Shah Rukh Khan: দ্বৈত চরিত্র, সুরকার এ আর রহমান! কোন ছবির সুযোগ হাতছাড়া করেছিলেন কিং খান?
Bollywood news: শাহরুখ খানের সঙ্গে দ্বৈত ভূমিকায় পরিচালক হিসেবে ডেবিউ করার কথা ছিল আহমেদ খানের। কিন্তু ফারা খানের 'ম্যায় হুঁ না' ছবির দেরির কারণে শেষ পর্যন্ত থমকে যায় সেই ছবি। এত বছর পর সেই না-বলা রহস্য ফাঁস করলেন পরিচালক।

বলিউডের অন্যতম সফল কোরিওগ্রাফার এবং পরিচালক আহমেদ খানের সাম্প্রতিক ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বক্স অফিসে ঝড় তুলেছে। বিশ্বজুড়ে ইতিমধ্যেই ১৫০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। কিন্তু জানেন কি, ২০০৪ সালে সানি দেওল, সুনীল শেট্টি ও জন আব্রাহামকে নিয়ে ‘লকীর: ফরবিডেন লাইন্স’ তৈরির অনেক আগেই শাহরুখ খানের হাত ধরে পরিচালক হিসেবে ডেবিউ করার কথা ছিল আহমেদের? ছবির নামও ঠিক হয়ে গিয়েছিল, ‘সবর’ (Sabr)। কিন্তু শেষ পর্যন্ত কেন আলোর মুখ দেখল না সেই প্রজেক্ট? এত বছর পর সেই অজানা গল্পই সামনে আনলেন পরিচালক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আহমেদ খান জানান, ‘লকীর’ ছবির আগে তিনি একটি চিত্রনাট্য লিখেছিলেন, যা শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান স্বয়ং কিং খান। শুধু তাই নয়, ছবিতে দাদু এবং নাতি, দুই প্রজন্মের দুই চরিত্রে দ্বৈত ভূমিকায় অভিনয় করার কথা ছিল শাহরুখের। ছবির গল্পটি ছিল ভীষণ আবেগঘন। এক নাতির গল্প, যে জন্মানোর আগেই তার দাদুকে হারিয়েছিল, কিন্তু মায়ের গর্ভে থাকার সময় দাদুর গল্প শুনে সে দাদুর সমস্ত স্মৃতি নিজের মনে বয়ে বেড়াত। এই ছবির মিউজিক করার জন্য রাজি হয়ে গিয়েছিলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানও। শাহরুখের তৎকালীন প্রযোজনা সংস্থা ‘ড্রিমজ আনলিমিটেড’-এর ব্যানারেই এই ছবি তৈরি হওয়ার কথা ছিল।
ফারা খানের ‘ম্যায় হুঁ না’-র কারণেই কি থমকে গেল প্রজেক্ট?
আহমেদ জানান, সেই বছর শাহরুখ খান বলিউড ইন্ডাস্ট্রির দুই নামী কোরিওগ্রাফারকে পরিচালক হিসেবে লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছিলেন,ব একজন ফারা খান এবং অন্যজন আহমেদ নিজে। তবে শাহরুখের প্রথম প্রতিশ্রুতি ছিল ফারা খানের প্রতি। ঠিক ছিল ফারার ছবির পরেই আহমেদের ছবির কাজ শুরু হবে। কিন্তু অন্য কিছু প্রজেক্টের ব্যস্ততার কারণে শাহরুখ ফারা খানের ডেবিউ ছবি ‘ম্যায় হুঁ না’ সময়মতো শুরু করতে পারছিলেন না। ফলে প্রায় দু’বছর পিছিয়ে যায় সেই ছবির কাজ। আহমেদ বলেন, “আমি বড্ড তাড়াহুড়ো করছিলাম। ফারা খানের ছবি শেষ হতে আরও অন্তত দেড় বছর সময় লাগত। আমি ততটা সময় অপেক্ষা করতে পারছিলাম না।”
আহমেদ যখন অধৈর্য হয়ে অন্য ছবি করার সিদ্ধান্ত নিচ্ছেন, তখন শাহরুখ তাঁকে দাদার মতো আগলে রাখার চেষ্টা করেছিলেন। আহমেদ স্মৃতি চারণ করে বলেন, “শাহরুখ আমাকে বলেছিলেন, ‘কোথাও যাস না। তোর প্রথম ছবিটা আমার সঙ্গেই হতে হবে।’ ওঁর এই কথাগুলো আমার মন ছুঁয়ে গিয়েছিল।” কিং খান আহমেদকে আরও কিছুদিন অপেক্ষা করতে অনুরোধ করলেও, আহমেদ আর সময় নষ্ট করতে চাননি। তিনি শাহরুখের অনুমতি নিয়েই ‘লকীর’ ছবির কাজ শুরু করে দেন।
তবে এই ঘটনার জন্য তাঁদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণে কোনওদিন কোনও চিরড় ধরেনি। আহমেদ স্পষ্ট জানিয়েছেন, ‘সবর’-এর গল্পটা শুধুমাত্র শাহরুখের জন্যই লেখা হয়েছিল, তাই অন্য কোনও অভিনেতাকে নিয়ে তিনি আর এই ছবি করার কথা ভাবেননি। তবে গল্প শেষ করে আহমেদ একটু হেসে যোগ করলেন, “এখনও কিন্তু খুব বেশি দেরি হয়ে যায়নি!” অর্থাৎ, ভবিষ্যতে কিং খানের সঙ্গে আবার নতুন কোনও ধামাকাদার প্রজেক্টে দেখা যেতেই পারে আহমেদ খানকে।

