Bigg Boss Bangla 3: বিগ বসের ঘরে ক্যাপ্টেন ভরতের খেলা দেখে কী বলছেন স্ত্রী জয়শ্রী? কাকে ‘গিরগিটি’ বলে দুষলেন?
Bharat Kaul's Wife Jayashree: তিনি বহু বছর ধরেই বিগ বসের অন্ধ ভক্ত। ঘরের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ক্ষোভ উগরে দেন অন্যান্য প্রতিযোগীদের দ্বিমুখী আচরণের বিরুদ্ধে। পুরো বিষয়টি শুরু হয়েছিল রান্নাঘরের একটি সাধারণ ঘটনাকে কেন্দ্র করে।

বিগ বস বাংলা সিজন ৩’-এর প্রথম সপ্তাহের ক্যাপ্টেন নির্বাচিত হওয়ার পর থেকেই সংবাদের শিরোনামে বর্ষীয়ান অভিনেতা ভরত কল। কখনও প্রতিযোগী তনুশ্রী রায় দাসের সঙ্গে তীব্র তর্কাতর্কি, আবার কখনও চুরির দায়ে দুর্নিবার সাহাকে কড়া ধমক—সব মিলিয়ে ঘরের ভিতর নিজের রাজত্ব বেশ ভালোভাবেই জারি রেখেছেন তিনি। যদিও ভরত কলের এই ক্যাপ্টেন্সি ও বিগ বসের বিতর্কিত কনটেন্ট নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন সুদীপা চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা। তবে স্বামীকে নিয়ে নেটপাড়ায় সমালোচনা তুঙ্গে উঠতেই এবার সমালোচকদের কড়া জবাব নিয়ে মাঠে নামলেন ভরতের স্ত্রী তথা অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিয়ো বার্তা শেয়ার করে জয়শ্রী জানান, তিনি বহু বছর ধরেই বিগ বসের অন্ধ ভক্ত। ঘরের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ক্ষোভ উগরে দেন অন্যান্য প্রতিযোগীদের দ্বিমুখী আচরণের বিরুদ্ধে। পুরো বিষয়টি শুরু হয়েছিল রান্নাঘরের একটি সাধারণ ঘটনাকে কেন্দ্র করে। অভিনেত্রী সৃজলা গুহ রান্না করতে ভালোবাসেন। সেই কথা মাথায় রেখেই ভরত কিছুটা মজার ছলেই প্রতিযোগী জয়িতাকে গিয়ে এক কাপ চা করতে বলেন এবং পাশে থাকা বাকি সদস্যরাও রসিকতা করে জানান যে জয়িতা চা বানাতে গেলে সৃজলা রেগে যেতে পারেন।
তবে বিপত্তি ঘটে তার পরেই। জয়শ্রীর অভিযোগ, দিনের বেলা ভরতের সঙ্গে বসে হাসাহাসি করলেও রাতের আলো নিভতেই গিরগিটির মতো রং বদলে ফেলেন সেই প্রতিযোগীরাই! তিনি জানান, রাতে সবাই মিলে গোলটেবিল বৈঠকে বসে সৃজলাকে ভরতের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করা হয়। সৃজলার কান ভাঙিয়ে তাঁকে বলা হয় যে ভরত নাকি ইচ্ছাকৃতভাবেই সৃজলাকে চটানোর জন্য জয়িতাকে দিয়ে চা বানাতে পাঠাচ্ছিলেন।
অন্যান্য প্রতিযোগীদের এই ‘রং বদলানো’ নিয়ে তীব্র কটাক্ষ করে জয়শ্রী প্রশ্ন তোলেন, “তোমরা হঠাৎ এরকম কেন করছ? তোমাদের কি ভরতকে ভয় করছে? ও কি একটু বেশিই স্ট্রং প্রতিযোগী হয়ে উঠছে?”
তবে নিন্দুকদের এই চালে দমে না গিয়ে বিষয়টি তিনি যে বেশ উপভোগই করছেন, তাও স্পষ্ট করে দেন জয়শ্রী। সবশেষে ঘরের বাকি সদস্যদের উদ্দেশ্যে খোঁচা মেরেই ‘অল দ্য বেস্ট’ জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন ভরতপত্নী। বর্তমানে জয়শ্রীর এই তোপ দাগা ভিডিয়োই ব্যাপক হারে ভাইরাল হচ্ছে সমাজমাধ্যমে।
