AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজ কাপুর-নার্গিসের ‘সন্তান’ ডিম্পল কাপাডিয়া? বলিউডের ‘নিষিদ্ধ প্রশ্নের’ উত্তর দিলেন ডিম্পল নিজেই

ডিম্পলের চেহারার সঙ্গে নার্গিসের অদ্ভূত মিলই ছিল এই গুজবের মূল কারণ। তার ওপর ‘ববি’ ছবিতে ডিম্পলের পরিচিতি দৃশ্যটি রাজ কাপুর ঠিক সেভাবেই সাজিয়েছিলেন, যেভাবে বাস্তবে প্রথমবার নার্গিসের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। এই ছোট ছোট মিলগুলোই তখনকার মানুষের কল্পনাকে উসকে দিয়েছিল।

রাজ কাপুর-নার্গিসের ‘সন্তান’ ডিম্পল কাপাডিয়া? বলিউডের 'নিষিদ্ধ প্রশ্নের' উত্তর দিলেন ডিম্পল নিজেই
| Updated on: Feb 03, 2026 | 5:28 PM
Share

সালটা ১৯৭৩। রাজ কাপুরের হাত ধরে ‘ববি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ১৬ বছরের কিশোরী ডিম্পল কাপাডিয়া। প্রথম ছবিতেই রাতারাতি মহাতারকা হয়ে ওঠেন তিনি। কিন্তু সেই আকাশচুম্বী সাফল্যের মাঝেই এক অদ্ভুত গুঞ্জন ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। গুজব রটেছিল, ডিম্পল কাপাডিয়া আসলে রাজ কাপুর ও নার্গিসের গোপন সম্পর্কের সন্তান বা ‘লাভ চাইল্ড’!

ডিম্পলের চেহারার সঙ্গে নার্গিসের অদ্ভূত মিলই ছিল এই গুজবের মূল কারণ। তার ওপর ‘ববি’ ছবিতে ডিম্পলের পরিচিতি দৃশ্যটি রাজ কাপুর ঠিক সেভাবেই সাজিয়েছিলেন, যেভাবে বাস্তবে প্রথমবার নার্গিসের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। এই ছোট ছোট মিলগুলোই তখনকার মানুষের কল্পনাকে উসকে দিয়েছিল।

‘আন্দাজ’ ছবির সেটে রাজ কাপুরের প্রেমে পড়েছিলেন নার্গিস। রাজ বিবাহিত জেনেও তিনি দীর্ঘ সময় এই সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। এমনকি রাজ কাপুরের দ্বিতীয় স্ত্রী হওয়ার আইনি পরামর্শও নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি, যা নার্গিসকে চরম মানসিক অবসাদের দিকে ঠেলে দেয়। পরবর্তীতে ‘মাদার ইন্ডিয়া’র সেটে অগ্নিকাণ্ড থেকে সুনীল দত্ত তাঁকে রক্ষা করেন এবং এরপরই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বহু বছর আগে এক সাক্ষাৎকারে এই গুজবকে হেসেই উড়িয়ে দিয়েছিলেন ডিম্পল। অত্যন্ত বিরক্তি প্রকাশ করে তিনি বলেছিলেন, “আমার সম্পর্কে শোনা এটাই সবথেকে পাগলামি ভরা খবর। ভাবতে পারেন, আমি সঞ্জয় দত্তর সৎ বোন? এটা একেবারেই অসম্ভব।”

কী বলেছিলেন নার্গিস? অভিনেতা ও সঞ্চালক অন্নু কাপুরের একটি স্মৃতিচারণ থেকে জানা যায়, এই কদর্য গুঞ্জন কানে গিয়েছিল স্বয়ং নার্গিসেরও। তীব্র ক্ষোভ প্রকাশ করে ‘মাদার ইন্ডিয়া’ অভিনেত্রী বলেছিলেন, “কীভাবে বা কেন এই গুজব শুরু হলো, সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। শুধু এটুকু বলতে পারি, যে এই রটনা শুরু করেছে সে অত্যন্ত নিচ মানসিকতার মানুষ। ‘আওয়ারা’ ছবিতে আমার চরিত্রটির আদলেই রাজ কাপুর ‘ববি’র কল্পনা করেছিলেন—কেবল এইটুকুর ওপর ভিত্তি করে এমন বোকা বোকা সিদ্ধান্তে পৌঁছানো যায় না।” বলিউডের সেই স্বর্ণযুগের এই রহস্যময় অধ্যায়টি সময়ের সাথে ধামাচাপা পড়লেও, মাঝেমধ্যেই তা ফিরে আসে আর্কাইভের পাতা থেকে।