AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonu Sood: গুরুতর অসুস্থ, ঠিকমতো হাঁটতেও পারেন না! হাউহাউ করে কেঁদে কাজের আর্জি জানাতেই শরদ কাপুরের পাশে সোনু সুদ

Sharad Kapoor health update: সোশাল মিডিয়ায় কাজ চেয়ে কাতর আর্জি জানিয়েছিলেন 'জোশ' খ্যাত অভিনেতা শরদ কাপুর। ভিডিয়ো ভাইরাল হতেই তাঁর পাশে দাঁড়ালেন সনু সুদ। চিকিৎসার পাশাপাশি দিলেন কাজে ফেরার আশ্বাসও। কী কী করেছেন তিনি?

Sonu Sood: গুরুতর অসুস্থ, ঠিকমতো হাঁটতেও পারেন না! হাউহাউ করে কেঁদে কাজের আর্জি জানাতেই শরদ কাপুরের পাশে সোনু সুদ
কী হয়েছে অভিনেতার?
| Updated on: Nov 16, 2026 | 9:03 AM
Share

শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘জোশ’ সিনেমার সেই দাপুটে ভিলেনের কথা মনে আছে? কিংবা ‘দস্তক’ ও ‘লক্ষ্য’ ছবির সেই অভিনেতা? কথা হচ্ছে শরদ কাপুরকে (Sharad Kapoor) নিয়ে। নব্বইয়ের দশকের এই জনপ্রিয় অভিনেতা মারাত্মক অসুস্থ। হাঁটাচলার ক্ষমতা প্রায় হারিয়েছেন। সোশাল মিডিয়ায় সম্প্রতি তাঁর একটি কান্নার ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে তিনি কাজ চেয়ে অনুরোধ করছিলেন। আর সেই খবর পেয়েই এবার অভিনেতার পাশে দাঁড়ালেন সনু সুদ (Sonu Sood)।

কী হয়েছে অভিনেতার?

জানা গিয়েছে, স্পেনের বার্সেলোনায় ফুটবল খেলতে গিয়ে পায়ে খুব জোর চোট পান শরদ। চোট এতটাই গুরুতর ছিল যে দীর্ঘদিন তাঁকে বিছানায় শুয়ে থাকতে হয়। এখন ওয়াকার ছাড়া তিনি এক পাও হাঁটতে পারেন না। অসুস্থতার কারণে নিজের আদরের চারটে কুকুরকেও বাধ্য হয়ে অন্যের হাতে তুলে দিতে হয়েছে তাঁকে। এই কথা বলতে গিয়েই ভিডিয়োতে কেঁদে ফেলেন তিনি। অভিনেত্রী জয়া ভট্টাচার্য প্রথম এই ভিডিয়োটা সামনে আনেন। ভিডিয়োতে শরদ সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের (CINTAA) কাছে আর্জি জানিয়ে বলেন, তিনি আর্থিক সাহায্য চান না, তিনি শুধু কাজ চান। তবে দীর্ঘদিন কাজ না থাকায় তিনি যে বেশ কিছুটা আর্থিক কষ্টে রয়েছেন, সে কথাও মেনে নেন।

খবরটা চোখে পড়তেই শরদকে সাহায্য করতে এগিয়ে আসেন সনু। ‘দ্য ফ্রি প্রেস জার্নাল’-এর খবর অনুযায়ী, চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম পাঠিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, শরদের পায়ের চিকিৎসার জন্য একদল ভালো চিকিৎসকের ব্যবস্থাও করে দিয়েছেন সনু। তবে শুধু চিকিৎসাতেই থেমে থাকেননি তিনি। শোনা যাচ্ছে, শরদকে নতুন কাজে ফেরানোর চিন্তাভাবনাও করছেন। খুব তাড়াতাড়ি নতুন কোনও প্রোজেক্ট নিয়ে আলোচনা করতে দু’জনের দেখাও হতে পারে।

সব মিলিয়ে অভিনেতার জীবনে এখন একটা নতুন আশার আলো। শরদ নিজেও বেশ আশাবাদী। তিনি জানিয়েছেন, শরীর ঠিক থাকলে আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়াতে চান। সিনেমা হোক বা নেটফ্লিক্স, জিও হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্ম, ভালো কাজ পেলে তিনি সবই করতে রাজি। এদিকে, অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও (AICWA) বিভিন্ন পরিচালককে অনুরোধ করেছে শরদকে কাজ দেওয়ার জন্য। সনু সুদের এই উদ্যোগে শরদ কাপুর যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে রুপোলি পর্দায় ফিরবেন, সেটাই এখন আশা করছেন সকলে।

Follow Us