Bigg Boss Bangla: মাস্টারস্ট্রোক দুর্নিবারের মায়ের! রাজবীরকে নিয়ে কী ফাঁদ পাতলেন সৌরভরা?
Bigg Boss Bangla Saurav Durnibar: বিগ বসের ঘরে খেলা এবার জমে উঠেছে! জীতু আর সৃজলার সমীকরণের মাঝে খলনায়ক কি রাজবীর? তাঁকে সরাতে এবার আসরে নামলেন খোদ সৌরভ ও দুর্নিবার। বিশেষ বুদ্ধি দিলেন দুর্নিবারের মা। কী ঘটেছে বিগ বসের ঘরে?

বিগ বস (Bigg Boss) মানেই টানটান উত্তেজনা, আর এখন তো ঘরের ভিতর রীতিমতো আগুন জ্বলছে! কে কার আপন আর কে কার পর, তা বোঝা বড্ড মুশকিল। এই শনিবার তনুশ্রী, সোনামণি আর রাজবীরের মধ্যে কে ঘর থেকে বিদায় নেবেন? এই নিয়েই এখন দর্শকদের জল্পনা তুঙ্গে। তবে সবার চোখ এখন ঘরের নতুন ‘মাস্টারমাইন্ড’দের দিকে। জীতু, সৌরভ আর দুর্নিবারের আড্ডায় উঠে এল এক নতুন অঙ্ক, যা শুনে চমকে গিয়েছেন ভক্তরা।
রাজবীরের উপর বিরক্ত জীতু?
জীতু এর আগে রাজবীরকে বাঁচিয়েছিলেন ঠিকই, কিন্তু এখন পরিস্থিতি একেবারে বদলে গিয়েছে। সোনামণি আর রণিতার সঙ্গে রাজবীর ঠিক কী ছক কষছেন, তা স্বয়ং জীতুও বুঝে উঠতে পারছেন না! জীতুর মতে, রাজবীর এখন বড্ড বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। আর দুর্নিবারের সোজা কথা, রাজবীরের কথা বলার কোনও যুক্তি নেই। নন্দিনী যতদিন ছিল, সে-ই ছিল রাজবীরের আসল ভরসা। এখন সে নেই, তাই রাজবীর যেন একেবারেই খেই হারিয়ে ফেলেছেন। জীতুর মতে, রণিতা আর রাজবীর দু’জনেই এখন উদ্দেশ্যহীনভাবে খেলছেন।
সৌরভ ও দুর্নিবারের গোপন গেমপ্ল্যান
আসল খেলাটা শুরু হল এর ঠিক পরেই। জীতু আড্ডা থেকে উঠতেই সৌরভ আর দুর্নিবার গোপনে শলা-পরামর্শ করতে বসলেন। দুর্নিবার বেশ ভালোই বুঝেছেন যে, জীতু ছাড়া এই ঘরে রাজবীরের আর কেউ নেই। আবার জীতুর নজর এখন পুরো সৃজলার দিকে। তাই দুর্নিবারের সোজা হিসেব, জীতুকে আরও বেশি করে সৃজলার দিকে ঠেলে দাও! এতে রাজবীর একেবারে একা হয়ে পড়বে। কথার ফাঁকে দুর্নিবার এমনও বুঝিয়ে দিলেন যে, একটা সময় মনামীকেও এই ঘর থেকে বিদায় নিতেই হবে।
তবে সৌরভকে একটু সাবধানে পা ফেলার পরামর্শ দিলেন দুর্নিবার। কারণ, সৌরভ যদি রাজবীরের খুব বেশি পক্ষে কথা বলেন, আর রাজবীর যদি গিয়ে সবটা জীতুকে বলে দেয়, তবে নিজেদেরই বিপদ। তাই বিপদের আঁচ পেয়ে সৌরভ অন্য বুদ্ধি আঁটলেন।
সৌরভের মাথায় এখন একটাই চিন্তা, যে করেই হোক রাজবীরকে সরাতে হবে। তাঁর মতে, রাজবীর সরে গেলে খেলাটা বেশ কঠিন মনে হলেও, আদতে গেম পুরো ঘুরে যাবে। দুর্নিবার আবার অন্য এক গোপন কথা ফাঁস করলেন। তিনি বললেন, জীতু আর সৃজলার মাঝে একমাত্র কাঁটা হল এই রাজবীর! কারণ, জীতু তাঁকে পছন্দ করলেও, সৃজলা একেবারেই করেন না।
এই মুহূর্তে রাজবীর যদি দলের মাথা বা ক্যাপ্টেন হন, তবে লাভ হবে নাকি ক্ষতি? জীতু কি আবার রাজবীরের দলেই ভিড়ে যাবেন? এই নিয়েও দুই মগজাস্ত্রে চলল জোর চর্চা। তবে এখনই তাঁরা কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে নারাজ। একটু ভেবে পা ফেলতে চান তাঁরা। এই প্ল্যানে সামিল হন দুর্নিবারের মা। বিশেষ সপ্তাহে তিনি এসেছিলেন বিগ বসের ঘরে। বিগ বস তাঁর হাতে ক্ষমতা দেন তাঁর পছন্দের ক্যাপ্টেন্সি দাবিদারকে বেছে নিতে। তিনি বুদ্ধি খাটিয়ে দুর্নিবারের সঙ্গে আলোচনা করে রাজবীরকে সেই ক্ষমতা দেন। যাতে রাজবীর দুর্নিবারের দলে চলে আসেন। এখন দেখার, এই চরম প্ল্যানিংয়ের পর রাজবীর নিজেকে কীভাবে বাঁচান! আর এই শনি ও রবিবার বিগ বসের ঘর থেকে কে চিরতরে বিদায় নেন।
