AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফেব্রুয়ারি নয়, মার্চেই ছাদনাতলায় রশ্মিকা-বিজয়! ভাইরাল বিয়ের কার্ডে প্রকাশ্যে এল তারিখ ও ভেন্যু

নিজেরা সম্পর্কের কথা সরাসরি কবুল না করলেও, বিভিন্ন সময়ে দেওয়া তাঁদের ‘হিন্ট’ অনুরাগীদের মনে কৌতূহল জিইয়ে রেখেছিল। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভাইরাল হয়েছে তাঁদের বিয়ের আমন্ত্রনপত্র। আর সেই কার্ড অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে নয়, বরং মার্চ মাসে বসতে চলেছে রাজকীয় প্রীতিভোজের আসর।

ফেব্রুয়ারি নয়, মার্চেই ছাদনাতলায় রশ্মিকা-বিজয়! ভাইরাল বিয়ের কার্ডে প্রকাশ্যে এল তারিখ ও ভেন্যু
| Updated on: Feb 16, 2026 | 5:35 PM
Share

দক্ষিণী সিনেমার ‘পাওয়ার কাপল’ বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানাকে নিয়ে গত কয়েক বছর ধরে জল্পনার শেষ নেই। তাঁরা নিজেরা সম্পর্কের কথা সরাসরি কবুল না করলেও, বিভিন্ন সময়ে দেওয়া তাঁদের ‘হিন্ট’ অনুরাগীদের মনে কৌতূহল জিইয়ে রেখেছিল। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভাইরাল হয়েছে তাঁদের বিয়ের আমন্ত্রনপত্র। আর সেই কার্ড অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে নয়, বরং মার্চ মাসে বসতে চলেছে রাজকীয় প্রীতিভোজের আসর।

দীর্ঘদিন ধরেই খবর ছিল যে, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে এক ব্যক্তিগত অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। তবে সম্প্রতি রেডিট (Reddit)-এ ভাইরাল হওয়া একটি বিয়ের কার্ড বলছে অন্য কথা। কার্ডের তথ্য অনুযায়ী, বিয়ের মূল অনুষ্ঠান ফেব্রুয়ারির শেষে হলেও, তাঁদের জমকালো ওয়েডিং রিসেপশন বা প্রীতিভোজের আসর বসবে আগামী ৪ মার্চ, ২০২৬ তারিখে।

হায়দরাবাদের অভিজাত তাজ কৃষ্ণা (Taj Krishna) হোটেলে এই রিসেপশন আয়োজিত হবে বলে জানা গিয়েছে। সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্র জগত ও রাজনীতির বহু দিকপাল। আমন্ত্রিতদের তালিকায় তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এবং পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো বড় বড় নাম রয়েছে বলে শোনা যাচ্ছে।

Rashmika (1)

Photo: Social Media

বলিউড ও দক্ষিণী তারকাদের বিয়ের ভিডিও ওটিটি প্ল্যাটফর্মে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রির চল এখন বেশ জনপ্রিয়। শোনা যাচ্ছে, এক নামী ওটিটি প্ল্যাটফর্ম থেকে বিজয় ও রশ্মিকাকে তাঁদের বিয়ের ফুটেজের জন্য বিপুল অর্থের অফার দেওয়া হয়েছিল। কিন্তু ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন এই জুটি। তাই সেই লোভনীয় প্রস্তাব তাঁরা সোজাসাপ্টা ফিরিয়ে দিয়েছেন।

২০২৫ সালের অক্টোবর মাসে হায়দরাবাদে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল বলে খবর ছড়িয়ে পড়েছিল। তখন থেকেই ভক্তরা প্রহর গুনছিলেন কবে বাজবে বিয়ের সানাই। ভাইরাল হওয়া কার্ডের ছবিতে দেখা যাচ্ছে, বিজয় নিজের ও রশ্মিকার পক্ষ থেকে অতিথিদের এই শুভ মুহূর্তের সাক্ষী থাকতে অনুরোধ জানিয়েছেন। যদিও এই কার্ডের সত্যতা নিয়ে এখনও পর্যন্ত বিজয় বা রশ্মিকা আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি, তবুও অনুরাগীরা এখন থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় ‘ভিজ-রশ্মি’কে।