২০০ টাকার জলের বোতল! কেন সাধারণের কথা ভাবছেন না ভূমি?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই দাম নিয়ে যাবতীয় বিতর্কের জবাব দিয়েছেন ভূমি। তাঁর মতে, তিনি যে ক্যাটেগরিতে ব্যবসা করছেন, সেখানে অন্য নামী ব্র্যান্ডের জলের দাম এর চেয়েও অনেক বেশি। ভূমি বলেন, “হ্যাঁ, আমার জল দামি, এটা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এটা তো সাধারণ মানুষের জন্য নয়, এটা প্রিমিয়াম প্রোডাক্ট।

সাধারণ এক বোতল জলের দাম কত হতে পারে? ২০ টাকা? খুব বেশি হলে ৫০ কি ১০০? কিন্তু যদি শোনেন ৭৫০ মিলিলিটার জলের দাম ২০০ টাকা, তবে চমকে ওঠাটাই স্বাভাবিক। বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের নতুন ব্র্যান্ড ‘ব্যাকবে’ (Backbay) নিয়ে এখন নেটপাড়ায় চর্চা তুঙ্গে। আকাশছোঁয়া দাম নিয়ে ধেয়ে আসছে একের পর এক কটাক্ষ। এবার সেই ট্রোলিং নিয়েই মুখ খুললেন অভিনেত্রী। সাফ জানালেন, তিনি কম টাকায় জল বেচতে আসেননি!
২০২৫ সালে বোন সমীক্ষার সঙ্গে হাত মিলিয়ে হিমাচল প্রদেশে নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে এই ব্যবসা শুরু করেছিলেন ভূমি। তখন থেকেই প্রশ্ন উঠছিল দাম নিয়ে। বর্তমানে তাঁদের ৫০০ মিলিলিটারের ১২টি বোতলের প্যাকেটের দাম পড়ছে প্রায় ১,৫৫৬ টাকা। অর্থাৎ একটি ছোট বোতলের দাম দাঁড়াচ্ছে প্রায় ১৩০ টাকার আশেপাশে। আর ৭৫০ মিলিলিটারের বোতল বিকোচ্ছে ১৭৬ থেকে ২০০ টাকায়।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই দাম নিয়ে যাবতীয় বিতর্কের জবাব দিয়েছেন ভূমি। তাঁর মতে, তিনি যে ক্যাটেগরিতে ব্যবসা করছেন, সেখানে অন্য নামী ব্র্যান্ডের জলের দাম এর চেয়েও অনেক বেশি। ভূমি বলেন, “হ্যাঁ, আমার জল দামি, এটা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এটা তো সাধারণ মানুষের জন্য নয়, এটা প্রিমিয়াম প্রোডাক্ট। বাজারে অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড আছে যেগুলোর দাম ৫০০-৬০০ টাকা। সেগুলোর তুলনায় আমার ব্র্যান্ডের দাম তো অনেক কম।”
ভূমি জানিয়েছেন, ১৭ বছর বয়সে যশ রাজ ফিল্মস থেকে পাওয়া প্রথম ৭,০০০ টাকার মাইনে থেকেই তিনি বিনিয়োগ করতে শুরু করেছিলেন। আর সেই তিল তিল করে জমানো টাকাতেই আজ ‘ব্যাকবে’ দাঁড়িয়ে আছে। কোনও বাইরের বিনিয়োগ ছাড়াই সম্পূর্ণ নিজের টাকায় এই ব্যবসা চালাচ্ছেন তিনি।
তবে শুধু জলেই আটকে থাকতে রাজি নন ভূমি। অভিনেত্রী জানিয়েছেন, এবার তাঁরা ‘স্পার্কলিং ওয়াটার’ আনছেন। অর্থাৎ সাধারণ জলের ব্র্যান্ড থেকে তাঁরা এখন পূর্ণাঙ্গ ‘বেভারেজ ব্র্যান্ড’ হওয়ার পথে। যাঁদের দাম নিয়ে আপত্তি রয়েছে, তাঁদের জন্য ভূমির স্পষ্ট বার্তা— ভবিষ্যতে তিনি সাধারণ মানুষের জন্য একটি ‘সিস্টার ব্র্যান্ড’ আনতে পারেন, কিন্তু ‘ব্যাকবে’ তার আভিজাত্য বজায় রাখবে।
খাবারের গুণমান এবং স্বচ্ছতা বজায় রাখতে কোনও আপস করবেন না বলেও জানিয়েছেন তিনি। ‘দম লগা কে হইসা’ বা ‘সোনচিড়িয়া’র মতো ছবিতে ভূমির অভিনয় যেমন বাস্তবের কাছাকাছি থাকে, ব্যবসার ক্ষেত্রেও তিনি ততটাই রিয়েলিস্টিক হতে চাইছেন। এখন দেখার, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরের এই ‘প্রিমিয়াম জল’ শেষ পর্যন্ত ব্যবসায়িক লড়াইয়ে কতটা টেকসই হয়।
