Tapas Roy: নতুন বিনিয়োগ নীতিতে কারা অগ্রাধিকার পাবে? সরকারের লক্ষ্য জানালেন তাপস রায়
15 Priority Sectors for Industrial Investment: শিল্পমন্ত্রী তাপস রায় স্পষ্ট করে দেন, রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধিই লক্ষ্য। রাজ্যের বেকার যুবক-যুবতীদের কাজের সন্ধানে অন্য রাজ্য কিংবা বিদেশে চলে যেতে হচ্ছে। এই প্রবণতা আটকাতে চাইছে রাজ্য সরকার। রাজ্যের ছেলেমেয়েরা যাতে নিজের রাজ্যেই কাজের সুযোগ পান, সেই লক্ষ্যেই শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

কলকাতা: রাজ্যে ক্ষমতায় এসেই বিনিয়োগ টানতে উদ্যোগী হয়েছে শুভেন্দু-সরকার। নতুন শিল্পনীতি এনেছে। দেশ-বিদেশের শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান জানিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় জানালেন, শিল্পে কর্মসংস্থান বাড়ানোই লক্ষ্য রাজ্য সরকারের। বিনিয়োগ টানতে ১৫টি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিন তিনি বলেন, অন্যান্য শিল্পোন্নত রাজ্য যেমন গুজরাট, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের তুলনায় পশ্চিমবঙ্গ এখনও পিছিয়ে রয়েছে। এমনকী সাম্প্রতিক সময়ে ওড়িশার থেকেও পিছিয়ে পড়েছে রাজ্য। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে এবং পশ্চিমবঙ্গের অতীত শিল্পগৌরব ফিরিয়ে আনতে রাজ্য সরকার সবরকম চেষ্টা করছে। সেই লক্ষ্যেই ঘোষণা করা হয়েছে ইনভেস্টমেন্ট প্রোমোশন পলিসি ২০২৬।
বিনিয়োগ নীতি কার্যকর হওয়ার তারিখ ও আওতায় কারা-
- ৯ মে ২০২৬ থেকে কার্যকর হয়েছে নতুন বিনিয়োগ নীতি।
- ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME), বৃহৎ শিল্প, কৌশলগত ও মেগা প্রকল্প এই নীতির আওতায় আসবে।
- পরিষেবা ক্ষেত্রের সম্প্রসারণ ও বৈচিত্র্যকরণকারী সংস্থাও সুযোগ পাবে।
- পুনরুজ্জীবন কাঠামোর আওতায় থাকা অলাভজনক প্রতিষ্ঠানও এই নীতির সুবিধা পেতে পারে।
- স্পঞ্জ আয়রন, কোক প্রসেসিং, কাঠকয়লা, পাথর ভাঙার কারখানা, চিরাচরিত ইটভাটা, করাতকল, অ্যাসবেস্টস, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং তামাক শিল্পকে এই নীতির বাইরে রাখা হয়েছে।
১৫টি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্পক্ষেত্র-
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। গ্রিন হাইড্রোজেন ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন। উদীয়মান ডিজিটাল প্রযুক্তি। বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন। খাদ্য ও সামুদ্রিক পণ্য প্রক্রিয়াকরণ এবং পশুপালন। ফিড ও টেক্সটাইল শিল্প। বায়োটেকনোলজি। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন। গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ প্রক্রিয়াকরণ। অটোমোবাইল উৎপাদন। গবেষণা ও উন্নয়ন। বিশেষ ধরনের ইস্পাত উৎপাদন। পেট্রোকেমিক্যাল শিল্প। এবং বিমান পরিবহণ, জাহাজ নির্মাণ ও সামুদ্রিক প্রশিক্ষণ।
উপরের এই ১৫টি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে রাজ্য সরকারের বক্তব্য, এই তালিকা চূড়ান্ত নয়। শিল্পমহলের পরামর্শ ও প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে নতুন ক্ষেত্র অন্তর্ভুক্ত করা হবে।
বিনিয়োগের ভিত্তিতে আর্থিক সহায়তা-
- সাধারণ MSME শিল্প ইউনিটের ক্ষেত্রে যোগ্য স্থায়ী মূলধনী বিনিয়োগের ১০০ শতাংশ পর্যন্ত সহায়তা।
- অগ্রাধিকারপ্রাপ্ত শিল্পক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত সহায়তা।
- অগ্রাধিকারপ্রাপ্ত এলাকায় শিল্প স্থাপন করলে ১০০ শতাংশ পর্যন্ত সহায়তা।
- অগ্রাধিকারপ্রাপ্ত শিল্পক্ষেত্রের কোনও প্রকল্প অগ্রাধিকারপ্রাপ্ত এলাকায় গড়ে উঠলে ১২০ শতাংশ পর্যন্ত সহায়তা।
শিল্প সংস্থাগুলির জন্য বিশেষ ছাড়-
- নেট SGST জমার ১০০ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ১০ বছরের জন্য ফেরত।
- বিদ্যুৎ শুল্কের ১০০ শতাংশ ফেরত।
- MSME শিল্পের ক্ষেত্রে যোগ্য মেয়াদি ঋণের সুদের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পাঁচ বছরের জন্য সুদে ভর্তুকি।
- MSME-তে পুরুষ কর্মীদের EPF-এর ৫০ শতাংশ এবং মহিলা ও রূপান্তরকামী কর্মীদের EPF-এর ১০০ শতাংশ পর্যন্ত ১০ বছরের জন্য সহায়তা।
- বৃহৎ ও কৌশলগত শিল্পে নিয়োগকর্তার EPF অবদানের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পাঁচ বছরের জন্য সহায়তা। অগ্রাধিকারপ্রাপ্ত এলাকায় অন্তত ২০০ জন এবং অন্যান্য এলাকায় অন্তত ৪০০ জন কর্মী নিয়োগের শর্ত রয়েছে।
- প্রথম যোগ্য জমি কেনা বা লিজ নেওয়ার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি-র ১০০ শতাংশ ফেরত।
- গবেষণা ও উন্নয়নে যোগ্য খরচের ৫০ শতাংশ পর্যন্ত সহায়তা। ১০০ শতাংশ রফতানিমুখী সংস্থার ক্ষেত্রে তা ৭৫ শতাংশ।
- MSME-র প্রযুক্তিগত উন্নয়নে যোগ্য খরচের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত সহায়তা।
কৌশলগত ও মেগা প্রকল্পের শর্ত-
নির্দিষ্ট তিনটি শর্তের মধ্যে অন্তত দুটি পূরণ করতে হবে-
- বিনিয়োগকারীর নিজস্ব উদ্যোগে জমি সংগ্রহ করলে স্থায়ী মূলধনী বিনিয়োগ ৫০০ কোটি টাকার বেশি হতে হবে।
- রাজ্য সরকার জমি বরাদ্দ করলে বিনিয়োগের পরিমাণ ১০০০ কোটি টাকার বেশি হতে হবে।
- প্রকল্পটি নির্দিষ্ট কৌশলগত শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত হতে হবে।
- প্রতি একর জমিতে অন্তত ৫০ জন প্রত্যক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
পুরনো শিল্পের সম্প্রসারণেও সুবিধা-
- পুরনো শিল্প সংস্থার সম্প্রসারণ বা বৈচিত্র্যকরণের ক্ষেত্রে স্থায়ী মূলধনী বিনিয়োগ অন্তত ২৫ শতাংশ বাড়াতে হবে।
- নতুন উৎপাদন পরিকাঠামো তৈরি করতে হবে।
- নির্দিষ্ট হারে প্রত্যক্ষ কর্মসংস্থানের শর্ত পূরণ করতে হবে।
অলাভজনক প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধা-
- অলাভজনক হাসপাতাল, মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় ও অনুরূপ প্রতিষ্ঠান বিনিয়োগের ভিত্তিতে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত সহায়তা পেতে পারে।
- অন্তত ২৫ শতাংশ পরিষেবা বা আসন সরকারের নির্ধারিত সুবিধাবঞ্চিত শ্রেণির জন্য সংরক্ষিত রাখতে হবে।
- এই শর্ত ১০ বছর বজায় রাখতে হবে।
- জমি সংক্রান্ত স্ট্যাম্প ডিউটিতে ৫০ শতাংশ ছাড়ের সংস্থান রাখা হয়েছে।
কর্মসংস্থানই সরকারের প্রধান লক্ষ্য-
এদিন তাপস রায় স্পষ্ট করে দেন, রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধিই লক্ষ্য। রাজ্যের বেকার যুবক-যুবতীদের কাজের সন্ধানে অন্য রাজ্য কিংবা বিদেশে চলে যেতে হচ্ছে। এই প্রবণতা আটকাতে চাইছে রাজ্য সরকার। রাজ্যের ছেলেমেয়েরা যাতে নিজের রাজ্যেই কাজের সুযোগ পান, সেই লক্ষ্যেই শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সরকারের বক্তব্য, নতুন বিনিয়োগ নীতির মাধ্যমে শিল্প সংস্থাগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি রাজ্যে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই প্রধান উদ্দেশ্য।
