Shah Rukh Khan: কত দূর এগিয়েছে মন্নতের কাজ? পরিবার নিয়ে কোথায় আছেন শাহরুখ?
Shah Rukh Khan leaves Mannat: হঠাৎ করেই সপরিবারে মুম্বইয়ের স্বপ্নের বাংলো ‘মন্নত’ ছাড়লেন বলিউড বাদশা শাহরুখ খান। স্ত্রী ও সন্তানদের নিয়ে এই মুহূর্তে নতুন এক ঠিকানায় দিন কাটাচ্ছেন অভিনেতা। কিন্তু কোটি কোটি ভক্তের চেনা এই রাজপ্রাসাদ ছেড়ে কেন আচমকা অন্যত্র যেতে হল কিং খানকে? নেপথ্যে আসল কারণটা কী?

বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)-এর মুম্বইয়ের বাড়ি ‘মন্নত’ চেনেন না, এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই ভার। মুম্বই শহর ঘুরতে গিয়ে বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে দাঁড়িয়ে এই রাজপ্রাসাদের সামনে একটা ছবি তোলেননি, এমন ভক্ত মেলাও কঠিন। তবে সেই বহু চর্চিত ‘মন্নত’ এবার আরও একটু বদলে যাচ্ছে। আকারে আরও বড় হচ্ছে শাহরুখের এই স্বপ্নের বাড়ি।
শাহরুখের এই সমুদ্রমুখী বিলাসবহুল বাংলোটির পিছনের অংশে নতুন করে আরও দুটি তল বা ফ্লোর তোলার কাজ শুরু হয়েছে। নামী প্রযোজক তথা রিয়েল এস্টেট ব্যবসায়ী আনন্দ পণ্ডিতের সংস্থা ‘শ্রী লোটাস ডেভেলপার্স অ্যান্ড রিয়্যালটি’ এই কাজের দায়িত্ব পেয়েছে। আনন্দ পণ্ডিত নিজেই এই সংস্কারের কথা জানিয়েছেন। নতুন দুটি তল তৈরির ফলে বাড়ির ভেতরের জায়গা প্রায় ৬১৬ বর্গমিটার বেড়ে যাবে। গোটা কাজে খরচ ধরা হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। যেহেতু ‘মন্নত’ সমুদ্রের একদম ধারে এবং এটি একটি ঐতিহ্যবাহী বা হেরিটেজ বাড়ি, তাই উপকূল রক্ষা সংক্রান্ত সব নিয়ম মেনে মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির কাছে প্রয়োজনীয় অনুমতিও চেয়েছেন অভিনেতা।
বাড়ি তৈরির এই বিরাট কাজের জন্য স্ত্রী গৌরী খান এবং তিন ছেলেমেয়ে আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে তিনি আপাতত কাছেই পালি হিলের ‘পূজা কাসা’ নামের একটি বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকছেন কিং খান। এই ফ্ল্যাটটির মালিক আবার বলিউডের আরেক অভিজ্ঞ প্রযোজক বাসু ভগনানি।
মজার বিষয় হল, শুধু মন্নত নয়, আনন্দ পণ্ডিতের সংস্থা শাহরুখের জীবনের প্রথম কেনা বাড়িটিও নতুন করে গড়ে তুলছে। ১৯৯১ সালে দিল্লি থেকে মুম্বই এসে বিয়ের পর বান্দ্রার ‘শ্রী অমৃত সোসাইটি’-তে একটি ৪ কামরার ফ্ল্যাট কিনেছিলেন শাহরুখ। ২০০১ সালে মন্নতে আসার পরেও সেই ফ্ল্যাট তিনি বিক্রি করেননি, ভাড়া দিয়ে রেখেছিলেন। আনন্দ পণ্ডিত জানিয়েছেন, কাজ হাতে নেওয়ার আগে তিনি জানতেনই না যে ওই ফ্ল্যাটটি শাহরুখেরই ছিল!
১৯১৪ সালের পুরোনো এই বাংলোটির আগের নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। ২০০১ সালে প্রায় ১৩ কোটি টাকায় এটি কিনে নাম বদলে ‘মন্নত’ রাখেন অভিনেতা। পরবর্তীতে স্ত্রী গৌরীর ছোঁয়ায় সেজে ওঠা এই ছয় তলা ও ২৭ হাজার বর্গফুটের বাড়িটি এখন মুম্বইয়ের অন্যতম সেরা ঠিকানা। সংস্কারের কাজ শেষ হলে প্রিয় তারকার এই বাড়ি যে আরও ঝলমলে হয়ে উঠবে, তা বলাই যায়।
