Yogi Sarkar: রাজ্যবাসীকে ৫ লক্ষ টাকা দিচ্ছে যোগী সরকার, কেন জানেন?
CM Yuva Scheme: রাজ্যবাসীর জন্য সুখবর। এবার যাঁরা ব্যবসায়ী হতে ইচ্ছুক, কিন্তু অর্থের অভাব - তাঁদের ৫ লক্ষ করে টাকা দেবে যোগী সরকার। শুধু টাকা দেওয়া নয়, থাকছে আরও অনেক সুবিধাও। দেখে নিন একনজরে। ঠিক মতো টাকা ফেরত দিলে দ্বিতীয় পর্যায়ে আবার ১০ থেকে ২০ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

লখনউ : অনেকদিন ধরেই নিজের ব্যবসা চালু করতে চান, কিন্তু বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থ? এবার আর পুঁজির অভাবে আটকে থাকবে না নতুন ব্যবসা শুরু করার স্বপ্ন। ক্ষুদ্র শিল্প ও স্টার্ট-আপ গড়ে তোলার ক্ষেত্রে এবার ব্যাঙ্ক গ্যারান্টি ও ঋণের সুদের বোঝা লাঘব করতে সরকার চালু করছে ‘মুখ্যমন্ত্রী যুব উদ্যমী বিকাশ অভিযান (CM YUVA)’ । এই প্রকল্পের আওতাতে তরুণ প্রজন্মকে স্বনির্ভর করতে উৎপাদন ও পরিষেবার জন্য উদ্যোগ গড়ে তুলতে জামানত ছাড়া সম্পূর্ণ সুদ ছাড়া ঋণ দেওয়া হবে সরকারের তরফে।
কী কী সুবিধে দেওয়া হবে?
১- প্রথম পর্যায়ে ৫ লক্ষ টাকা অবধি ব্যয়ের ক্ষেত্রে ১০০% সুদ ভর্তুকি দেওয়া হবে অর্থাৎ যিনি ঋণ নেবেন, তাকে কোনও অতিরিক্ত সুদ দিতে হবে না।
২- ব্যাঙ্কে কোনও ব্যক্তিগত সম্পত্তি বা সম্পদ বন্ধক রাখতে হবে না। পুরো ঋণের গ্যারান্টি বহন করবে কেন্দ্র ও রাজ্যের ক্রেডিট গ্যারান্টি ফান্ড।
৩- প্রথম পর্যায়ের ৫ লক্ষ টাকা ঠিক মতো ফেরত দিলে ব্যবসার জন্য দ্বিতীয় পর্যায়ে আবার ১০ থেকে ২০ লক্ষ টাকা দেওয়া হবে, যেখানে কমপক্ষে ৫০% পর্যন্ত সুদ ভর্তুকি দিতে হবে না।
৪- প্রকল্পের খরচের উপর বিশেষ মার্জিন মানি অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি যেসব উদ্যোক্তা নিয়মিত ডিজিটাল পেমেন্ট করবেন, তাঁদের জন্য অতিরিক্ত আর্থিক ছাড় দেওয়া হবে।
কীভাবে এই সুবিধে পাওয়া যাবে?
বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম ৮ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। তবে আইটিআই, পলিটেকনিক, ডিপ্লোমা বা ডিগ্রিধারীদের পাশাপাশি যাঁরা ‘বিশ্বকর্মা শ্রম সম্মান যোজনা’-র মতো সরকারি প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
কীভাবে আবেদন করতে হবে?
আগ্রহী উদ্যোক্তারা উত্তরপ্রদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের অফিশিয়াল পোর্টাল diupmsme.upsdc.gov.in বা cmyuva.org.in-এ গিয়ে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। পোর্টালে ব্যক্তিগত বিবরণ ও প্রস্তাবিত প্রকল্পের আইডিয়া জমা দেওয়ার পর জেলা শিল্প কেন্দ্র ও ব্যাঙ্কের ভেরিফিকেশন শেষে টাকা দেওয়া হবে। ফলে তরুণ প্রজন্মকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের যোগী সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা অনেক প্রশংসনীয়।
