MSP in India: MSP কী? ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণার সঙ্গে কৃষকের প্রকৃত আয়ের ফারাক কোথায়?
MSP Awareness and Farmer Income in India: আজকের ‘Your India’ কলামে সন্তোষ নায়ার বিশ্লেষণ করেছেন ন্যূনতম সহায়ক মূল্য (MSP) কীভাবে কাজ করে এবং কেন একই ঘোষণা দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। এই প্রতিবেদনে উঠে এসেছে MSP সম্পর্কে কৃষকদের সচেতনতা, সরকারি ফসল সংগ্রহ ব্যবস্থা, ক্রয়কেন্দ্রে পৌঁছনোর সুযোগ এবং MSP-কে আইনি নিশ্চয়তা দেওয়ার দাবিকে ঘিরে চলতে থাকা বিতর্কের নানা দিক।

একই জেলার দুই কৃষক তুলো চাষ করেন। একই মরসুমে রেডিয়োতে একই খবর শোনেন তাঁরা—সরকার তুলোর দাম বাড়িয়েছে। তাঁদের একজন ভীমরাও থাকেন সরকারি ফসল ক্রয়কেন্দ্র থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে। ভোর হওয়ার আগেই তিনি গরুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। প্রতিবেশীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে দুপুরের মধ্যেই হাতে পান একটি রসিদ। সেখানে লেখা, সরকার ঘোষিত দামেই তাঁর ফসল কেনা হবে। অন্যদিকে, ধনরাজের বাড়ি থেকে সরকারি ক্রয়কেন্দ্রের দূরত্ব একশো কিলোমিটার। স্থানীয় ব্যবসায়ীর কাছে তাঁর ধারদেনা রয়েছে। ফসল নিয়ে যাওয়ার মতো কোনও গাড়িও নেই তাঁর। সেদিন বিকেলেই ব্যবসায়ী তাঁর বাড়িতে এসে জানান, বাজারে তুলোর দাম পড়ে গিয়েছে। এরপর নিজেই কম দাম ঠিক করে দেন। বাধ্য হয়ে সেই দামেই তুলো বিক্রি করেন ধনরাজ। দু’জনেই সমান পরিশ্রম করেছেন। অথচ তাঁদের গোটা বছরের ভাগ্য নির্ধারিত হল একটি সরকারি ভবনের অবস্থানের উপর।
প্রতি বছর বীজ বোনার মরসুম শুরুর আগে ফসলের দাম ঘোষণা করে সরকার। ধান, গম, তুলো-সহ প্রায় দুই ডজন ফসলের ক্ষেত্রে প্রতি কুইন্টালের ন্যূনতম দাম কত হবে, তা জানিয়ে দেওয়া হয়। একেই বলা হয় মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্য (MSP)। এর উদ্দেশ্য হল, বাজারে দাম যতই পড়ে যাক না কেন, কৃষক যাতে নির্দিষ্ট ন্যূনতম দামের নিচে ফসল বিক্রি করতে বাধ্য না হন, তা নিশ্চিত করা। ১৯৬০-এর দশক থেকেই ভারতে কোনও না কোনওভাবে এই ব্যবস্থা চালু রয়েছে। এর পিছনে যুক্তিও যথেষ্ট বাস্তবসম্মত। একজন কৃষক ফসল থেকে আয় করার কয়েক মাস আগেই বীজ, সার, জল এবং শ্রমিকের পিছনে টাকা খরচ করেন। এরপর বৃষ্টি ও ফসল ফলার অপেক্ষায় থাকেন। ফসল বিক্রির দিন বাজারে দাম পড়ে গেলে গোটা বছরের পরিশ্রমই জলে যেতে পারে। সেই ক্ষতির হাত থেকে কৃষককে রক্ষা করার জন্যই MSP-র ব্যবস্থা।
কতজন কৃষক তাঁদের ফসলের MSP সম্পর্কে জানেন?
২০১৮-১৯ সালে কৃষক পরিবারগুলির উপর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস (NSO)-এর করা একটি বড় সরকারি সমীক্ষা থেকে স্পষ্ট, কৃষকদের কাছে এই প্রতিশ্রুতি কতটা পৌঁছেছে। সমীক্ষা অনুযায়ী, ধান চাষ করা পরিবারগুলির মাত্র ৪১ শতাংশ জানতেন যে তাঁদের ফসলের জন্য MSP নির্ধারিত রয়েছে। গম চাষিদের ক্ষেত্রে এই হার ছিল প্রায় ৩৭ শতাংশ। কয়েকটি ফসলের ক্ষেত্রে এই হার আরও কম। অর্থাৎ, অন্যভাবে বললে, ধান চাষ করা প্রায় ১০ জন কৃষকের মধ্যে ছ’জনই জানতেন না যে তাঁদের উৎপাদিত ফসলের জন্য সরকার একটি নির্দিষ্ট দাম ঘোষণা করেছে।
কৃষি ব্যয় ও মূল্য কমিশন (Commission for Agricultural Costs and Prices বা CACP)-এর পরামর্শ অনুযায়ী ২২টি ফসলের জন্য প্রতি বছর MSP ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কিন্তু যাঁদের জন্য এই ব্যবস্থা, তাঁদের একটা বড় অংশই যদি এই ঘোষণার কথা না জানেন, তাহলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে যে বড়সড় সমস্যা রয়েছে, তা স্পষ্ট।
MSP ঘোষণা করলেই কি সেই দামে ফসল বিক্রি করতে পারেন কৃষক?
MSP সম্পর্কে জানা এক বিষয়, আর সেই দামে ফসল বিক্রি করতে পারা সম্পূর্ণ অন্য বিষয়। একই সমীক্ষায় দেখা গিয়েছে, ধান চাষিদের মাত্র চারজনের মধ্যে একজন তাঁদের উৎপাদিত ফসলের অন্তত কিছুটা অংশ MSP-তে বিক্রি করতে পেরেছেন। অন্য অনেক ফসলের ক্ষেত্রে এই হার আরও কম।
এর কারণ বুঝতে হলে MSP-র কার্যপদ্ধতি সম্পর্কে জানতে হবে। কোনও ফসলের জন্য নির্দিষ্ট দাম ঘোষণা করা মানেই সরকার সেই ফসল কিনবে, এমনটা নয়। সরকার সব ফসল বিপুল পরিমাণে কেনে না। মূলত গণবণ্টন ব্যবস্থার (Public Distribution System) জন্য চাল ও গম কেনার উপরেই সরকারি সংগ্রহের বড় অংশ নির্ভরশীল। তাছাড়া পঞ্জাব, হরিয়ানা এবং মধ্য ভারতের কয়েকটি অঞ্চলে সরকারি ফসল সংগ্রহের পরিমাণ তুলনামূলকভাবে বেশি।
যেখানে সরকার বিপুল পরিমাণে ফসল কেনে, সেখানে MSP কৃষকের প্রকৃত আয়ের নিশ্চয়তা হয়ে ওঠে। কিন্তু যেখানে সরকারি ফসল সংগ্রহের ব্যবস্থা নেই বললেই চলে, সেখানে MSP সংবাদপত্রের পাতায় ছাপা একটি সংখ্যা মাত্র। ফসল বিক্রির দিন স্থানীয় ব্যবসায়ীই ঠিক করেন কৃষক কত টাকা পাবেন।
বিভিন্ন রাজ্যের কৃষকদের কাছে MSP-র অর্থ কেন আলাদা?
একই ব্যবস্থার আওতায় থেকেও দেশের কৃষকদের জীবনযাত্রা কতটা আলাদা, তা এখান থেকেই স্পষ্ট। পঞ্জাবের একজন গম চাষির কাছে MSP বছরের আয়ের একটি নির্ভরযোগ্য অংশ। অথচ প্রত্যন্ত কোনও জেলার একজন ডাল চাষির কাছে MSP-র কথা হয়তো শুধুই শোনা কথা।
ভীমরাও এবং ধনরাজ একই জেলার দুই কাল্পনিক কৃষক। দু’জনেই রেডিয়োতে একই ঘোষণা শুনেছিলেন। কিন্তু সেই ঘোষণার মধ্যে একজনই খুঁজে পেয়েছিলেন সরকারি প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন।
MSP-র আইনি নিশ্চয়তার দাবি কেন তুলছেন কৃষকরা?
এই কারণেই কৃষক সংগঠনগুলি MSP-র আইনি নিশ্চয়তার দাবি জানিয়ে আসছে। কৃষক আন্দোলনগুলির অন্যতম প্রধান দাবিও এটি। তাদের যুক্তি, আইনের স্বীকৃতি না থাকলে সরকারি প্রতিশ্রুতি শেষ পর্যন্ত নির্ভর করে কে ক্ষমতায় রয়েছে, তার উপর। তবে এই দাবির বিরোধীদের যুক্তিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।
MSP-র আইনি নিশ্চয়তা কার্যকর করার ক্ষেত্রে বিপুল খরচের আশঙ্কা রয়েছে। সরকারকে যদি প্রতিটি ফসল MSP-তে কিনতে হয়, তাহলে তার জন্য বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন হবে। অতিরিক্ত খাদ্যশস্য মজুত করা এবং পরে তা বিক্রি করাও বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
এছাড়া নির্দিষ্ট দামের নিশ্চয়তা থাকলে কৃষকরা বেশি লাভের আশায় ধানের মতো নির্দিষ্ট কিছু ফসলের উৎপাদন বাড়াতে পারেন। এমনকী যেখানে জলের অভাব রয়েছে, সেখানেও ধান চাষ বাড়তে পারে। এর ফলে পরিবেশের উপর চাপ বাড়ার পাশাপাশি সাধারণ ক্রেতাদের জন্য বাজারে খাদ্যপণ্যের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষকদের স্বার্থ এবং সরকারি কোষাগারের উপর চাপ—দু’টি বিষয়ের মধ্যে ভারসাম্য কীভাবে বজায় রাখা যায়, তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে মতভেদ রয়েছে। বিকল্প প্রস্তাবও উঠে এসেছে। যেমন, বাজারে কোনও ফসলের দাম নির্দিষ্ট সীমার নিচে নেমে গেলে কৃষককে সেই দামের পার্থক্যের টাকা সরকার দিয়ে দেবে।
MSP বিতর্কে দুই পক্ষের মতের মিল কোথায়?
এই বিতর্কের উত্তাপে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় নজর এড়িয়ে যায়। দুই পক্ষই মোটামুটি একমত যে কৃষকদের এমন কিছু ঝুঁকির মুখোমুখি হতে হয়, যা অর্থনীতির অন্য কোনও ক্ষেত্রের মানুষের ক্ষেত্রে একইভাবে দেখা যায় না।
বৃষ্টির অনিশ্চয়তা, ফসলের ক্ষতি, পোকামাকড়ের আক্রমণ থেকে শুরু করে বাজারে হঠাৎ দাম পড়ে যাওয়া—সবকিছুর ঝুঁকি বহন করতে হয় কৃষকদের। তাই তাঁদের সুরক্ষার প্রয়োজন রয়েছে, এ নিয়ে বিশেষ মতভেদ নেই। মূল বিতর্ক হল, সেই সুরক্ষার ব্যবস্থা কীভাবে তৈরি হবে, তার খরচ কে বহন করবে এবং কতদূর পর্যন্ত এই সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
‘MSP বাড়ল’—প্রতিটি ঘোষণার পিছনে যে তিনটি প্রশ্ন জরুরি-
সংবাদপত্রের শিরোনামে কোনও খবর সম্পূর্ণ সত্যি হলেও তা সবসময় কৃষকের জমি পর্যন্ত পৌঁছয় না। প্রতি মরসুমেই আমরা শুনি, ‘MSP বাড়াল সরকার’। খবরটি শুনে আমরা অনেকেই মাথা নাড়ি। কিন্তু এই ঘোষণার প্রকৃত অর্থ বুঝতে তিনটি সহজ প্রশ্নের উত্তর জানা জরুরি।
১. কোন ফসলের জন্য MSP বাড়ানো হয়েছে?
২. কোন রাজ্যে সেই ফসলের সরকারি সংগ্রহের ব্যবস্থা রয়েছে?
৩. বাস্তবে কতটা ফসল সরকার কিনবে?
আপনি কি জানেন, আপনার নিজের রাজ্যের কৃষকরা মূলত কী কী ফসল চাষ করেন? আর সেই ফসল তাঁদের কাছ থেকে কারা কেনেন?
সূত্র: ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস (NSO), পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক, Situation Assessment of Agricultural Households (2018-19), ডাউন টু আর্থ-এ প্রকাশিত তথ্য; কৃষি ব্যয় ও মূল্য কমিশন (CACP), ভারত সরকার।
বিশেষ দ্রষ্টব্য: ভীমরাও ও ধনরাজ কাল্পনিক চরিত্র। তবে প্রতিবেদনে উল্লিখিত তথ্যগুলি বাস্তব সমীক্ষার উপর ভিত্তি করে তৈরি।
