Baruipur Case: বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে উসকানির অভিযোগ, শ্রীলেখা, অনুভব মাইতিদের বিরুদ্ধে FIR বিজেপি নেতার
Sreelekha Mitra FIR Baruipur, Anubhav Maity: বুধবার সকালে ঘটে গিয়েছে আরও এক চাঞ্চল্যকর ঘটনা—পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে এই মামলার অন্যতম অভিযুক্তের। ঠিক এরই মাঝে সোশাল মিডিয়ায় বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে উসকানি ছড়ানোর অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্র, সিপিআইএম নেতা লাহিক আলি, ইউটিউবার অনুভব মাইতি বিরুদ্ধে থানায় এফআইআর (FIR) দায়ের করা হল।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তেজনা তুঙ্গে। এর মাঝেই বুধবার সকালে ঘটে গিয়েছে আরও এক চাঞ্চল্যকর ঘটনা—পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে এই মামলার অন্যতম অভিযুক্তের। ঠিক এরই মাঝে সোশাল মিডিয়ায় বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে উসকানি ছড়ানোর অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্র, সিপিআইএম নেতা লাহিক আলি, ইউটিউবার অনুভব মাইতি এবং একটি ডিজিটাল সংবাদমাধ্যম ‘দ্য আওয়াজ’-এর বিরুদ্ধে থানায় এফআইআর (FIR) দায়ের করা হল। বারুইপুরের বিজেপি নেতা সুশোভন রায় এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, এই বিশিষ্ট ব্যক্তিত্বদের সোশাল মিডিয়ার পোস্ট হিংসার উসকানি হিসেবে কাজ করেছে।
অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও অন্যদের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর বিজেপির সুশোভন রায় টিভি নাইন বাংলাকে জানান, “এক শিশুকন্যাকে নারকীয়ভাবে হত্যা করা হয়েছিল। যখন তাঁর মা-বাবা অসহায়ভাবে চারিদিকে ছোটাছুটি করছিলেন এবং পরে সেই নিথর দেহটি ভেসে উঠল, ঠিক তখনই এরা সোশাল মিডিয়ায় এমন কিছু উসকানিমূলক বক্তব্য রেখে দিল যার ফলে সাধারণ মানুষের মনে হল যেন বিশেষ একটি সম্প্রদায়, আরএসএস কিংবা বিজেপি এই কাজটা করেছে। রেললাইন উপড়ে ফেলা, একজনকে পিটিয়ে মারা হল এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হল। এই উসকানি এখন এমন জায়গায় পৌঁছেছে যে, যে বাচ্চাগুলো মোবাইলে গেম খেলে, তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে হিন্দুরা আমাদের শত্রু, হিন্দুরা আমাদের ক্ষতি করছে।”

বিজেপি নেতা সুশোভন রায়।
তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে ইউটিউবার তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনুভব মাইতি টিভি নাইন বাংলাকে বলেন, “আমি সেদিন বিকেল ৪টে নাগাদ একটি পোস্ট করেছিলাম। আর ঘটনাটি ঘটেছিল সকাল ১০টা কি ১১টা নাগাদ। তাহলে কি আমি টাইম মেশিনে চড়ে অতীতে গিয়ে আমার বক্তব্যের মাধ্যমে মানুষকে উসকানি দিয়ে এলাম? আর আমি সোশাল মিডিয়ায় যা যা পোস্ট করেছি, তার প্রত্যেকটি তথ্য সংবাদমাধ্যম থেকে নেওয়া। সেখানে আমার নিজস্ব কোনও ব্যক্তিগত মন্তব্য বা মনগড়া তথ্য ছিল না।”

শ্রীলেখার ফেসবুক পোস্ট।
এই অভিযোগের প্রতিক্রিয়ায় ফেসবুকে শ্রীলেখা লিখলেন, ”আমি এইমাত্র জানতে পারলাম যে বারুইপুর ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়ানোর অভিযোগে আমার নামে একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। আমি এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছি এবং আমি ঠিক কোথায়, কখন এবং কীভাবে এই ধরনের উসকানি দিয়েছি, তার প্রমাণ দাবি করছি। যদি কেউ দাবি করেন যে আমি এই ধরনের কোনও বক্তব্য রেখেছি বা পদক্ষেপ নিয়েছি, তবে তাঁরা স্পষ্ট প্রমাণ সামনে আনুন। আমি সত্যের পাশে আছি এবং দায়িত্বশীল ও আইনসম্মতভাবে নিজের বক্তব্য পেশ করা জারি রাখবো। আমি দাবি জানাচ্ছি যে, আমার বিরুদ্ধে আনা এই ভিত্তিহীন অভিযোগগুলো ভিত্তিহীন না রেখে, উপযুক্ত তথ্য-প্রমাণ সহকারে তা প্রমাণ করা হোক।”
