Rahul Banerjee East Bengal tribute match: প্রিয় সমর্থক রাহুলকে ট্রিবিউট, বুট পায়ে ইস্টবেঙ্গল মাঠে নামছেন কিংবদন্তিরা
Rahul Arunoday Banerjee tribute match: প্রয়াত অভিনেতা এবং আজীবন লাল-হলুদ সমর্থক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে আগামী ১৫ই জুন ইস্টবেঙ্গল মাঠে আয়োজিত হতে চলেছে এক বিশেষ প্রদর্শনী ফুটবল ম্যাচ। লাল-হলুদ গ্যালারির ‘ছবিওয়ালা’!

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)— টলিউডের রুপোলী পর্দার এই প্রতিভাবান অভিনেতার পরিচয় শুধু লাইট-ক্যামেরা-অ্যাকশনের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন আপাদমস্তক এক কট্টর লাল-হলুদ সমর্থক। ইস্টবেঙ্গলের গ্যালারিতে ওঁর সেই চেনা মশাল ওড়ানো কিংবা প্রিয় দলের জন্য গলার শিরা ফুলিয়ে চিৎকার করার উন্মাদনা কখনও ভোলার নয়। টলিউড ও ময়দান— দুই মহলই আজ রাহুলের সেই ফুটবল প্যাশনকে ভীষণভাবে মিস করে। প্রিয় সেই ‘লাল-হলুদ সমর্থক আজ নেই। কিন্তু ওঁর ফুটবল আবেগ রয়ে গিয়েছে প্রতিটি লাল-হলুদ সমর্থকের হৃদয়ে। এবার সেই প্রিয় সমর্থককে মাঠ থেকেই পরম শ্রদ্ধা জানাতে তৈরি হচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত।
রাহুল বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শেষ অভিনীত চলচ্চিত্র ‘ছবিওয়ালা’। এই ছবির টিম এবং পরিচালক বাপ্পার বিশেষ উদ্যোগে আগামী ১৫ই জুন কলকাতার ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাব মাঠে আয়োজিত হতে চলেছে একটি বিশেষ ট্রিবিউট এক্সিবিশন ম্যাচ। এই অনন্য আয়োজনের মূল ট্যাগলাইন রাখা হয়েছে “লাল-হলুদ গ্যালারির ছবিওয়ালা”। আগামী ১৫ই জুন, বিকেল ৫:০০ টা থেকে ইস্টবেঙ্গলের ক্লাব মাঠে বসবে এই চাঁদের হাট। এই ঐতিহাসিক উদ্যোগকে সফল করতে এবং মাঠের অনুমতি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা নীতু সরকার। ক্লাবের শীর্ষ কর্তার এই পজিটিভ সাড়া ছাড়া এই ম্যাচ আয়োজন করা সম্ভব হত না বলে কৃতজ্ঞতা জানিয়েছে ‘ছবিওয়ালা’ টিম।
স্নেহের রাহুলদাকে শ্রদ্ধা জানাতে এবার বুট পায়ে সবুজ গালিচায় নামছেন লাল-হলুদের একঝাঁক প্রাক্তন কিংবদন্তি ফুটবলার। পুরো প্রদর্শনী ম্যাচটির জন্য দুটি বিশেষ স্কোয়াড তৈরি করা হয়েছে। একদলের নাম রাখা হয়েছে ‘রাহুল টুয়েলভথ ম্যান’ (Rahul 12th Man) এবং অন্য দলটির নাম ‘ছবিওয়ালা টুয়েলভথ ম্যান’ (Chobiwala 12th Man)।
মাঠে বল পায়ে মুখোমুখি লড়াইয়ে নামবেন ময়দানের দিগ্বজ তারকারা
রাহুল টুয়েলভথ ম্যান
শুভাশিষ রায়চৌধুরী অর্ণব মণ্ডল মেহতাব হোসেন দীপঙ্কর রায় ষষ্ঠী দুলে অ্যালভিটো ডি’কুনহা
ছবিওয়ালা টুয়েলভথ ম্যান
সন্দীপ নন্দী সফর সর্দার মহম্মদ রফিক সৈয়দ রহিম নবী সৌমিক দে অসীম বিশ্বাস
প্রিয় তারকাদের একসঙ্গে আবার মাঠে দেখতে পাওয়ার খবরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। পরিচালক বাপ্পা আবেগঘন কণ্ঠে জানান, “মানুষটা হয়তো সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু ওঁর রেখে যাওয়া অন্যতম শেষ ছবি ‘ছবিওয়ালা’ আর এই মাঠের আবেগের মধ্যে দিয়েই রাহুল দা আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।” সমগ্র চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ও ময়দান একজোট হয়ে এই অনন্য শ্রদ্ধার্ঘ্যের অংশ হতে চলেছে। ফুটবল আর সিনেমার এই যৌথ আবেগ দেখতে আগামী ১৫ই জুন গ্যালারিতে যে উপচে পড়া ভিড় থাকবে, তা বলাই বাহুল্য।
উল্লেখ্য, পরিচালক বাপ্পার এই ‘ছবিওয়ালা’ চলচ্চিত্রে প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা, শান্তনু নাথ, রিমি দেব এবং রানা বসু ঠাকুর। ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্যঋত (SoumyaRit) এবং নেপথ্যকণ্ঠে শোনা যাবে রূপম, সোমলতা ও জোজোর মতো জনপ্রিয় শিল্পীদের গান।
