Big Boss Bangla: নন্দিনীর সঙ্গে প্রেমটা পুরোটাই গেম? রাজবীরের কোন সত্যি ফাঁস করলেন নিরঞ্জন?
Big Boss Bangla Updates:বিগ বসের ঘরে রাজবীরের হঠাৎ শান্ত হয়ে যাওয়া এবং নন্দিনীর সঙ্গে প্রেম কি নিছকই গেমপ্ল্যান? নিরঞ্জনের তোলা প্রশ্ন আর রাজবীরের পুরনো মেজাজ ফিরে আসায় শুরু হয়েছে নতুন জল্পনা। কী ঘটেছে বিগ বসের ঘরে?

রাজবীর (Rajveer)— বিগ বসের ঘরে এখন অন্যতম চর্চিত নাম। শোয়ের শুরুতে তাঁর যে রূপ দর্শকরা দেখেছিলেন, এখনকার রাজবীর যেন তার থেকে একেবারেই আলাদা। হঠাৎ করে তাঁর এই শান্ত স্বভাব দেখে অনেকেই রীতিমতো চমকে গিয়েছেন। কিন্তু এটা কি সত্যিই তাঁর মনের বদল? নাকি ট্রফি জেতার জন্য পুরোটাই কৌশল? বিগ বসের অন্দরমহলে এখন এই নিয়েই জোর জল্পনা। আর এই জল্পনা আরও উসকে দিয়েছেন নিরঞ্জন।
কী বলেছেন নিরঞ্জন?
শোয়ের প্রথম দিকে কথায় কথায় রেগে যেতে দেখা যেত রাজবীরকে। ছোটখাটো বিষয়েও চরম উত্তেজনা প্রকাশ করতেন তিনি। কিন্তু এখন তিনি যেন একেবারে মাটির মানুষ! নন্দিনীর সঙ্গে তাঁর মিষ্টি প্রেম দেখে দর্শকদের অনেকেই বেশ অবাক। তবে এই পুরো বিষয়টিকে একেবারেই স্বাভাবিক বলে মানতে নারাজ নিরঞ্জন। তাঁর মতে, এসবই রাজবীরের নতুন গেমপ্ল্যান! দর্শকের মন জিততেই নাকি এমন ভালো মানুষের রূপ ধরেছেন তিনি। নিরঞ্জনের দাবি, নন্দিনীর সঙ্গে রাজবীরের এই প্রেমও আসলে তাঁর বিগ বস জেতার ছকেরই একটা বড় অংশ। দর্শকদের নজর কাড়তেই নাকি এই প্রেমের গল্প তৈরি হয়েছে।
কিছুদিন একেবারে চুপচাপ থাকার পর ‘টিকিট টু ফিনালে’ টাস্কে ফের নিজের পুরনো রূপে ফিরতে দেখা গেল রাজবীরকে। টাস্কের সময় তাঁর সেই চেনা পেশিশক্তির দাপট দেখলেন দর্শকরা। এখানেই শেষ নয়, টাস্কের শেষে নিরঞ্জন, দুর্নিবার এবং মনামীর সঙ্গে তুমুল ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি।
তাহলে আসল রাজবীর কে? যিনি নন্দিনীর সঙ্গে বসে শান্ত হয়ে প্রেম করেছেন, নাকি যিনি টাস্কে গায়ের জোর দেখাচ্ছেন? নিরঞ্জনের এই অভিযোগের পর দর্শকদের মনেও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, সময়ের সঙ্গে সঙ্গে রাজবীর সত্যিই হয়তো পরিণত হয়েছেন। আবার অন্য অংশের মতে, পুরোটাই তাঁর মাথা ঠান্ডা রেখে খেলার কৌশল। কোনটা সত্যি আর কোনটা গেমপ্ল্যান, তা হয়তো আগামী পর্বগুলোতেই আরও পরিষ্কার হয়ে যাবে। তবে এই বিতর্কের জেরে বিগ বসের ঘরের উত্তাপ যে আরও কয়েক গুণ বেড়ে গেল, তা বলাই যায়।
