ভেসে গিয়ে নোরার জনপ্রিয় সব গান গাইতেও শুরু করে দিলেন।

কলকাতাকে কী বললেন নোরা?

ভক্তদের এই ভালোবাসা দেখে নোরাও ছিলেন বেশ খোশমেজাজে। হাসিমুখে সবার উদ্দেশে বললেন, “আপনাদের দেখে ভীষণ আনন্দ হচ্ছে। খুব ভালো লাগছে। কলকাতার আমেজটাই আলাদা। এখানে আসতে আমার সবসময় ভালো লাগে।” কথা শেষে দু’হাত দিয়ে হৃদয়ের চিহ্ন বানিয়ে ভক্তদের ভালোবাসা ফিরিয়ে দিলেন তিনি। সব মিলিয়ে, মেঘলা দিনে কলকাতার মন ভালো করে দিয়ে গেলেন নোরা, আর সঙ্গে উপরি পাওনা হল অরিন্দম শীলের সেই মজার পোস্ট!

Follow Us