মানালি-সব্যসাচীর ধারাবাহিক দেখা যাবে রাত দশটায়, লড়াই জমবে?
স্টার জলসা চ্যানেলে রাত দশটায় দেখা যাবে 'সংসারের সংকীর্তন'। এই ধারাবাহিকে পরাণ বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখা যাবে, তেমনই শ্বশুরের চরিত্রে থাকছেন শুভাশিস মুখোপাধ্যায়। প্রধান মুখ হিসাবে দেখা যাবে মানালি দে আর সব্যসাচী চৌধুরীকে।

স্টার জলসা চ্যানেলে রাত দশটায় দেখা যাবে ‘সংসারের সংকীর্তন’। এই ধারাবাহিকে পরাণ বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখা যাবে, তেমনই শ্বশুরের চরিত্রে থাকছেন শুভাশিস মুখোপাধ্যায়। প্রধান মুখ হিসাবে দেখা যাবে মানালি দে আর সব্যসাচী চৌধুরীকে।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে টলিপাড়ার বিভিন্ন সংগঠন সিদ্ধান্ত নেয়, ‘ম্যাজিক মোমেন্টস’-এর ধারাবাহিকে তাদের সদস্যরা আপাতত কাজ করবে না। যতক্ষণ না পুলিশের তরফে এই কেসের বিস্তারিত সকলের সামনে আসছে। আর্টিস্টস ফোরামের তরফে এই ঘোষণার পরই জানা যায় বন্ধ হয়ে যাবে ‘চিরসখা’। এই ধারাবাহিকে অপরাজিতা ঘোষ আর সুদীপ মুখোপাধ্যায়ের জুটি দেখা যেত। ভিভান ঘোষ, শিঞ্জিনী চক্রবর্তী, রেশমী সেনের মতো বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা কাজ করতেন। তবে সেই জায়গায় ১৩ তারিখ থেকে আসছে মানালি-সব্যসাচীর ধারাবাহিক।
এদিকে জি বাংলায় রাত দশটায় ১৫ মিনিট দেখা যায় ‘কনে দেখা আলো’। আর ১৫ মিনিট দেখা যায় ‘আনন্দী’। প্রথম ধারাবাহিকটির শুটিং আর হবে না। তাই জি বাংলায় কোন ধারাবাহিকের সঙ্গে লড়াই হবে ‘সংসারের সংকীর্তন’-এর, সেই দিকে নজর থাকবে। লক্ষণীয় বার্ক-এর নির্দিষ্ট গ্রুপে সম্প্রতি ‘চিরসখা’-র রেটিং এসেছে ৩। তাই পুরোনো ধারাবাহিকের রেটিং ছুঁয়ে ফেলা, ‘সংসারের সংকীর্তন’-এর পক্ষে কঠিন নয়।
মানালি দে বহু হিট ধারাবাহিকের মুখ। এর মধ্যে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখায় অতীতে হিট পেয়েছিলেন মানালি। এবার লীনার ধারাবাহিককে সরিয়ে সেই জায়গায় মানালির যে নতুন ধারাবাহিক আসছে, তা স্টার জলসাকে স্লট লিডার করতে পারে কিনা, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
