চুল কেটে রাজকুমারের চেহারা বদল, সৌরভের বায়োপিকের প্রস্তুতি?
এই ভিডিয়ো সামনে আসার পর কেউ বলেছেন এই সাজ কোনও নির্দিষ্ট চরিত্রের জন্যই। অন্যদিকে অনেকে সরাসরি প্রশ্ন তুলেছেন, অভিনেতার কি হঠাৎ চুল পড়েছে? কেউ লিখেছেন, “চিনতেই পারিনি।” আবার কেউ মন্তব্য করেছেন, “এটা নিশ্চয়ই বিশেষ কোনও প্রস্তুতির অংশ।”

মুম্বইয়ের এক অনুষ্ঠানে আসার পর থেকেই হঠাৎ আলোচনার কেন্দ্রে রাজকুমার রাও। ক্যামেরার সামনে তাঁর নতুন লুক ধরা পড়তেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। মাথায় চুল বেশ কম, দাড়ি-গোঁফ আর চশমা সব মিলিয়ে অভিনেতাকে যেন অন্যরকম লাগছে। প্রশ্ন উঠেছে, এটি কি নিছক পরিবর্তন, না কি আসন্ন ছবির চরিত্রের প্রস্তুতি?
ভাইরাল হওয়া সেই অনুষ্ঠানের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, কালো শার্টে সাদামাটা ভাবেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা। পাশে পরিচালক ফারাহ খান ও কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একমাত্র রাজকুমারের নতুন অবতারই।
এই ভিডিয়ো সামনে আসার পর কেউ বলেছেন এই সাজ কোনও নির্দিষ্ট চরিত্রের জন্যই। অন্যদিকে অনেকে সরাসরি প্রশ্ন তুলেছেন, অভিনেতার কি হঠাৎ চুল পড়ছে? কেউ লিখেছেন, “চিনতেই পারিনি।” আবার কেউ মন্তব্য করেছেন, “এটা নিশ্চয়ই বিশেষ কোনও প্রস্তুতির অংশ।”
তবে এই জল্পনার অবসান ঘটিয়েছেন অভিনেতা নিজেই। এই লুকের পেছনে বড় কারণ ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, সৌরভের চরিত্রে অভিনয় করবেন রাজকুমার। অবশেষে সেই খবর নিশ্চিত করে অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন। তিনি বলেছেন এটি বড় দায়িত্বের কাজ এবং তিনি কিছুটা নার্ভাসও। একই সঙ্গে বাংলা উচ্চারণ আয়ত্ত করার ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি।
২০২৫ সালে ‘মালিক’ ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল রাজকুমারকে। তারপর থেকেই তাঁর পরবর্তী প্রজেক্ট নিয়ে কৌতূহল ছিল। নতুন লুক সামনে আসতেই সেই কৌতূহল আরও বেড়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়েপিক নিয়ে বেশ কয়েক বছর ধরেই জল্পনা তুঙ্গে। মহারাজের চরিত্রের জন্য বহুবার বহু অভিনেতার নাম উঠে এসেছে। সব শেষেই এসেছিল রাজকুমার রাওয়ের নাম। এখন ভক্তরা সকলেই অপেক্ষায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক মুক্তির। রাজকুমার রাওকে মহারাজের চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।
